অনন্যা সরকার, কলকাতা: নভেম্বরের প্রায় শেষ, কয়েকদিনের মধ্যেই জাঁকিয়ে পড়তে চলেছে শীত। গায়ে শীতের ছোঁয়া লাগতেই বাজারেও এসে গেছে আসল ‘জয়নগরের মোয়া’ (Jaynagar Moya)। তবে সুন্দরবন থেকে বনগাঁ পর্যন্ত পুরো অঞ্চলেই এখন নকল মোয়ায় ভরে গেছে। অনেক ক্রেতা নকল পণ্য কিনে প্রতারিত হচ্ছেন। কিন্তু এই জনপ্রিয় শীতকালীন খাবারটিকে কী নকলের ভয়ে বর্জন করা যায়! এদিকে ভেজাল ও নকল মোয়ায় ছেয়ে গেছে বাজার, ফলে ক্রেতা ও বিক্রেতা – উভয় পক্ষই হতাশ। ২০১৫ সালে ‘জয়নগরের মোয়া’ ভৌগোলিক নির্দেশক বা জিআই (GI) তকমা পেয়েছিল, সেখানে খোদ জয়নগরেই এখন নকল মোয়া বিক্রি হচ্ছে। এই সমস্যা মোকাবিলায় মোয়া প্রস্তুতকারকদের একটি সংগঠন রাজ্য সরকারের বিভিন্ন দফতরের সঙ্গে জোট বেঁধে কাজ করছে, যাতে আসল জয়নগরের মোয়া রাজ্যের সর্বত্র ও দেশের বিভিন্ন প্রান্তে ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া যায়।
কীভাবে চিনবেন আসল জয়নগরের মোয়া?
প্যাকেটের গায়ে থাকা উপাদানের তালিকা দেখে আসল ও নকল মোয়ার পার্থক্য বোঝা যায়। আসল মোয়া তৈরি হয় উন্নত মানের সুগন্ধি কনকচূড় ধানের খই, নলেন গুড় (পাতলা খেজুর গাছের নতুন গুড়), খোয়া ক্ষীর, ঘি, কাজু বাদাম ও কিসমিস দিয়ে। মোয়া কেনার আগে ক্রেতাদের বাক্সের বাইরে লেখা উপাদানের তালিকা, অনুমোদিত জিআই ইউজার নম্বর এবং উৎপাদনের স্থান যাচাই করে নেওয়া উচিত। মোয়া প্রস্তুতকারকরা এখন তাদের প্যাকেজড প্রোডাক্টে বারকোড যুক্ত করেছেন, এটি স্ক্যান করলেই বোঝা যায় পণ্যটি আসল নাকি নকল। বিক্রেতারা জানাচ্ছেন, মোয়ার সুগন্ধ থেকেও এর আসল-নকলের পার্থক্য বোঝা যায়।
‘জয়নগর মোয়া নির্মাণ সোসাইটি’-র সম্পাদক অশোক কয়াল জানান, যে উন্নত মানের নলেন গুড় সংগ্রহ করার পরই মোয়া তৈরির কাজ শুরু হয়। তাঁদের মূল লক্ষ্য হলো, খাঁটি মিষ্টিটি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। সাধারণত একেকটি বড় আকারের মোয়ার দাম ২৫ থেকে ৩০ টাকার মধ্যে হয়ে থাকে। তবে প্রিমিয়াম বা উন্নত মানের মোয়ার দাম ৫০ থেকে ৬০ টাকাও হয়। এছাড়া প্যাকেটজাত মোয়া ১৮০, ২৫০ এবং ৪৫০ টাকার মতো বিভিন্ন মূল্যে পাওয়া যায়।
আরও পড়ুন: পশ্চিম মেদিনীপুরে খোঁজ মিলল মাংসাশী উদ্ভিদের, চোখ কপালে গবেষকদের
প্রসঙ্গত, উচ্চমানের নলেন গুড়-এর অভাব ও লাভের হার কম হওয়ার কারণে জয়নগর, বাসন্তী, গোসাবা ও কুলতলির অনেক গুড় ও মোয়া উৎপাদক বাধ্য হয়ে অন্য পেশার দিকে ঝুঁকছেন। মোয়ার গুণমান অনেকাংশেই কনকচূড় ধানের ওপর নির্ভরশীল হয়। আর এই বিশেষ ধানটির দুষ্প্রাপ্যতার সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী অন্য জাতের ধান থেকে তৈরি খই মোয়াতে ব্যবহার করছেন। সর্বপ্রথম জয়নগর ও বহড়ু অঞ্চলে মোয়া শিল্পের উদ্ভব হয়েছিল এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের পর থেকে এর রপ্তানি ক্রমাগত বাড়ছে। তাই আসল গন্ধ ও স্বাদের অতুলনীয় মোয়া মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য নকল মোয়া উৎপাদন বন্ধ করা অত্যন্ত জরুরি বলে মনে করছেন প্রস্তুতকারকরা।


