সৌভিক মুখার্জী, কলকাতা: সাফল্য কোনও দিন বলেকয়ে আসে না, বরং তা আসে অদম্য জেদ আর ত্যাগের বিনিময়ে। বিহারের (Bihar) নালন্দার এক সাধারণ কৃষকের ছেলে উৎকর্ষ গৌরব ঠিক এই কথাটা ফের প্রমাণ করলেন। বড় শহরের রীতিনীতি আর কর্পোরেট চাকরির হাতছানি উপেক্ষা করে গ্রামের ঘরে বসে পড়াশোনা চালিয়ে তিনি আজ একজন ইউপিএসসি জয়ী অফিসার। জানুন তাঁর সাফল্যের লড়াই (UPSC Success Story)।
প্রথাগত পথ ছেড়েই অজানার পথে যাত্রা তাঁর
বিহারের নালন্দা জেলার অমরগাঁও গ্রামের বাসিন্দা উৎকর্ষ। তাঁর বাবা পেশায় একজন কৃষক আর মা গৃহবধূ। বিহারে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা শেষ করে তিনি বেঙ্গালুরু পাড়ি দিয়েছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ বিটেক করার জন্য। এদিকে ২০১৮ সালে পিইএসআইটি থেকে ডিগ্রি লাভ করার পর যখন সহপাঠীরা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যোগ দিচ্ছিলেন, উৎকর্ষ তখন বেছে নেন সিভিল সার্ভিসের কঠিন পথ।
শুরুতে প্রস্তুতির জন্য তিনি দিল্লির ওল্ড রাজেন্দ্রনগরে কোচিং নিতে গিয়েছিলেন বলেই জানা যায়। কিন্তু তাঁর ভাগ্য ছিল অসহায়। পরপর তিনবার ইউপিএসসি পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন তিনি। এরই মধ্যে দেশে আছড়ে পরে করোনা মহামারি। লকডাউনের জেরে দিল্লি ছেড়ে আবারো নিজের গ্রামে ফিরতে হয়ে তাঁকে।
তবে একজন বিটেক ইঞ্জিনিয়ার, শিক্ষিত যুবক কোনও কাজ না করে গ্রামে বসে আছে এটা দেখেই গ্রামের মানুষজন বিদ্রুপ আর কটু কথা শোনাতে থাকে। যদিও এই প্রতিকূল পরিস্থিতিতে তাঁর মনোবল ভাঙতে দেননি তাঁর পরিবার। উৎকর্ষের দাবি, দিল্লির খরচ বাঁচানো আর বাড়িতে স্বাস্থ্যকর খাবার আমার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যরি উন্নতি ঘটিয়েছিল। আর এটি পড়াশোনায় মনোযোগ দিতেও সাহায্য করে।
আরও পড়ুন: ইলিশ, ভেটকিকে টেক্কা দেবে কচু চিংড়ির পাতুরি! স্বাদ হবে দুর্দান্ত, রইল রেসিপি
সবথেকে বড় ব্যাপার, উৎকর্ষ সোশ্যাল মিডিয়া থেকে সম্পূর্ণ নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন। গ্রামের বাড়িতে বসে প্রস্তুতির জন্য তাঁর প্রধান ভরসা ছিল ইউটিউব। ডিজিটাল প্ল্যাটফর্মকে সঠিক ব্যবহার করে তিনি ইউপিএসসির খুঁটিনাটি তথ্য রপ্ত করেন। আর ২০২২ সালের ইউপিএসসি সিএসি পরীক্ষায় ৭০৯ র্যাঙ্ক অর্জন করে তিনি দেশের আমলাদের তালিকায় নিজের নাম লিখিয়ে ফেলেন। বর্তমানে ইন্ডিয়ান রেলওয়ে ম্যানেজমেন্ট সার্ভিসে একজন সফল অফিসার হিসেবে কর্মরত উৎকর্ষ। তাঁর এই গল্প থেকে আবারও প্রমাণ মেলে যে, কঠোর পরিশ্রম আর অদম্য জেদ থাকলে কোনও কিছুই জয় করা অসম্ভব নয়।












