অনন্যা সরকার, কলকাতা: ‘আধার দিবস’ (Aadhaar Diwas) উপলক্ষে সম্প্রতি ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) কর্তৃপক্ষ নাগরিকদের জন্য পাঁচটি নতুন ও কার্যকরী পরিষেবা চালু করেছে। এই নয়া পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে আধার কেন্দ্রে টোকেনের ব্যবস্থা, রেশন বিতরণের জন্য ফেস অথেন্টিকেশন, ক্ষুদ্র ব্যবসার জন্য সহজতর যাচাইকরণ প্রক্রিয়া, এসডাব্লিউআইকে ২.০ (SWIK 2.0) পোর্টাল এবং একটি আধুনিক ও বহুভাষিক ওয়েবসাইট। এই নতুন ব্যবস্থাগুলি বিশেষ করে সেইসব মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী হবে, যাদের বায়োমেট্রিক মেশিনে আঙুলের ছাপ স্ক্যান করতে বারংবার সমস্যা পড়তে হয়। আসুন তাহলে এই নয়া সুবিধাগুলো সর্ম্পকে বিশদে জেনে নেওয়া যাক।
রেশনের জন্য আঙুলের ছাপের পরিবর্তে ফেস অথেন্টিকেশনের মাধ্যমে যাচাইকরণ
অনেক ক্ষেত্রে দেখা যায় বয়স্ক ব্যক্তি ও কায়িক পরিশ্রম করা মানুষদের আঙুলের ছাপ অস্পষ্ট বা ক্ষয়ে গেছে। তারা প্রায়শই রেশন দোকানে বায়োমেট্রিক অথেন্টিকেশনের সময় সমস্যার সম্মুখীন হন, আঙুলের ছাপ মিলতে চায় না। ফলে, যোগ্য হওয়া সত্ত্বেও তাদের রেশন পেতে অসুবিধা হয়। এই সমস্যা সমাধানের জন্য ইউআইডিএআই পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম বা গণবণ্টন ব্যবস্থার (PDS) আওতায় ফেস অথেন্টিকেশন ব্যবস্থা চালু করছে।
এই নতুন ব্যবস্থায়, সুবিধাভোগীর সম্মতিক্রমে তাঁর পুরো মুখের স্ক্যান করে পরিচয় যাচাই করা সম্ভব হবে। ফলে, বায়োমেট্রিক বা আঙুলের ছাপযাচাইকরণে কোনো সমস্যা দেখা দিলে, পরিচয় নিশ্চিত করার বিকল্প পদ্ধতি হিসেবে ‘ফেসিয়াল রিকগনিশন’ প্রযুক্তি ব্যবহার করা যাবে। দেশের বিভিন্ন অঞ্চলে ধীরে ধীরে এই ব্যবস্থা চালু করা হচ্ছে।
আরও পড়ুন: কয়েক দশক পর বদলাচ্ছে রেলের নিয়ম, ডিসেম্বর থেকে সব ট্রেনেই কার্যকর
এর পাশাপাশি, আধার পরিষেবা কেন্দ্রের কার্যপদ্ধতিতেও কিছু বদল আনতে চলেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। অতিরিক্ত ভিড় ও দীর্ঘ লাইনের সমস্যা কমাতে ইউআইডিএআই-এর আঞ্চলিক পরিষেবা কেন্দ্রগুলিতে একটি নতুন টোকেন ব্যবস্থা চালু করা হয়েছে। এই ব্যবস্থায়, পরিষেবা নিতে আসা নাগরিকদের একটি টোকেন দেওয়া হবে। এরপর ডিজিটাল স্ক্রিনে প্রদর্শিত টোকেন নম্বরের ভিত্তিতে তাঁদের পরিষেবার জন্য ডাকা হবে। এর ফলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার আর প্রয়োজন হবে না।
এছাড়াও, যেসব ক্ষুদ্র বা নতুন ব্যবসায়িক প্রতিষ্ঠান সীমিত পরিসরে আধার অথেন্টিকেশন পরিষেবা ব্যবহার করে, তাদের জন্য নিয়মকানুন শিথিল করেছে ইউআইডিএআই। কম মাত্রায় অথেন্টিকেশনের প্রয়োজন রয়েছে এমন যোগ্য প্রতিষ্ঠানগুলোর জন্য আলাদা ও ব্যয়বহুল পরিকাঠামো গড়ে তোলার প্রয়োজন হবে না। পরিবর্তে, তারা বিদ্যমান অথেন্টিকেটিং ইউজার এজেন্সি (AUA) এবং ইকেওয়াইসি (e-KYC) ইউজার এজেন্সি কাঠামোর মাধ্যমেই আধার-ভিত্তিক পরিষেবাগুলি ব্যবহার করতে পারবে। এই পদক্ষেপগুলির ফলে ক্ষুদ্র ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসনিক সংস্থা এবং স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর পক্ষে আধার-ভিত্তিক ডিজিটাল পরিষেবার সাথে যুক্ত হওয়া আরও সহজ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।










