রাত ১২টা থেকে সকাল ৬টা অবধি বন্ধ থাকবে ফেসবুক, ইনস্টাগ্রাম! বড় সিদ্ধান্ত Meta-র

Published:

Meta

সৌভিক মুখার্জী, কলকাতা: বাচ্চা থেকে বয়স্ক, এখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সবাই। এমনকি মধ্যরাত পর্যন্ত জেগে ফেসবুক, ইনস্টাগ্রাম স্ক্রল করার অভ্যাস রয়েছে সকলের। তবে এবার ইনস্টাগ্রাম এবং ফেসবুক রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত বন্ধ রাখা হতে পারে। এমনটাই জানাচ্ছে মেটা (Meta)। এর পাশাপাশি রাতে এবং স্কুল চলাকালীন নোটিফিকেশন কমিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছে। এই ভাবনার পরীক্ষামূলক প্রয়োগ ইতিমধ্যেই চালু করেছে মেটা।

রাতে ৬ ঘণ্টা বন্ধ থাকবে ফেসবুক ও ইনস্টাগ্রাম?

বর্তমানে বাচ্চাদের মধ্যে সোশ্যাল মিডিয়ার নেশা দিনের পর দিন বাড়ছে। এমনকি এর কারণে তাঁদের পড়াশোনার উপরেই নেতিবাচক প্রভাব পড়ছে। তাই অপ্রাপ্তবয়স্কদের সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখার জন্যই এবার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে ফেসবুকের নিয়ন্ত্রণাধীন সংস্থা মেটা। এবার থেকে ব্যবহারকারীদের জন্য কসমেটিক সার্জারি ফিল্টার নিষিদ্ধ করা হবে, তার পাশাপাশি বয়স যাচাই করা হবে বলেও জানিয়েছে সংস্থা। এমনকি অপ্রাপ্তবয়স্কদের জন্য ফিড সম্পূর্ণ বদলে দেওয়া হবে। এছাড়াও শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য সারাদিনে মাত্র ২ ঘণ্টার ডিফল্ট সময়সীমা বেঁধে দেওয়া হবে।

আসলে ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলরা মেটার বিরুদ্ধে মামলা করেছিলেন। তাঁদের অভিযোগ ছিল, কোম্পানি ফেসবুক এবং ইনস্টাগ্রামে এমন কিছু ফিচার নিয়ে এসেছে, যা শিশু বা অপ্রাপ্তবয়স্কদের দিনের পর দিন আকৃষ্ট করছে এবং তাঁদের পড়াশোনার উপরেই প্রভাব পড়ছে। তাঁদের আরও যুক্তি ছিল, এটি শিশুদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। তাই জনসাধারণ এবং অভিভাবকদের বিভ্রান্ত করার জন্য কোম্পানির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। সেই মামলার শুনানি হয় ২০২৬-এ। তবে আদালত এখনও চূড়ান্ত অনুমোদন দেয়নি।

আরও পড়ুন: রাখি বন্ধনের দিনই বছরের শেষ চন্দ্রগ্রহণ, জেনে নিন সময়সূচি ও নিয়মকানুন

এই প্রেক্ষাপটে মেটা সম্ভাব্য কিছু পরিবর্তন আনতে পারে এবার সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে। প্রথমত, ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য দিনে ২ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হবে। তার বাইরে অভিভাবকদের অনুমতি নিতে হবে। দ্বিতীয়ত, রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত ফেসবুক এবং ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে না। তৃতীয়ত, সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নোটিফিকেশন ডিফল্টভাবে মিউট রাখা হবে। কিন্তু গুরুত্বপূর্ণ মেসেজগুলি দেখানো হবে। এমনকি অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের বারবার রিমাইন্ডার দেখানো হবে। তবে মেটার দাবি, এই ব্যবস্থা ইউটিউব বা টিকটকের মতো প্ল্যাটফর্মগুলোর ক্ষেত্রেও নেওয়া উচিত।