দেড় টন এসি রোজ ৮ ঘণ্টা চালালে বিদ্যুতের বিল কত আসবে? দেখুন হিসাব

Published:

Air Conditioning

সৌভিক মুখার্জী, কলকাতা: আবারও ভ্যাঁপসা গরমে (Summer) নাজেহাল গোটা দেশবাসী। এসি (Air Conditioning) ছাড়া ঘরে টেকাই দুষ্কর। ফ্যানের হাওয়া গুমোট গরম। তবে মাস শেষে বিদ্যুতের বিল দেখে অনেকের চক্ষু চড়কগাছে উঠছে। আসলে এসির বিল কত আসবে তা মূলত রেটিং আর সেটি ইনভার্টার নাকি নন ইনভার্টার প্রযুক্তি এবং আপনি কত ডিগ্রি তাপমাত্রায় এসি চালাচ্ছেন, তার উপরে নির্ভর করে। তবে আপনি যদি দেড় টনের এসি রোজ ৬ থেকে ৮ ঘণ্টা চালান, তাহলে কত টাকা বিদ্যুতের বিল আসতে পারে?

ঘণ্টায় কত ইউনিট বিদ্যুৎ খরচ করে এসি?

আসলে একটি দেড় টনের এসি প্রতি ঘণ্টায় গড়ে ১.৫ থেকে ১.৭ ইউনিট বিদ্যুৎ খরচ করে থাকে। কিন্তু ঘরের ভেতরের তাপমাত্রা আর বাইরের গরমের উপর ভিত্তি করে এই খরচের কিছুটা তারতম্য ঘটে। ধরুন, যদি গড়ে প্রতি ঘণ্টায় ১.৫ ইউনিট বিদ্যুৎ খরচ হয়, তাহলে দিনে ৮ ঘণ্টা এসি চালালে আনুমানিক ১২ থেকে ১৪ ইউনিট বিদ্যুৎ খরচ হবে। সেক্ষেত্রে একই নিয়মে যদি টানা ৩০ দিন রোজ ৮ ঘণ্টা করে আপনি এসি চালান, তাহলে মাসিক ৩৬০ থেকে ৪০৮ ইউনিট বিদ্যুৎ খরচ হবে।

এবার আপনার এলাকায় প্রতি ইউনিট বিদ্যুতের দাম কত তার উপর ভিত্তি করেই আপনার বিদ্যুতের বিল আসবে। সেক্ষেত্রে যদি ইউনিটের দাম ৭ টাকা হয়, তাহলে এসির ক্ষেত্রে আপনার মাসিক বিদ্যুতের বিল আসতে পারে মোটামুটি ২৫২০ টাকা থেকে ২৫৫৬ টাকা। আর যদি ইউনিটের দাম ৮ টাকা ধরা হয়, তাহলে সেই খরচের পরিমাণ বেড়ে ২৮০০ টাকা থেকে ৩২৬৪ টাকা পর্যন্ত দাঁড়াতে পারে।

আরও পড়ুন: থার, স্করপিওর পর এবার নতুন রূপে SUV আনছে Mahindra! কত হতে পারে দাম?

এই ট্রিক্স খাটালেই কম আসবে বিল

তবে সাধারণ নিয়ম মেনে যদি এসি চালান, তাহলে বিল অনেকটাই কম আসবে। প্রথমত, এসি সব সময় ২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চালানোর চেষ্টা করুন। কারণ, এই তাপমাত্রা মানবদেহের জন্য যেরকম আরামদায়ক, ঠিক তেমনই এতে কম্প্রেসারের উপর চাপ কম পড়ে এবং বিদ্যুৎ খরচ কম হয়। দ্বিতীয়ত, নন ইনভার্টার এসির তুলনায় ইনভার্টার টেকনোলজি এসি ব্যবহার করলে প্রায় ৩০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ খরচ বাঁচানো যায়। আর সবথেকে বড় ব্যাপার, এসি চালানোর সময় ঘরের দরজা জানলা অবশ্যই বন্ধ রাখার চেষ্টা করুন। আর জানলায় ভারী পর্দা ব্যবহার করার চেষ্টা করুন। এতে বাইরের রোদ ঘরের ভেতরে প্রবেশ করতে পারবে না, এবং ঘরের তাপমাত্রা ঠিকঠাক থাকবে।