সহেলি মিত্র, কলকাতাঃ পোয়া বারো হল রাজ্য সরকারি কর্মীদের। ৫ শতাংশ অবধি মহার্ঘ্য ভাতা (Dearness allowance) বৃদ্ধি করল মধ্যপ্রদেশ সরকার। এপ্রিল থেকে বাড়বে বেতন, মিলবে বকেয়া টাকাও। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। রাজ্য সরকারের এহেন সিদ্ধান্তে বেজায় খুশি কর্মচারীরা। জানা গিয়েছে, ষষ্ঠ বেতন পে কমিশনের আওত্তায় ডিএ বৃদ্ধি করেছে সরকার। চলুন বিশদে জেনে নেবেন।
৫% DA বৃদ্ধি করল সরকার
না বাংলার নয়, বিজেপি শাসিত মধ্যপ্রদেশ সরকার ষষ্ঠ বেতন কমিশনের আওতায় থাকা প্রায় ৪০,০০০ কর্মচারী ও কর্মকর্তাকে স্বস্তি দিয়েছে। সরকার তাদের মহার্ঘ ভাতা (ডিএ) ৫ শতাংশ বাড়ানোর ঘোষণা করেছে। রাজ্য অর্থ দফতর বুধবার এ বিষয়ে আদেশ জারি করেছে। সরকারের এই বর্ধিত ভাতা ২০২৬ সালের এপ্রিল মাসের বেতন থেকে কার্যকর হবে। এর ফলে কর্মচারীদের এপ্রিল মাসের বেতন বাড়বে, কারণ এতে বর্ধিত ডিএ অন্তর্ভুক্ত হবে।
বকেয়া মেটানোর আশ্বাস সরকারের
সরকার ১ জুলাই, ২০২৫ থেকে মহার্ঘ ভাতার (ডিএ) সুবিধা প্রদান করবে। এর ফলে, সরকার জুলাই ২০২৫ থেকে এপ্রিল ২০২৬ পর্যন্ত মাসগুলোর বকেয়া পরিশোধ করবে। অর্থাৎ অ্যাকাউন্টে ঢুকবে ৮ মাসের বকেয়া। বকেয়া পরিশোধের বিষয়ে সরকার স্পষ্ট করেছে যে, কর্মচারীদের বকেয়া অর্থ ছয়টি কিস্তিতে প্রদান করা হবে। রাজ্য সরকার ইতিমধ্যে সপ্তম বেতন স্কেল প্রাপ্ত কর্মচারীদের মহার্ঘ ভাতা ৩ শতাংশ বৃদ্ধি করে। যার ফলে এখন সকলের মোট ডিএ ৫৮ শতাংশে এসে দাঁড়িয়েছে।
আরও পড়ুনঃ ১৩০ কিমি বেগে ছুটবে ট্রেন, হাওড়া-শিয়ালদা রুটের এই সেকশনে ট্র্যাকের স্পিড বাড়াল রেল
পেনশনভোগীদের জন্যেও রয়েছে সুখবর। সরকার জানিয়েছে, তাদের বকেয়া অর্থ এককালীন পরিশোধ করা হবে, যা তাদের তাৎক্ষণিক আর্থিক সুবিধা দেবে। যে সকল কর্মচারী ১ জুলাই, ২০২৫ থেকে ৩১ মার্চ, ২০২৬-এর মধ্যে অবসর গ্রহণ করেছেন বা মারা গেছেন, তারা অথবা তাদের মনোনীত কোনো পরিবারের সদস্য সম্পূর্ণ বকেয়া অর্থ পাবেন। সরকারের এই সিদ্ধান্তে হাজার হাজার কর্মচারী ও পেনশনভোগী উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।










