১৬ আগস্টের মধ্যে কীভাবে করবেন গ্যাসের eKYC? জানুন প্রসেস ও কী কী ডকুমেন্ট লাগবে

Published:

LPG eKYC

সৌভিক মুখার্জী, কলকাতা: কেন্দ্র সরকারের নতুন নির্দেশ, ১৬ আগস্টের মধ্যে মধ্যে রান্নার গ্যাসের ই-কেওয়াইসি (LPG eKYC) করতেই হবে। সে আপনার যে কোম্পানির গ্যাস থাকুক না কেন, ইন্ডেন হোক কিংবা ভারত গ্যাস বা এইচপি, প্রত্যেকেরই করতে হবে ই-কেওয়াইসি। এমনকি এই কাজ না করলে পরে তিনগুণ টাকা দিয়ে গ্যাস কিনতে হবে এমনই শোনা যাচ্ছে। কিন্তু অনেকেই বুঝতে পারছেন না, কীভাবে সহজে ই-কেওয়াইসি করবেন এবং কী কী ডকুমেন্ট দরকার পড়বে। বলে দিই, অনলাইন এবং অফলাইন, দু’ভাবেই চলছে ই-কেওয়াইসি। বিস্তারিত জানার জন্য পড়ুন প্রতিবেদনটি।

কেন দরকার গ্যাসের ই-কেওয়াইসি?

আসলে অনেক সময় দেখা যায়, একই উপভোক্তার নামে একাধিক গ্যাস কানেকশন রয়েছে। পাশাপাশি ভুয়ো ডকুমেন্ট দিয়ে অনেকে এলপিজি সংযোগ নিচ্ছে। তবে কেন্দ্রীয় সরকার সেই ব্যবস্থায় এবার স্বচ্ছতা বজায় রাখতে চাইছে। সেই কারণেই প্রতিটি গ্রাহকের আধারের তথ্য যাচাই করে ই-কেওয়াইসি করানো হচ্ছে। এমনকি একই নামে যদি একাধিক গ্যাস কিংবা ভুয়ো তথ্য দেওয়া থাকে, তাহলে ই-কেওয়াইসির মাধ্যমে তা অটোমেটিক বাতিল হয়ে যাবে। আর এই কাজ সম্পন্ন করার জন্য ডেডলাইন দেওয়া হয়েছে আগামী ১৬ আগস্ট।

অফলাইনে কীভাবে করবেন ই-কেওয়াইসি?

প্রথমেই যেমনটা বলা হল, অফলাইন এবং অনলাইন দু’ভাবেই চলছে ই-কেওয়াইসি। অফলাইনে এই কাজ করার জন্য নিকটবর্তী কোনও গ্যাস অফিসে যেতে হবে। তবে হ্যাঁ, আপনার যে কোম্পানির গ্যাস রয়েছে সেই অফিসেই হবে ই-কেওয়াইসি। এরপর সেখানে গিয়ে নিজের গ্যাস কানেকশনের পাসবুক এবং আধার কার্ড দেখাতে হবে। এরপর নিজের আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বর দিতে হবে। তারপর আপনার বায়োমেট্রিকের মাধ্যমে ই-কেওয়াইসি সম্পন্ন হবে।

কী কী ডকুমেন্ট লাগবে?

তবে অফলাইনে এই কাজ করার জন্য অবশ্যই নিজের আধার কার্ড, গ্যাস কানেকশনের পাসবুক, এলপিজির গ্রাহক নম্বর এবং আধার কার্ডের সঙ্গে লিংক থেকে মোবাইল নম্বর ও সেই মোবাইলটি নিয়ে যেতে হবে। এই ডকুমেন্টগুলি ছাড়া হবে না ই-কেওয়াইসি।

আরও পড়ুন: ১৭ আগস্ট থেকে এসব মহিলারা পাবেন না অন্নপূর্ণা যোজনা, কারা পাবে জানুন

অনলাইনে কীভাবে করবেন ই-কেওয়াইসি?

অনলাইনে ই-কেওয়াইসি করার জন্য আপনার কোনও ডকুমেন্টের প্রয়োজন পড়বে না। শুধুমাত্র যে নম্বরে গ্যাস কানেকশন রেজিস্টার্ড করা, সেই নম্বর এবং সেই ফোনটি দরকার পড়বে। তবে এক্ষেত্রে উল্লেখ্য, আপনার যে কোম্পানির গ্যাস কানেকশন রয়েছে, প্লে-স্টোর থেকে শুধুমাত্র সেই কোম্পানির অ্যাপটিকে ডাউনলোড করতে হবে। তারপর আপনাকে নিম্নলিখিত ধাপগুলি ফলো করতে হবে—

  • সংশ্লিষ্ট কোম্পানির অ্যাপ ওপেন করেই প্রথমে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে লগইন করতে হবে।
  • এরপর উপরের বাঁদিকে নিজের ফটো এবং গ্যাস কানেকশন যে নামে নেওয়া সেই নাম দেখাবে।
  • তারপর সার্চ অপশনে আপনাকে eKYC লিখে সার্চ করতে হবে। প্রত্যেকটি কোম্পানির অ্যাপের জন্যই এই নিয়ম একই।
  • এরপর টিকবক্সে ক্লিক করে পুনরায় eKYC অপশনটিতে ক্লিক করতে হবে।
  • এরপর আপনাকে ফেস স্ক্যান করার জন্য আধারের একটি অ্যাপ ইনস্টল করতে বলবে। সেই অ্যাপটিকে ইন্সটল করে আবারও আগের অ্যাপে ফিরতে হবে।
  • এরপর আপনি সেখানে ফেস স্ক্যানের একটি অপশন পাবেন। সেখানে ক্লিক করলে আধারের ওই অ্যাপটি খুলে আপনার ফেস স্ক্যান করা হবে। তবে হ্যাঁ, সঠিকভাবে ফেস স্ক্যান করতে হবে এবং চোখ ব্লিংক করতে হবে।
  • ফেস ভেরিফাই হয়ে গেলেই আপনার ই-কেওয়াইসি সম্পন্ন হবে এবং সামনে eKYC Completed লেখা দেখাবে।