সহেলি মিত্র, কলকাতাঃ ব্যাঙ্ক ধর্মঘটের আবহে আগাম বেতন (Advance Salary) দেওয়ার ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। চলতি মাসের শেষে টানা পাঁচ দিন ব্যাঙ্ক বন্ধ থাকতে পারে। ব্যাঙ্ক কর্মচারীরা (Bank Employees) ২৬শে সেপ্টেম্বর, অর্থাৎ চতুর্থ শনিবার, এবং ২৭শে সেপ্টেম্বর, রবিবার, এবং তার ঠিক পরেই ২৮শে থেকে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত টানা তিন দিন দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘটের (Bank Strike) ঘোষণা করেছেন। এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে, সরকার ঘোষণা করেছে যে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের সেপ্টেম্বর মাসের বেতন ও পেনশন নির্ধারিত তারিখ অর্থাৎ ২৫শে সেপ্টেম্বর, ২০২৬-এর আগেই তাদের অ্যাকাউন্টে জমা করা হবে।
আগাম বেতন দেওয়ার ঘোষণা কেন্দ্রের
অর্থ মন্ত্রক (Finance Ministry) এই মর্মে একটি মেমোরেন্ডাম জারি করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, কেন্দ্রীয় সরকার সকল নিয়মিত কর্মচারী এবং প্রতিরক্ষা, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কর্মচারী ও পেনশনভোগীদের নির্ধারিত সময়ের আগেই বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মরত শিল্প শ্রমিকদের মজুরিও ২৫শে সেপ্টেম্বর অগ্রিম দেওয়া হবে।
আরও পড়ুনঃ জনস্বার্থ মামলা করছেন? এবার হবে ১০ লক্ষ টাকা জরিমানা! হুঁশিয়ারি কলকাতা হাইকোর্টের
ধর্মঘটের সময় দেশজুড়ে লক্ষ লক্ষ বয়স্ক পেনশনভোগী যাতে আর্থিক দুর্ভোগের সম্মুখীন না হন, তা নিশ্চিত করতে ব্যাঙ্ক এবং পে অ্যান্ড অ্যাকাউন্ট অফিসগুলোকে (পিএও) ২৫ তারিখেই পেনশন প্রদান করতে বলা হয়েছে। অর্থ মন্ত্রকের নির্দেশ অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর তারিখে দেওয়া এই অর্থকে কার্যত ‘অগ্রিম প্রদান’ হিসেবে গণ্য করা হবে। মাসের সম্পূর্ণ বেতন ও ভাতার চূড়ান্ত হিসাবের পর, কোনো কর্মচারীর বেতনে কোনো কর্তন বা সমন্বয় করা হলে, তা কোনোরকম ছাড় ছাড়াই অক্টোবর ২০২৬-এর বেতনের সাথে সমন্বয় করা হবে।
Ministry of Finance has decided that the salary/wages and pension for September 2026 may be disbursed on 25 September 2026 (Friday) in view of the proposed three-day nationwide bank strike from 28–30 September 2026.
The measure covers Central Government employees and pensioners,… pic.twitter.com/yhxfKBVvdn
— Central Secretariat Service Forum (@CSSforum_) September 23, 2026
খুশি কর্মীরাও
এদিকে উৎসবের আবহে সরকারের তরফে এই অগ্রিম বেতন দেওয়ার সিদ্ধান্তে বেজায় খুশি হয়েছেন কর্মচারীরা। সেপ্টেম্বরের শেষ সপ্তাহটি চলতি অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকের (Q2) হিসাব বন্ধের সময়ও বটে। ধর্মঘটের কারণে যাতে সরকারি রাজস্ব, কর চালান এবং অন্যান্য জরুরি লেনদেন ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে অন্যান্য আর্থিক প্রক্রিয়াগুলোও ২৫ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।










