অর্ডার ক্যানসেল করলেই কাটবে চার্জ! উৎসবের আগেই নতুন নিয়ম ফ্লিপকার্ট, অ্যামাজনের

Published:

Online Shopping

সৌভিক মুখার্জী, কলকাতা: প্রতিনিয়ত অনলাইনে কেনাকাটা (Online Shopping) করেন? অ্যামাজন বা ফ্লিপকার্ট ব্যবহার করলে আপনার জন্য রইল বিরাট খবর। উৎসবের মরশুমের আগে এই দুই ই-কমার্স প্ল্যাটফর্ম তাদের প্ল্যাটফর্মে বিক্রেতাদের জন্য চার্জ আর জরিমানার নিয়মে বিরাট পরিবর্তন এনেছে। এবার থেকে অ্যামাজনে প্রোডাক্টের দামের সঙ্গেই অর্ডার বাতিলের চার্জ যুক্ত করা হচ্ছে। পাশাপাশি ফ্লিপকার্টে সময় মতো অর্ডার না পাঠানো বা বাতিল করার জন্য নির্দিষ্ট জরিমানা চালু করা হচ্ছে।

অর্ডার বাতিলের নিয়মে পরিবর্তন

সামনেই দুর্গাপুজো। অ্যামাজন থেকে শুরু করে ফ্লিপকার্ট, সব জায়গায় মিলবে ধামাকাদার অফার। এমনকি বড় বড় ছাড়ের কারণে এই দুই প্ল্যাটফর্মে প্রতিবারের মতো এবারও যে অর্ডারের পরিমাণ বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এবার থেকে সেলার অর্থাৎ বিক্রেতাদের সতর্ক থাকতে হবে। এই দুই কোম্পানির নতুন নিয়মের ফলে অর্ডার বাতিল করা বা সময় মতো পণ্য পাঠাতে ব্যর্থ হলে এবার থেকে অতিরিক্ত জরিমানা বা ফি আরোপ করা হবে। এমনকি এই নিয়ম ছোট কিংবা মাঝারি আকারের অনলাইন ব্যবসাগুলিকে প্রভাবিত করবে বলেই মনে করা হচ্ছে।

জানিয়ে রাখি, গত ১৭ আগস্ট থেকেই এই নিয়ম কার্যকর হয়েছে। সেক্ষেত্রে ১০,০০০ টাকার কম মূল্যের অর্ডারের ক্ষেত্রে ১০ শতাংশ ক্যানসেল ফি প্রযোজ্য হবে। ১০,০০১ টাকা থেকে ৫০ হাজার টাকা মূল্যের কেনাকাটার ক্ষেত্রে ক্যানসেলের জন্য ৮ শতাংশ ফি প্রযোজ্য হবে। অন্যদিকে ৫০,০০১ টাকা থেকে ১ লক্ষ টাকা মূল্যের অর্ডারের জন্য ৫ শতাংশ ফি এবং ১ লক্ষ টাকার বেশি মূল্যের অর্ডারের ক্ষেত্রে ২ শতাংশ পর্যন্ত ফি নেওয়া হবে। এমনকি তার উপর আবার অতিরিক্ত ১৮ শতাংশ জিএসটি কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

তবে উল্লেখ্য, ক্রেতা যদি নিজে অর্ডার ক্যানসেল করে তাহলে নিয়ম অনুযায়ী ফি দিতে হবে না। ফি শুধুমাত্র তখনই প্রযোজ্য হবে, যখন সংশ্লিষ্ট বিক্রেতা নিজে থেকে অর্ডারটি ক্যানসেল করবে। অন্যদিকে ক্যানসেল ফির পাশাপাশি অ্যামাজন ক্লোজিং ফি বৃদ্ধির ঘোষণা করেছে। কোম্পানি জানিয়েছে, ২০২৬ সালের ৭ সেপ্টেম্বর থেকে ৫০০ টাকা পর্যন্ত মূল্যের পণ্যের জন্য ক্লোজিং ফি ১ টাকা করে বাড়বে। ৫০০ টাকার বেশি মূল্যের পণ্যের জন্য এই ফি বাড়ানো হয়েছে ৩ টাকা করে।

আরও পড়ুন: সেরা প্রধানমন্ত্রী ও তিন শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রীর নাম জানালেন অভিজিৎ দীপকে, তালিকায় নেই মমতা

এদিকে আরও উল্লেখ্য, ফ্লিপকার্ট এবার বিক্রেতাদের জন্য নিয়ম আরও কঠিন করেছে। কোনও বিক্রেতা যদি নির্ধারিত তারিখের মধ্যে ক্রেতার কাছে অর্ডার পৌঁছতে ব্যর্থ হয়, তাহলে তাঁকে ৩০ টাকা জরিমানা গুনতে হতে পারে। অন্যদিকে কোনও বিক্রেতা অর্ডার পাওয়ার পর তা বাতিল করলে ৬০ টাকা জরিমানা গুনতে হতে পারে। পাশাপাশি নির্ধারিত ডেলিভারির সময়সীমা পার হয়ে যাওয়ার পর অর্ডার বাতিল করলে মোট ৯০ টাকা জরিমানা নেওয়া হবে। অর্থাৎ উৎসবের মরশুমে বিক্রেতাদের জন্য যে বাড়তি চাপ হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।