সৌভিক মুখার্জী, কলকাতা: সুফল পাবে ক্ষুদ্র ব্যবসায়ী বা কৃষকরা। জোয়ার আসবে গ্রামীণ অর্থনীতিতে। এবার দীর্ঘ ৫৭ বছরের পুরনো ব্যবস্থায় পরিবর্তন আনল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India)। সূত্রের খবর, পরিবর্তনশীল অর্থনীতি, ডিজিটাল ব্যাঙ্কিং এবং গ্রামীণ চাহিদা মেটানোর জন্য দীর্ঘদিন ধরে চলা সেই পুরনো লিড স্কিমে পরিবর্তন আনা হচ্ছে, যা ১৯ জুন থেকেই কার্যকর হয়েছে। এ বিষয়ে ইতিমধ্যে নির্দেশিকা জারি করা হয়েছে। আর এতে কৃষক ক্ষুদ্র ব্যবসায়ী, মহিলা উদ্যোক্তা থেকে শুরু করে গ্রামীণ এলাকার মানুষজন লাভের মুখ দেখবে বলেই বিশেষজ্ঞদের অনুমান।
কী এই লিড ব্যাঙ্ক স্কিম?
যারা জানেন না তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, লিড ব্যাঙ্ক স্কিম হল প্রতিটি জেলায় একটি করে ব্যাঙ্ক বরাদ্দ করে ব্যাঙ্কিং পরিষেবা প্রসারিত করার একটি উদ্যোগ। এখান থেকে ঋণ এবং অন্যান্য আর্থিক পরিষেবা সহজেই পাওয়া যায়। এই স্কিমটি ১৯৬৯ সালে চালু করা হয়েছিল, এবং সেই একই নিয়মে এতদিন পর্যন্ত চলে আসছে। আরবিআই এবার সেই পুরনো ব্যবস্থাকেই নতুন ভাবে ঢেলে সাজাতে চাইছে।
কী পরিবর্তন আনা হচ্ছে?
নতুন ব্যবস্থায় ব্যাঙ্কগুলোকে এবার থেকে ক্ষুদ্র ব্যবসা এবং এমএসএমই খাতের উপরে আরও বেশি জোর দিতে বলা হচ্ছে। এতে ক্ষুদ্র ব্যবসায়ী বা অন্যান্যরা খুব সহজে ঋণ পেতে পারবে। কারণ আরবিআই চাইছে, গ্রাম বা ছোট শহরে যারা নতুন ব্যবসা শুরু করছে তারা যেন আর্থিক সমস্যার সম্মুখীন না হয় এবং কর্মসংস্থান বাড়ে। এমনকি এতে কৃষকরাও প্রচুর উপকৃত হবে। কারণ, ব্যাঙ্কগুলোকে কৃষকদের কাছে তাদের পরিষেবা প্রসারিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি কৃষি ঋণ বাড়ানো হবে আর গ্রামীণ এলাকায় ব্যাঙ্কিং পরিষেবা আরও শক্তিশালী করা হবে।
আরও পড়ুন: মমতাই দলের চেয়ারপার্সন! তৃণমূলের অস্তিত্ব টেকাতে কমিশনের দ্বারস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী
এদিকে আরবিআই ব্যাঙ্কগুলিকে ডিজিটাল পরিষেবার উপর বেশি মনোযোগ দিতে বলেছে। সেক্ষেত্রে ডিজিটাল ব্যাঙ্কিং, অনলাইন পেমেন্ট বা গ্রামীণ এবং প্রত্যন্ত অঞ্চলে আর্থিক সচেতনতা বাড়ানো হবে। বিশেষ করে সাধারণ মানুষকে ডিজিটাল পরিষেবার সাথে যুক্ত করার এবং ব্যাঙ্কিং শাখার উপর তাদের নির্ভরতা কমাতে চাইছে আরবিআই। তবে এ বিষয়ে জেলা পর্যায়ে ব্যাঙ্কিং প্রকল্পগুলির তদারকি আরও জোরদার করা হবে বলে জানানো হয়েছে। এছাড়া ব্যাঙ্কগুলিতে নারী উদ্যোক্তা, স্টার্টআপ বা নতুন ব্যবসা আরও সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছে আরবিআই।










