অনন্যা সরকার, কলকাতা: বেশিরভাগ মানুষই নিজেদের সঞ্চিত অর্থ এমন জায়গায় বিনিয়োগ করতে চান, যেখানে টাকা খোয়ানোর ঝুঁকি নেই এবং নির্ভরযোগ্য সুদ পাওয়া যায়। এর একটি ভালো বিকল্প হল ফিক্সড ডিপোজিট। তবে যারা ব্যাংকে টাকা জমা রাখতে চান না, তাদের জন্য পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিমটি (Post Office Time Deposit Scheme) উপযুক্ত হতে পারে। এই স্কিমে ১ থেকে ৫ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে বিনিয়োগ করা যায়, যা থেকে উল্লেখযোগ্য পরিমাণে রিটার্ন মেলে।
টাইম ডিপোজিট স্কিমে কোন মেয়াদে কত সুদ পাওয়া যায়?
ভারতীয় ডাক বিভাগ (India Post) তাদের এই স্কিমে প্রতিটি মেয়াদের জন্য ভিন্ন ভিন্ন সুদের হার অফার করে। ১ বছরের টাইম ডিপোজিটে ৬.৯%, ২ বছরের মেয়াদে ৭.০%, ৩ বছরের টিডি-তে ৭.১% এবং ৫-বছরের জন্য বিনিয়োগ করলে সর্বোচ্চ ৭.৫% সুদ পাওয়া যায়। এই স্কিমের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর সুদ প্রতি ত্রৈমাসিক অন্তর গণনা করা হয় এবং বার্ষিকভাবে প্রদান করা হয়। এই নিয়মটি ব্যাংকের এফডি-র ক্ষেত্রে প্রযোজ্য নয়। ব্যাঙ্কগুলি রেজাল্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)-এর রেপো রেটের ওপর ভিত্তি করে তাদের এফডি-র সুদের হার নির্ধারণ করে।
আরও পড়ুন: চিহ্নিত হবে শংসাপত্রহীন মাধ্যমিক, উচ্চমাধ্যমিক স্কুল! কড়া নির্দেশ শিক্ষা দফতরের
পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিমে মাত্র ১,০০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করা যেতে পারে এবং বিনিয়োগের কোনো সর্বোচ্চ সীমা নেই। যদি কেউ এই প্রকল্পে ৫ বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে তাকে আয়কর আইনের ৮০সি ধারার অধীনে করে ছাড় দেওয়া হয়। এই প্রকল্পের আরেকটি ভালো বৈশিষ্ট্য হল, মেয়াদপূর্তির পরেও গ্রাহকরা চাইলে মেয়াদ বাড়াতে পারেন। ১ বছরের মেয়াদকে আরও ৬ মাস, ২ বছরের মেয়াদে যোগ করা যায় আরও ১২ মাস এবং ৩ বা ৫ বছরের মেয়াদ পূর্ণ হলে আরও ১৮ মাস পর্যন্ত বাড়ানো যেতে পারে। সিঙ্গেল এবং জয়েন্ট – দুই ধরনের অ্যাকাউন্টই খোলা যায় এই স্কিমের অধীনে।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ! ২ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আজকের আবহাওয়া
৫ লক্ষ টাকার টাইম ডিপোজিটে কত টাকা আয় করা যায়
যদি আপনি পোস্ট অফিসের ১ বছরের টাইম ডিপোজিটে ৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে আপনি শুধু সুদ বাবদই প্রায় ৩৩,৩০১ টাকা আয় করবেন। যদি আপনি ৩ বছরের টাইম ডিপোজিটে বিনিয়োগ করেন, তাহলে ৫ লক্ষ টাকার সুদ বাবদ প্রায় ১,১৭,৫৩৮ টাকা পাবেন। আর যদি এই প্রকল্পে ৫ বছরের মেয়াদে বিনিয়োগ করে থাকেন, তাহলে ৫ লক্ষ টাকা বেড়ে প্রায় ৭,২৪,৯৭৪ টাকা হবে, অর্থাৎ আপনি ২,২৪,৯৭৪ টাকা সুদ পাবেন।










