অবশেষে EPFO পাসবুক পোর্টাল চালু, চেক করুন সুদ ঢুকল কিনা

Published:

সহেলি মিত্র, কলকাতা: সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু হল EPFO -র বিশেষ পরিষেবা। দীর্ঘ প্রায় দুই সপ্তাহ বন্ধ থাকার পর ইপিএফও পাসবুক (EPFO Passbook Portal) পোর্টাল -টি পুনরায় চালু হয়েছে। আপনি এখন লগ ইন করে আপনার পিএফ অ্যাকাউন্টের (PF Account) ব্যালেন্স দেখার পাশাপাশি লেনদেন এবং সুদ ক্রেডিট হল কিনা তা অনায়াসেও দেখতে পারবেন। আপনি যদি আপনার অ্যাকাউন্টে সুদ জমা হওয়ার অপেক্ষায় ঠায়ে অপেক্ষা করে থাকেন, তবে আপনার পাসবুকটি এখনই দেখতে পারেন।

অবশেষে চালু হল EPFO পাসবুক পোর্টাল

জানা গিয়েছে, ডাটাবেস ইন্টিগ্রেশন এবং সফটওয়্যার আপগ্রেডের কারণে ইপিএফও সাময়িকভাবে অনলাইন পরিষেবা স্থগিত করেছিল। এখন পাসবুক পোর্টালটি চালু হওয়ায়, যে কোনো ইপিএফও সদস্য সমস্ত পরিষেবা গ্রহণ করতে পারবেন। তবে, কিছু পুরোনো এন্ট্রি এবং রিকোয়েস্ট আপডেট হতে এখনও কিছুটা সময় লাগতে পারে।

পোর্টালে কী কী পরিবর্তন হয়েছে?

পোর্টালে হয়তো আপনার নতুন কিছু মনে হবে। প্রায় দুই সপ্তাহ পর ইপিএফও পাসবুক পোর্টালটি পুনরায় চালু করা হয়েছে। সদস্যরা এখন তাদের ইউএএন (UAN) ব্যবহার করে লগ ইন করে নিজেদের পিএফ অ্যাকাউন্ট সম্পর্কিত সমস্ত আপডেট দেখতে পারবেন। সাম্প্রতিক একটি প্রক্রিয়ার ফলে চলতি অর্থবর্ষের লেনদেনগুলো এখন স্পষ্টভাবে দেখা যাচ্ছে। সরকারের তরফে আরও জানানো হয়েছে যে, আগামী কয়েক দিনের মধ্যে পূর্ববর্তী অর্থবর্ষগুলোর তথ্যও আপডেট করা হবে।

এখন সকলের প্রশ্ন, সরকার কবে ৮.২৫% অ্যাকাউন্টে দেবে? ইপিএফও ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য ৮.২৫% বার্ষিক সুদ নির্ধারণ করেছে। আশা করা হচ্ছে, আপনাদের অ্যাকাউন্টে সুদের টাকা জমা দেওয়ার প্রক্রিয়া আগামী ১৫ই জুলাই থেকে শুরু হবে। সুদ জমা হয়ে যাওয়ার পর, আপনি আপনার পাসবুকে এর বিস্তারিত বিবরণ দেখতে পাবেন। তবে, প্রক্রিয়াটি সম্পন্ন হতে কিছুটা সময় লাগতে পারে। এদিকে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্য সম্প্রতি জানিয়েছেন যে ১৫ জুলাই থেকে সকলের অ্যাকাউন্টে সুদের টাকা ক্রেডিট হতে শুরু করবে। এছাড়াও এখন EPFO ​​ওয়েবসাইটের মাধ্যমে UAN সক্রিয় করা যায় না। আপনি শুধুমাত্র UMANG অ্যাপের মাধ্যমেই UAN সক্রিয় করতে পারবেন। এর জন্য আধার ভিত্তিক মুখ শনাক্তকরণ প্রযুক্তি (FAT) ব্যবহার করা হবে।