সৌভিক মুখার্জী, কলকাতা: গরমের দাপট যেন দিনের পর দিন বাড়ছে। ঘরে এসি (Air Conditioning) ছাড়া টেকাই দুষ্কর। আর সেই সূত্রে এখন বাজারে এসি কেনার হিড়িক পড়েছে। তবে বেশিরভাগ মানুষ সাধারণ দ্বিধায় পড়েন, ঘরে কি উইন্ডো এসি বসাবেন নাকি সহজে বহনযোগ্য পোর্টেবল এসি কেনা বুদ্ধিমানের কাজ হবে? আসলে দুটি এসি ঘরকে ঠান্ডা রাখার কাজ করলেও এদের কাজের ধরন, বিদ্যুৎ সাশ্রয়ের ক্ষমতার মধ্যে আকাশ-পাতাল তফাত রয়েছে (Portable AC vs Window AC)। এই প্রতিবেদনে সেই চুলচেড়া বিশ্লেষণই করব আমরা।
কাজের ধরন আর ইনস্টলেশন
প্রথমে যদি পোর্টেবল এসি নিয়ে কথা বলি, তাহলে এটি একটি চাকা লাগানো সহজে মুভেবল এসি। অর্থাৎ, আপনি প্রয়োজন অনুযায়ী এটিকে ঘরের যে কোনও জায়গায় নিয়ে যেতে পারবেন। এর জন্য দেওয়ালে কোনও গর্ত করার প্রয়োজন পড়বে না। কেবলমাত্র একটি পাইপের সাহায্যে এর ভেতরের গরম হওয়াকে জানলা বা ভেন্টিলেটরের মধ্যে দিয়ে বাইরে বের করে দিতে হয়। আর যারা ভাড়া বাড়িতে থাকেন বা ঘনঘন ঘর বদলান, তাদের জন্য এটি দারুণ বিকল্প।
এবার আসি উইন্ডো এসি নিয়ে। এটি একটি একক ইউনিট হিসেবে কাজ করে, যেটি সরাসরি ঘরের জানলা বা দেওয়াল কেটে স্থায়ীভাবে বসাতে হয়। এর পেছনের অংশটি ঘরের বাইরে থাকে, যেটি সরাসরি গরম বাতাস বাইরে বের করে দেয়। আর এটি একবার ইন্সটল করার পর অন্য ঘরে নিয়ে যাওয়া ঝামেলার ব্যাপার, এবং দক্ষ টেকনিশিয়ান ছাড়া সম্ভব হয় না।
বিদ্যুৎ সাশ্রয়ের দিক থেকে কে এগিয়ে?
এসি লাগানোর আগে সকলের চিন্তার বিষয় বিদ্যুতের বিল। মাস শেষে পকেটের উপর কতটা চাপ পড়বে তা নির্ভর করে এসির বিদ্যুৎ খরচের উপরেই। সেক্ষেত্রে যদি পোর্টেবল এসি নিয়ে কথা বলি, তাহলে এগুলি ঘরের ভেতরে অবস্থান করার কারণে কম্প্রেসর ঘরের ভেতরেই চলে। এগুলি প্রতি ঘণ্টায় গড়ে ১.৮ থেকে ২.০ কিলোওয়াট ঘণ্টা বা ইউনিট বিদ্যুৎ খরচ করে।
তবে বিদ্যুৎ সাশ্রয়ের দিক থেকে যদি উইন্ডো এসি নিয়ে যদি কথা বলি, তাহলে পোর্টেবল এসির তুলনায় উইন্ডো এসি অনেক বেশি বিদ্যুৎ সাশ্রয়ী। এটি প্রতি ঘণ্টায় গড়ে মাত্র ১.৫ ইউনিট বিদ্যুৎ খরচ করে থাকে। সহজ হিসেবে বলতে গেলে, আপনি যদি দীর্ঘমেয়াদে বিদ্যুতের বিল সাশ্রয় করতে চান, তাহলে উইন্ডো এসি আপনার জন্য দারুণ বিকল্প।
কুলিং পারফরম্যান্সের দিক থেকে কে এগিয়ে?
উইন্ডো এসি নিয়ে যদি কথা বলি, তাহলে এটি ঘরকে দ্রুত এবং সমানভাবে ঠান্ডা করার ক্ষেত্রে কাজ করে। আর মাঝারি থেকে বড় আকারের ঘরের জন্য এটি দারুণ বিকল্প। তবে পোর্টেবল এসি সাধারণত ছোট ঘর বা ব্যক্তিগত ব্যবহারের জন্যই উপযোগী। বড় ঘরের শেষ কোণা পর্যন্ত ঠান্ডা বাতাস পৌঁছতে পোর্টেবল এসি উপযুক্ত নয়।
আরও পড়ুন: উত্তরবঙ্গে লুকিয়ে থাকা এক সৌন্দর্যের খনি! গরমের ছুটিতে ঘুরে আসুন এই পাহাড়ি গ্রাম থেকে
দামের দিক থেকে কোনটি সেরা?
আকারে ছোট বা কম ক্ষমতাসম্পন্ন হওয়া সত্ত্বেও পোর্টেবল এসির দাম সাধারণ উইন্ডো এসির থেকে কিছুটা বেশি হয়ে থাকে। সাধারণত দেড় টনের কোনও উইন্ডো এসি কিনতে গেলে ব্র্যান্ড এবং স্টারভেদে ২৫,৯০০ টাকা থেকে শুরু করে ৩৫,০০০ টাকার মধ্যে দাম হয়ে থাকে। আর যদি এক টনের পোর্টেবল এসি কেনেন, তাহলে এই আপনাকে খরচ করতে হতে পারে প্রায় ৩০,০০০ টাকা থেকে ৫৫,০০০ টাকা পর্যন্ত। সামগ্রিকভাবে দেখতে গেলে, পোর্টেবল এসির থেকে উইন্ডো এসি কার্যকর। কিন্তু বহন করার ক্ষেত্রে পোর্টেবল এসি দারুণ বিকল্প।










