ডলারের বিপরীতে রেকর্ড পতন টাকার, দেখুন আজকের রেট

Published:

Indian Rupee

সৌভিক মুখার্জী, কলকাতা: গোটা বিশ্বের রাজনীতির অস্থিরতা আর তেলের বাজারের অনিশ্চয়তার মধ্যে ভারতীয় টাকা (Indian Rupee) আবারও মুখ থুবড়ে পড়ল। একদিকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জ্বালানি বাঁচাতে বিভিন্ন পদক্ষেপের কথা বলছেন। অন্যদিকে মঙ্গলবার বৈদেশিক মুদ্রার বিনিময় বাজারে লেনদেন শুরু হতেই মার্কিন ডলারের (United States Dollar) বিপরীতে টাকার দাম ৩৫ পয়সা কমে ৯৫.৬৩ টাকায় গিয়ে দাঁড়াল। আর ভারতীয় মুদ্রার ইতিহাসে এটি এখনও পর্যন্ত সর্বনিম্ন স্তর।

কেন এই রেকর্ড পতন?

বিশেষজ্ঞরা বলছেন, টাকার এই করুণ অবস্থার পেছনে সবথেকে বড় যে কারণ কাজ করছে তা হল আমেরিকা এবং ইরানের মধ্যে আরও ক্রমবর্ধমান উত্তেজনা। কারণ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দেওয়া শাস্তি প্রস্তাবকে আবর্জনা বলেই প্রত্যাখ্যান করে দিয়েছেন। যার ফলে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির আশা এখন কার্যত ফিকে হওয়ার অবস্থা। সেই কারণে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম একধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে।

হ্যাঁ, প্রেসিডেন্ট ট্রাম্পের অনড় অবস্থানের কারণে গোটা বিশ্ব বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ০.৮৫ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি এবার ১০৫.১০ ডলারে দাঁড়িয়েছে। আর যেহেতু ভারত তার প্রয়োজনের প্রায় ৮৫% তেল বিশ্ব বাজার থেকে আমদানি করে থাকে, তাই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে দেশের মুদ্রার উপরে যে চাপ সৃষ্টি হবে তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন: পেনশন প্রাপকদের সুখবর শোনাল রেল

শেয়ারবাজারে বিরাট পতন

এদিকে টাকার দাম কমে যাওয়ায় দেশের শেয়ারবাজারেও বিরাট পতন দেখা যায়। একেবারে বাজার খুলতেই সব লাল সংকেত। সেমসেক্স লেনদেনের শুরুতেই ৫২৫.৪৪ পড়ে ৭৫,৪৮৯.৮৪ নেমে এসেছে। পাশাপাশি নিফটি ১৬৪.৫ পয়েন্ট পড়ে দাঁড়িয়েছে ২৩,৬৯১.৩৫-এ। এছাড়াও বিদেশী বিনিয়োগকারীরা ভারতীয় বাজার থেকে বিপুল পরিমাণ অর্থ তুলে নিচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তবে একদিকে ভারতের মুদ্রার পতন হচ্ছে, অন্যদিকে আবার বিশ্ববাজরে মার্কিন ডলারের শক্তি দিনের পর দিন বাড়ছে। আর ছয়টি প্রধান মুদ্রার বিপরীতে ডলারের সূচক এখন ০.৯ শতাংশ বেড়ে ৯৮.১৪ তে পৌঁছে গিয়েছে। পাশাপাশি ডলার শক্তিশালী হওয়া মানেই রুপির মতো বিকাশমান দেশগুলির মুদ্রার দাম কমে যাওয়া। ফলে দেশের অর্থনীতির উপর যে চাপ সৃষ্টি হবে তা বলার অপেক্ষা রাখে না।