সৌভিক মুখার্জী, কলকাতা: ধারাবাহিক পতনের পর অবশেষে ডলারের বিপরীতে ঘুরে দাঁড়াল ভারতীয় রুপি (Indian Rupee)। একেবারে রেকর্ড ৯৭ এর স্তরে গিয়ে ঠেকেছিল টাকা। বৈশ্বিক অর্থনৈতিক বাজারের অস্থিরতা এবং দিনের পর দিন অপরিশোধিত তেলের দামের ঊর্ধ্বগতির জেরে লাগামছাড়া কমছিল টাকার দাম। অবশেষে শুক্রবার ডলারের বিপরীতে অনেকটাই শক্তি ফিরে পেয়েছে রুপি। ভারতীয় রিজার্ভ ব্যাংকের সম্ভাব্য হস্তক্ষেপের পর আজ সকালে লেনদেনের শুরুতেই ডলারের বিপরীতে ২৩ পয়সা বেড়ে ৯৬.৬৫ টাকায় দাঁড়িয়েছে রুপির রেট।
শক্তি দেখাল ভারতীয় রুপি
এদিন আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রার বাজারে ভারতীয় রুপি ৯৬.৭৪-তে খোলে। তবে তারপর কিছুটা বেড়ে ৯৬.৬৫-তে গিয়ে পৌঁছয়, যা আগের দিনের বন্ধের দরের তুলনায় ২৩ পয়সা বৃদ্ধি। উল্লেখ্য, বৃহস্পতিবার মার্কিন ডলারের বিপরীতে রুপির দর ১৩ পয়সা কমে দিন শেষে দাঁড়ায় ৯৬.৮৮-তে। এ বিষয়ে ফরেক্স ব্যবসায়ীরা জানাচ্ছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের ওপর হামলা হবে বলে মন্তব্য করার পরেই ডলার ইনডেক্স ১০২ এবং ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১০৩.৩৯ ডলারে নেমে আসায় আজ সকালে ইতিবাচকতা নিয়ে বাজার খোলে রুপি।
পাশাপাশি ফিনরেক্স ট্রেজারি অ্যাডভাইজার এলএলপি’র ট্রেজারি প্রধান তথা নির্বাহী পরিচালক অনিল কুমার ভানসালি জানিয়েছেন, মার্কিন ডলার সূচকের ধারাবাহিক শক্তি, অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০৪ ডলারের উপরে পৌঁছনো এবং দেশীয় শেয়ার বাজার থেকে বিদেশি পোর্টফোলিওতে অবিরাম ডলারের বহির্গমন তেল বিপণনকারী সংস্থা আর আমদানিকারকদের মধ্যে চাহিদা বাড়িয়ে রেখেছে। সাময়িকভাবে টাকার দাম বাড়লেও তা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা খুবই কম।
আরও পড়ুন: এই ৫ কারণে অক্টোবরে মিলবে না অন্নপূর্ণা যোজনার ৩০০০, বাদ পড়বেন কারা?
প্রসঙ্গত, আজ দেশীয় শেয়ার বাজারে সেনসেক্স ২৯২ পয়েন্ট বেড়ে ৭১,৮৭৬.১০ পয়েন্টে পৌঁছেছে। অন্যদিকে নিফটি ৮৪.৬০ পয়েন্ট বেড়ে ২২,৩১০.৪০ পর্যন্ত লেনদেন হয়েছে। এক্সচেঞ্জের দেওয়া তথ্য অনুযায়ী, বিনিয়োগকারীরা বৃহস্পতিবার মোট ১২,৯৪৩.৫৮ কোটি রুপির শেয়ার বিক্রি করেছে। যদিও টাকার দাম ঘুরে দাঁড়ানোর পেছনে রিজার্ভ ব্যাংকের অবদানই সবচেয়ে বেশি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ, দীর্ঘ প্রায়ই চার বছর পর রেপো রেট বাড়িয়েছে আরবিআই।










