সৌভিক মুখার্জী, কলকাতা: আরও বাড়ল দেশের খুচরা মুদ্রাস্ফীতি (Inflation)। জুন মাসের ৩.৩৮% থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪.৪৫%। বিগত ১৮ মাসের মধ্যে এটি সর্বোচ্চ। যদিও পূর্বাভাস ছিল ৪.৪০% এর মধ্যে। তবে দিনের পর দিন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ঊর্ধ্বগতির দিকে ঠেকায় মুদ্রাস্ফীতির গ্রাফও উপরের দিকে উঠছে। এমনকি জানলে অবাক হবেন, এ মাসে ভোক্তামূল্য সূচক হ্রাস পাওয়া সত্ত্বেও সামগ্রিক মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে।
বাড়ছে খাদ্য পণ্যের মূল্যস্ফীতি
পশ্চিম এশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই জিনিসপত্রের দাম দিনের পর দিন লাফিয়ে বাড়ছে। জুন মাসে খাদ্য পণ্যের মূল্যস্ফীতি যেখানে ৫.৩২% ছিল, সেখানে জুলাই মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ৫.৫২%। এমনকি খাদ্য ও পানীয় খাতের মূল্যস্ফীতি মাসভিত্তিক ৫.০৬% থেকে বেড়ে ৫.২৪%-এ গিয়ে দাঁড়িয়েছে। আসলে যুদ্ধের পর তেলের দাম রেকর্ড উচ্চতায় গিয়ে ঠেকেছে। বর্তমানে বিশ্ববাজারে অপরিশোধিত তেল বিক্রি হচ্ছে ব্যারেল প্রতি ৯০ ডলারের উপরে। যার ফলে ডলার বেশি ব্যয় হওয়ায় ভারতীয় মুদ্রার উপর চাপ পড়ছে। আর এটি মুদ্রাস্ফীতির সবচেয়ে বড় কারণ।
অন্যদিকে চলতি মাসে রেপো রেট অপরিবর্তিত রেখেছিল ভারতীয় রিজার্ভ ব্যাংক। যেখানে ২০২৫ এর ফেব্রুয়ারি মাসে এই রেট ছিল ৬.৫০%, সেখানে পণ্যের দাম কমতে থাকায় ধাপে ধাপে তা ৫.২৫%-এ নিয়ে আসা হয়। এমনকি বিগত বেশ কয়েক মাস অপরিবর্তিতই রাখা হচ্ছে রেপো রেট। এতে ঋণগ্রহীতা থেকে শুরু করে ব্যবসায়ীদের উপর সামগ্রিক চাপ কিছুটা কমেছে। কারণ, ঋণের উপর ইএমআই বৃদ্ধির যে আশঙ্কা ছিল তা কিছুটা হলেও মকুব হয়েছে।
আরও পড়ুন: TMCP-র প্রতিষ্ঠা দিবস পালন নিয়ে দড়ি টানাটানি, হাইকোর্টে দুই তৃণমূল, আর্জি মানলেন বিচারপতি
তবে এই মুদ্রাস্ফীতি আরবিআই কীভাবে সামাল দেবে তা ইতিমধ্যেই কিছু কার্যবিবরণী থেকে ইঙ্গিত মিলেছে। চলমান বছরের দ্বিতীয়ার্ধে রেপো রেট কিছুটা বাড়ানো হতে পারে বলেই অনুমান করা হচ্ছে। তবে তাতে মধ্যবিত্তদের উপর যে ঋণের বোঝা বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। এমনকি ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যের সরকার অনুদান দিতে শুরু করেছে, যাতে বাজারে টাকার জোগান বাড়ে। পাশাপাশি বর্তমানে বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যে সোনা, রুপোর দাম রেকর্ড স্পর্শ করছে। গতকালই কলকাতায় ২৪ ক্যারেট সোনা ১ লক্ষ ৬১ হাজার ছুঁয়েছিল, অন্যদিকে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছিল ১ লক্ষ ৫৪ হাজার টাকায়। তার পাশাপাশি রুপোর কেজি পৌঁছেছে প্রতি কেজিতে প্রায় আড়াই লাখ।










