কৃষি যন্ত্রপাতিতে মিলবে ৫০% ভর্তুকি, কৃষকদের জন্য বড় পদক্ষেপ সরকারের

Published:

Agricultural Machinery Subsidy

অনন্যা সরকার, কলকাতা: রাজ্যের কৃষকদের (Farmers) জন্য পূজোর আগেই বিশেষ ঘোষণা সরকারের। কৃষিকাজকে আরও লাভজনক ও প্রযুক্তি-নির্ভর করে তোলার উদ্দেশ্যে সরকার কৃষি যন্ত্রপাতি কেনার (Agricultural Machinery) ক্ষেত্রে ভর্তুকি প্রকল্প চালু করেছে। আধুনিক কৃষি যন্ত্রপাতি কেনা ও যন্ত্রপাতি ভাড়ার কেন্দ্র বা রেন্টাল সেন্টার স্থাপনের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটির লক্ষ্য হলো ৫০০টি রেন্টাল সেন্টার ও ১,০৮৫টি কৃষি যন্ত্রপাতির ব্যাংক বা হাব গড়ে তোলা এবং ১০০টি আধুনিক কৃষি ড্রোন বিতরণের মাধ্যমে প্রায় ৬৭,৫৮৫ জন কৃষককে সহায়তা করা।

কৃষি যন্ত্রপাতিতে ৫০% পর্যন্ত ভর্তুকি দেবে সরকার 

রাজ্যের কৃষি দফতর ঘোষণা করেছে যে, বড় কৃষি যন্ত্রপাতি কেনার জন্য আর্থিক সহায়তা প্রকল্পের আওতায় কৃষকরা বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি কিনতে পারবেন। যোগ্য যন্ত্রপাতির তালিকায় রয়েছে পাওয়ার রিপার, পাওয়ার স্প্রেয়ার, পাওয়ার টিলার, পাওয়ার উইডার, মিনি-মিল, পাম্প সেট, ট্রাক্টর-চালিত বহু-শস্য মাড়াই যন্ত্র, রোটাভেটর, ইঞ্জিন-চালিত, এবং মুড়ি তৈরির মেশিন। তবে, নির্দিষ্ট কোনো যন্ত্রের ক্ষেত্রে কেবল একটি ইউনিটই কেনা যাবে। এই যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে সরকার ৫০% ভর্তুকি প্রদান করবে, আর সৌরচালিত পাম্প সেটে মিলবে ৬০% ভর্তুকি। এই ভর্তুকির সর্বোচ্চ সীমা ৩ লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে।

মেশিনারি ব্যাংক স্থাপনের জন্যও একটি আর্থিক সহায়তা প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের আওতায়, ৩০ লক্ষ টাকা পর্যন্ত ব্যয়ে তৈরি প্রজেক্টগুলোর জন্য সরকার ৮০% অনুদান প্রদান করবে। এর চেয়ে বেশি ব্যয়ের প্রকল্পও অনুমোদন পেতে পারে, তবে সেক্ষেত্রে সর্বোচ্চ ভর্তুকির পরিমাণ হবে ২৪ লক্ষ টাকা।  ‘কৃষক বন্ধু (নতুন)’ বা ‘পিএম কিষাণ সম্মান নিধি (PM Kisan Samman Nidhi) প্রকল্পের অধীনে থাকা কৃষক এবং সরকারিভাবে অনুমোদিত কৃষক গোষ্ঠীগুলি (অন্তত এক বছর বয়সের) ১০ লক্ষ টাকা পর্যন্ত ব্যয়ের প্রকল্পের জন্য আবেদন করতে পারবে।   তবে ১০ লক্ষ টাকার বেশি ব্যয়ের প্রকল্পের ক্ষেত্রে শুধুমাত্র সরকারিভাবে অনুমোদিত কৃষক গোষ্ঠীগুলিই আবেদন করতে পারবে।

আরও পড়ুন: মহালয়ার ইডেনের অনুষ্ঠানে থাকছেন না মোদি-শাহ, অনুষ্ঠানে বদল আনছে সরকার

আবেদন করার যোগ্যতা?

কৃষক বন্ধু (নতুন) বা পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের অধীনে নিবন্ধিত সব কৃষিজীবী, সরকারিভাবে স্বীকৃত কৃষক গোষ্ঠী এবং কৃষি সমবায় সমিতি বা স্বনির্ভর গোষ্ঠী। আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৭০ বছরের মধ্যে হতে হবে। সরকারি বা সরকারি মালিকানাধীন সংস্থায় কর্মরত বা অবসরপ্রাপ্ত কর্মীরা আবেদন করতে পারবেন না। এছাড়া, পাওয়ার টিলার এবং সোলার পাম্প সেটের জন্য আবেদন করার ক্ষেত্রে, কৃষকদের অন্তত ০.৫ একর কৃষি জমির ‘পর্চা’ (জমির স্বত্বলিপি) থাকতে হবে।

কী কী নথি লাগবে? কীভাবে আবেদন করবেন?

এই সরকারি প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারীকে ভোটার আইডি কার্ড, ব্যক্তিগত সচল মোবাইল নম্বর, আধার কার্ড, আধার-সংযুক্ত ডিবিটি (DBT) লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্টের পাসবুক, ‘পিএম কিষাণ সম্মান নিধি’ বা ‘কৃষক বন্ধু (নতুন)’ প্রকল্পের রেজিস্ট্রেশন নম্বর, জমির রেকর্ড বা ‘পর্চা’ এবং পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন সাম্প্রতিক ছবি জমা দিতে হবে।

কৃষি যন্ত্রপাতিতে ভর্তুকির জন্য আবেদন করতে ৬ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত https://wbfms.wb.gov.in প্ল্যাটফর্মে অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করার পর, এই আবেদনপত্রের প্রিন্ট করা কপি এবং সমস্ত প্রয়োজনীয় নথিপত্র কৃষি আধিকারিকের (Agriculture Officer) অফিসে জমা দিতে হবে।

google button