বাচ্চাদের স্মার্টফোনের আসক্তি কমাতে আজই করুন এই কাজগুলো

Published:

Mobile Phone Addiction In Children

প্রীতি পোদ্দার, কলকাতা: স্মার্টফোনের (Mobile Phone) নেশায় বড়রা যেমন আসক্ত ঠিক তেমনই শিশুরাও মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। শুধুমাত্র মানসিক স্বাস্থ্যে যে কুপ্রভাব (Mobile Phone Addiction In Children) পড়ছে তা কিন্তু নয়, শরীরেও খারাপ প্রভাব পড়ছে। আসলে এই অভ্যাসটা আরও বেশ আঁকড়ে ধরেছে কোভিড পরবর্তী সময় থেকে। ঘরবন্দি শিশুদের অনলাইনে ক্লাস, পড়াশোনা সবকিছু হওয়ায় বাইরের পৃথিবী সম্পর্কে একদমই ভুলে গেছে। তাই এই নেশার মায়াজাল থেকে বাচ্চাদের বের করে আনতে কয়েকটি সহজ পদ্ধতি অবলম্বন করুন। প্রতিবেদনের মাধ্যমে আলোচনা করা হল বিষটি।

আজকাল স্মার্টফোন বা মোবাইলে একসঙ্গে বিভিন্ন রকম বিনোদন পাওয়া যাচ্ছে। গেম খেলা থেকে শুরু করে ইউটিউবে ভিডিও দেখা, ভিডিও কলিং, চ্যাট সব চলছে পুরোদমে। আর এই নানা ধরনের বিনোদনমূলক অ্যাপের হাতছানিতে শিশুদের বর্তমান নষ্ট হচ্ছে। তাই বাচ্চাদের এই আসক্তি কমাতে অভিভাবকদের দায়িত্ব ও কর্তব্য প্রচুর। একনজরে কিছু ঘরোয়া পদ্ধতি জেনে নিন যে কীভাবে এই ইন্টারনেটের হাত থেকে বাচ্চাদের সুরক্ষিত রাখবেন।

বাড়াতে হবে বই পড়ার অভ্যাস

দীর্ঘক্ষণ স্মার্টফোনে চোখ রাখলে শিশুদের ঘুমের যেমন ব্যাঘাত ঘটে তেমনই অল্প বয়সে চোখের সমস্যাও হয়। এমনকি বেশি সময় মোবাইলের আলোর সামনে থাকলে শিশুদের মস্তিষ্কের বিকাশ বাধাপ্রাপ্ত হয়। তাই বেশি করে অবসর সময়ে পাঠ্য বই ছাড়াও গল্পের বই পড়ার অভ্যাস বাড়াতে হবে শিশুদের। যদিও এই প্রক্রিয়া শুরুতেই কাজ দেবে না, তবে ধীরে ধীরে এগোতে হবে। আসলে শিশুর কোমল মন থেকে মোবাইল আসক্তি কাটানো খুব সহজ নয়। তবে চেষ্টা করলে সবকিছুই সম্ভব।

বাচ্চাদের প্রতিভাকে প্রকাশ্যে আনতে হবে

মোবাইলে সারাক্ষণ মুখ গুঁজে গেম খেলা এবং ভিডিও দেখতে দেখতে বেশিরভাগ বাচ্চারা ভুলে যায় সবার সঙ্গে কীভাবে মিশতে হয়। এমনকি যেই সময় তারা বাইরে বেরিয়ে বন্ধুদের সঙ্গে খেলে বেড়াবে সেই সময় বন্ধু ও সমাজ থেকে নিজেকে সরিয়ে রাখতে পছন্দ করে তারা। তাই এই বদঅভ্যাস ত্যাগ করতে বাচ্চাদের মনের ভাব বুঝতে হবে। তাদের চোখে চোখ রেখে, কথা বলে এবং তার ভিতরের সুপ্ত প্রতিভা ও ইচ্ছাগুলোকে চিনতে বা জানতে পারলে তবেই মোবাইল থেকে মন সরানো যাবে।

আরও পড়ুন: কানে জল ঢুকে যাওয়ায় বাড়ছে অস্বস্তি? ঘরোয়া উপায়ে বের করুন ৫ মিনিটেই

একাকিত্ব দূর করা

ছোটবেলা থেকেই অনেক বাবা মা আছেন যারা সন্তানকে সময় না দিয়ে তার বদলে হাতে মোবাইল ধরিয়ে দেন বা টিভিতে কার্টুন চালিয়ে দেন। আসলে এই অভ্যাস কিন্তু খুবই খারাপ। এই ভাবেই অনেক শিশু একাকিত্বের কারণে মোবাইল ফোনের প্রতি নির্ভরশীল হয়ে পড়ে। তাই বাবা-মায়ের খেয়াল রাখতে হবে যে কোনোভাবেই যেন শিশুটি একা অনুভব না করে। দরকার পড়লে তাদের খেলার সঙ্গী হয়ে উঠতে হবে বাবা মায়েদের।