ধর্ষণ থেকে লক্ষ্মীর ভাণ্ডার, মিড ডে মিলে ডিম! বিজেপি সরকারের বিরুদ্ধে ১৫ তোপ অভিষেকের

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলায় বিজেপির (BJP Government) ডবল ইঞ্জিন সরকার ক্ষমতায় এসেছে মাত্র দু মাস। আর এরই মাঝে ঘটে গিয়েছে বহু ঘটনা! এবার সেসব স্মরণ করিয়েই বিজেপিকে কার্যত একহাত নিলেন কয়লা চুরি, বালি চুরি, গরু পাচার সহ একগুচ্ছ অভিযোগ কাঁধ নিয়ে থাকা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডেলে বঙ্গ বিজেপিকে কটাক্ষ করে একযোগে 15টি অভিযোগ এনেছেন অভিষেক। সেই সাথে ওই পোস্টে তৃণমূল সাংসদ লিখেছেন মাত্র দু মাসে বিজেপির ডবল ইঞ্জিন সরকারের 15টি সাফল্য।

বিজেপির বিরুদ্ধে অভিষেকের 15টি অভিযোগ

এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে বিজেপির বিরুদ্ধে 15 ধরনের অভিযোগ জানাতে গিয়ে প্রথমেই তৃণমূল সাংসদ বঙ্গ বিজেপির বিরুদ্ধে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং সাংসদদের ভাঙিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ তুলেছেন। এখানেই শেষ নয়, অভিষেকের দাবি, বিধানসভায় বিজেপি এমন একজনকে প্রক্সি বিরোধী দলনেতা বানিয়েছে যে কিনা বিজেপির কথাতেই উঠছে আর বসছে। একেবারে পুতুলের মতো কাজ করছে সে।

অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও অভিযোগ করেন, তৃণমূলকে আর্থিক দিক থেকে স্তব্ধ করে দিতে দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। এছাড়াও বিজেপি আমলে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়েও প্রশ্ন তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায। তৃণমূল নেতার দাবি, যোগ দিবসের নাম করে টানা 7 দিন রাস্তা বন্ধ করে রাখা হয়েছিল। বিজেপি ক্ষমতায় আসার পর থেকে 14টি ধর্ষণের ঘটনা ঘটেছে। নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য হাজার হাজার তৃণমূল কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠান ভেঙে ফেলার মতো ঘটনা ঘটছে রাজ্যে।

এদিন লক্ষীর ভান্ডার নিয়েও তোপ লাগেন অভিষেক। বলেন, নতুন সরকার ক্ষমতায় আসার পরই প্রায় এক কোটি যোগ্য উপভোক্তার নাম লক্ষীর ভাণ্ডার প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে। এসবের পাশাপাশি রাজ্যজুড়ে চলা হকার উচ্ছেদ নিয়েও বিজেপিকে নিশানা করেন অভিষেক। যোগী রাজ্যের প্রসঙ্গ টেনে তৃণমূল নেতা জানান, যোগী রাজ্যের বুলডোজার সংস্কৃতি এবার বাংলার বুকে থাবা বসিয়েছে। হকার উচ্ছেদের নামে বাংলার প্রান্তিক হতদরিদ্র মানুষদের জীবন জীবিকা ধ্বংস করা হচ্ছে। একই সাথে বাংলার ইতিহাসে প্রথমবারের শিশুদের মিড ডে মিল থেকে ডিম কেড়ে নেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

অভিষেকের বক্তব্য, মিড ডে মিল থেকে ডিম বাদ দিয়ে শিশুদের প্রোটিন থেকে বঞ্চিত করা হচ্ছে। নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও লেখেন, যাঁরা দিনরাত সরকারের জুতো চাটছেন তাদের রাজ্য ও কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হচ্ছে। আর যারা মাথা নত করতে রাজি নয় তাঁদের নিরাপত্তা কেড়ে নেওয়া হচ্ছে। একই সাথে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে ব্যবহার করে বিরোধীদের বাড়িতে তল্লাশি চালাতে পাঠানো হচ্ছে।

অবশ্যই পড়ুন: অমরনাথ যাত্রা শুরুর পাঁচ দিনের মধ্যেই অদৃশ্য হলেন বাবা বরফানি, তীর্থযাত্রীদের মাথায় হাত

এদিন রাজ্যের সলিসিটার জেনারেলের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি বিজেপিকে একেবারে সরাসরি কটাক্ষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, বিজেপি যদি সত্যিই বাংলার মানুষের রায় নিয়ে ক্ষমতায় এসে থাকে তাহলে তৃণমূলকে এত ভয় কীসের? এক কথায়, বিজেপি ক্ষমতায় আসার পর থেকে রাজ্যে ঘটে চলা নানান বিতর্কিত ঘটনাকে সামনে রেখে বঙ্গ বিজেপিকে এক হাত নিয়ে অভিষেক বোঝালেন, যাই হয়ে যাক লড়াইয়ের পথ থেকে সরবেন না তাঁরা!