অনন্যা সরকার, কলকাতা: সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের (Influencer) জন্য এবার বড় পদক্ষেপ নিতে চলেছে বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি (SEBI)। জানা গেছে আগামীদিনে মিউচুয়াল ফান্ড (Mutual Funds), শেয়ার বাজার (Share Market)-এর মতো অর্থ সংক্রান্ত বিজ্ঞাপনের (Financial Ad) ক্ষেত্রে ৫ লক্ষের বেশি ফলোয়ার থাকা ইনফ্লুয়েন্সারদেরও ক্রীড়া ও ফিল্ম জগতের তারকাদের (Celebrity) মতোই ধরা হবে।
সেবির নিয়মে ইনফ্লুয়েন্সারদের সেলিব্রেটি তকমা
রিপোর্ট অনুযায়ী, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI) জানিয়েছে যে, ভারতের আর্থিক বিজ্ঞাপনের জগতে ৫ লক্ষ ফলোয়ার থাকা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বা প্রভাবশালীদের সেলিব্রিটি হিসেবে গণ্য করা হবে। তারা চাইলেই অর্থ সংক্রান্ত বিজ্ঞাপনে থাকতে পারবেন। এক্ষেত্রে তাদের ক্রীড়া ও চলচ্চিত্র জগতের তারকাদের মতোই গুরুত্ব দেওয়া হবে।
সেবি তাদের প্রস্তাবিত কমন অ্যাডভার্টাইজমেন্ট কোড (CAC)-এ উল্লেখ করেছে যে, যদি কোনো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের যেকোনো একটি প্ল্যাটফর্মে পাঁচ লক্ষের বেশি ফলোয়ার থাকে, তাহলে তাকে ‘সেলিব্রিটি’ হিসেবে বিবেচনা করা হবে। ক্রীড়া ও বিনোদন জগতের তারকাদের জন্য যে বিজ্ঞাপনের নিয়ম প্রযোজ্য রয়েছে, ইনফ্লুয়েন্সাররাও সেই একই নিয়মের আওতায় আসবেন।
বেশ কিছুদিন ধরেই এই বিষয়টি নিয়ে জল্পনা চলছিল। গত ২৩ শে জুন এই নিয়ে সেবি একটি খসড়া প্রস্তাব সামনে এনেছে বলে জানা যায়। মিউচুয়াল ফান্ড, স্টক ব্রোকার, পোর্টফোলিও ম্যানেজার ও ইনভেসমেন্ট অ্যাডভাইজারদের নতুন নিয়ন্ত্রক সংস্থাদের বিজ্ঞাপনের নিয়মে কঠোরতা আনতে এই পদক্ষেপ নিয়েছে বাজার নিয়ন্ত্রক সংস্থাটি। যদিও, এক্ষেত্রে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে সংস্থাটি একটি ঘোষণা করেছে। সেবি জানিয়েছে যে, আগামী ১৪ই জুলাই পর্যন্ত এই বিষয়টি নিয়ে সাধারণ মানুষের থেকে মতামত চাওয়া হবে। এরপর আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
সেবির প্রস্তাব অনুযায়ী ‘সেলিব্রিটি’ হওয়ার যোগ্য ব্যক্তিরা হলেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ৫ লক্ষ ফলোয়ার থাকা ইনফ্লুয়েন্সার, অলিম্পিক, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমসের মতো আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করেছেন এমন আন্তর্জাতিক ক্রীড়াবিদ, টেলিভিশনের বিভিন্ন ধরনের রিয়েলিটি শো অন্তত একটি সিজন বা ১০ টি এপিসোড হোস্ট করা সঞ্চালক, টেলিভিশন বা ওটিটি প্ল্যাটফর্মের রিয়েলিটি শো-এর বিজয়ীজি রানার্স আপ বা বিভিন্ন রাউন্ডে পৌঁছনো প্রতিযোগীরা। তবে সবচেয়ে উল্লেখযোগ্য হল, সেবির তালিকায় মানুষের মতো বৈশিষ্ট্যযুক্ত ও দর্শকদের প্রভাবিত করতে সক্ষম এআই (AI) নির্মিত সেলেবরাও অন্তর্ভুক্ত রয়েছে।










