সৌভিক মুখার্জী, কলকাতা: নিজের ভিতরে জেদ আর ইচ্ছাশক্তি থাকলে সবকিছুই অর্জন করা সম্ভব। হ্যাঁ, ভারতের আমলাতান্ত্রিক ইতিহাসে রিঙ্কু সিং রাহি নামটি সম্ভবত স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কিন্তু তাঁর সেই সাফল্যের রাস্তা ছিল অন্তত জরাজীর্ণ। দুর্নীতির বিরুদ্ধে মুখ তুলে, মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এই আধিকারিকের জীবন যুদ্ধ শুনলে সত্যিই চোখে জল আসবে। ১৬ বার ব্যর্থতা এবং শরীরে ৭টি গুলির ক্ষত নিয়েও আজ তিনি সফল একজন আইএএস অফিসার। জানুন বিস্তারিত (UPSC Success Story)।
কেন চর্চায় আইএএস রিঙ্কু সিং রাহি?
আসলে সম্প্রতি লখনৌ রাজস্ব পরিষদে কর্মরত থাকাকালীন তিনি তাঁর পদ থেকে ইস্তফা দিয়ে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন। তাঁর অভিযোগ ছিল, তাঁকে কোনও কাজ দেওয়া হচ্ছিল না। আর তিনি বিনা কাজে সরকারি বেতন নিতে রাজি নন। গত ২৬ মার্চ রাষ্ট্রপতির কাছে পাঠানো পদত্যাগপত্রে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, তাঁকে কাজ দেওয়া হোক। নাহলে তার পুরনো পদ সমাজ কল্যাণ আধিকারিককে ফিরিয়ে দেওয়া হোক, যাতে তিনি সরাসরি জনগণের সেবা করতে পারেন। এরপরেই নড়াচরে বসে প্রশাসন এবং তাঁকে জনগণের যুগ্ম ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ করা হয়।
আসলে ২০০৯ সালে মুজফফরনগরে সমাজ কল্যাণ আধিকারিক থাকাকালীন স্কলারশিপ এবং পেনশন সংক্রান্ত প্রায় ১০০ কোটি টাকা দুর্নীতির পর্দা ফাঁস করেছিলেন এই ব্যক্তি। এর জেরে স্থানীয় মাফিয়ারা তাঁর উপর প্রাণঘাতী হামলা চালায়। আর হামলার সময় তাঁর শরীরে মোট ৭টি গুলি লাগে। যার মধ্যে ২টি গুলি লাগে একেবারে মুখে। আর সেই হামলায় তাঁর এক চোখের দৃষ্টিশক্তি চিরতরে চলে যায়, এবং তাঁর চোয়াল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। বহু অস্ত্রোপচারের পর তিনি প্রাণে বাঁচলেও তাঁর চেহারায় সেই ক্ষত দাগ আজও বর্তমান।
আরও পড়ুন: বজরংবলীর কৃপায় টাকার বৃষ্টি হবে ৪ রাশির উপর! আজকের রাশিফল, ৫ মে
১৭ বারের চেষ্টায় ইউপিএসসি ক্র্যাক
বলাবাহুল্য, পিএসসি আধিকারিক হিসেবে কাজ করার পাশাপাশি রাহির স্বপ্ন ছিল আইএএস হওয়া। তবে সেই পথ অতটা সহজ ছিল না। একে একে ১৬ বার তিনি এই কঠিন পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন। তবে দমে না গিয়ে ২০২২-২৩ সালে ১৭ তম বারের প্রচেষ্টায় ৯২১ তম র্যাঙ্ক নিয়ে তিনি আইএএস অফিসার হিসেবে নিজের স্বপ্ন পূরণ করেছেন। আর বর্তমানে তাঁর এই হার না মানা মানসিকতা সারা দেশের সিভিল সার্ভিস পরীক্ষার্থীর কাছে সত্যিই অনুপ্রেরণা।










