টাকা তুললেই কাটবে চার্জ! এটিএম পরিষেবায় বিরাট বদল

Published:

atm

আনিষা চৌধুরী, কলকাতা: ATM (Automated Teller Machine) বা স্বয়ংক্রিয় টাকা তোলার যন্ত্রের মাধ্যমে মানুষ সহজেই যখন-তখন নগদ টাকা তুলে নিতে পারেন। ফলে সবসময় নিজের কাছে বেশি পরিমাণে টাকা বহন করার প্রয়োজন হয় না। প্রয়োজন অনুযায়ী ATM থেকে টাকা তুলে নেওয়া যায়। তবে এবার ATM থেকে টাকা তোলা এবং নগদ লেনদেন সংক্রান্ত নিয়মে বড়সড় পরিবর্তন এনেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। গত ২৭ নভেম্বর এই সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।

কী কী বদল এনেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক?

নিজের ব্যাঙ্কের ATM থেকে একজন গ্রাহক মাসে সর্বোচ্চ পাঁচটি বিনামূল্যের লেনদেন করতে পারবেন। অন্য ব্যাঙ্কের ATM থেকে মেট্রো শহরে মাসে তিনটি এবং নন-মেট্রো শহরে পাঁচটি বিনামূল্যের লেনদেনের সুযোগ রয়েছে। তবে মেট্রো ও নন-মেট্রো দুই ধরনের ATM ব্যবহার করলে সব মিলিয়ে বিনামূল্যের লেনদেনের সংখ্যা পাঁচটির বেশি হবে না। এই হিসাবের মধ্যে টাকা তোলা ছাড়াও ব্যালান্স চেকের মতো নন-ফিনান্সিয়াল লেনদেনও যুক্ত রয়েছে।

বিনামূল্যে লেনদেনের নির্ধারিত সীমা পেরিয়ে গেলে প্রতিটি অতিরিক্ত লেনদেনের জন্য সর্বোচ্চ ২৩ টাকা এবং তার সঙ্গে প্রযোজ্য কর দিতে হতে পারে গ্রাহককে। তবে এবার গ্রাহকদের সুবিধার্থে ব্যাঙ্কগুলিকে বিশেষ ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছে RBI। মাসে কতগুলি বিনামূল্যের লেনদেন ইতিমধ্যে করা হয়েছে এবং পরবর্তী লেনদেনে কত টাকা চার্জ কাটা হতে পারে, সেই বিষয়ে গ্রাহকদের সতর্ক করতে হবে ব্যাঙ্কগুলিকে। ফলে অতিরিক্ত চার্জ সম্পর্কে আগে থেকেই জানতে পারবেন গ্রাহকরা।

এছাড়াও ATM থেকে টাকা তুলতে গিয়ে প্রযুক্তিগত সমস্যার কারণে লেনদেন ব্যর্থ হলে, অথবা ATM-এ পর্যাপ্ত টাকা না থাকার কারণে টাকা না বেরোলে, সেই লেনদেনকে বৈধ হিসেবে গণ্য করা যাবে না। এর জন্য গ্রাহকের কাছ থেকে কোনও চার্জও নেওয়া যাবে না। অন্য ব্যাঙ্কের ATM থেকে টাকা তোলার ক্ষেত্রে প্রতিটি লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা তোলার সীমাও নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ATM-এ বিনামূল্যের লেনদেনের সংখ্যা, টাকা তোলার সর্বোচ্চ সীমা এবং প্রযোজ্য চার্জের তথ্য ইংরেজি, হিন্দি ও স্থানীয় ভাষায় প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: পরিচয় লুকিয়ে ২০ বছর ধরে বসবাস, SIR তদন্তে নিমতায় গ্রেফতার ৩ বাংলাদেশি

শুধু ATM নয়, দোকানে থাকা PoS (Point of Sale) মেশিনের মাধ্যমে নগদ টাকা তোলার বিষয়েও নির্দেশিকা দিয়েছে RBI। ডেবিট কার্ড, ফুল কেওয়াইসি প্রিপেড পেমেন্ট ইনস্ট্রুমেন্ট এবং UPI-এর মাধ্যমে এই সুবিধা পাওয়া যাবে। একবারে সর্বোচ্চ ২ হাজার টাকা এবং মাসে সব মিলিয়ে ১০ হাজার টাকা তোলা যাবে। এই পরিষেবার জন্য কোনও চার্জ নেওয়া হলে তা লেনদেনের অঙ্কের এক শতাংশের বেশি হতে পারবে না। এমনকি কোনও পণ্য না কিনেও নির্দিষ্ট দোকানের PoS মেশিন থেকে এই পরিষেবা নেওয়া যাবে।

google button