বিক্রম ব্যানার্জী, কলকাতা: জনগণের রায়ে বাংলায় বদলাতে চলেছে সরকার। প্রথমবারের মতো বঙ্গে এন্ট্রি নিচ্ছে ভারতীয় জনতা পার্টি (Bharatiya Janata Party)। এহেন আবহে, বিজেপির কেন্দ্রীয় সংসদীয় বোর্ড পশ্চিমবঙ্গের বিধানসভায় দলের নেতা নির্বাচনের ক্ষেত্রে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) নিয়োগ করল। এখানেই শেষ নয়, বঙ্গে রাজনীতির চাণক্য হিসেবে পরিচিত শাহ দায়িত্ব পাওয়ার পাশাপাশি ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির কাঁধেও বিশেষ দায়িত্ব দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব।
বড় দায়িত্ব কাঁধে পেলেন অমিত শাহ ও ওড়িশার মুখ্যমন্ত্রী
বঙ্গে গেরুয়া ঝড়ে কার্যত উড়ে গিয়েছে ঘাসফুল। ভোটের আগে যে তৃণমূলের তরফে একাধিক হুমকি ভেসে এসেছিল, তারাই যেন ভোটের ফলাফল প্রকাশের পর মুখে কুলুপ পেতেছেন। এদিকে, বঙ্গে বিজেপি পা রাখতেই জোরকদমে চলছে সরকার গঠনের প্রক্রিয়া। খুব শীঘ্রই ভারতীয় জনতা পার্টির তরফে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হবে। তার ঠিক আগেই, পশ্চিমবঙ্গের বিধানসভায় দলীয় নেতা নির্বাচনের জন্য দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাঁধে চাপল কেন্দ্রীয় পর্যবেক্ষকের দায়িত্ব।
স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিকেও বড় দায়িত্ব দিয়েছে বিজেপি। বঙ্গ বিজেপির তরফে একেবারে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানানো হয়েছে, ওড়িশার মুখ্যমন্ত্রীকে বাংলার বিধানসভায় নেতা নির্বাচনের জন্য কেন্দ্রীয় সহ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হল। এক কথায় বলাই যায়, বিজেপির দুই পরিচিত মুখ তথা স্বরাষ্ট্রমন্ত্রী এবং ওড়িশার মুখ্যমন্ত্রী এবার পশ্চিমবঙ্গে বিজেপি বিধায়ক দলের নেতা নির্বাচনের কাজ করবেন।
অবশ্যই পড়ুন: “হিসেব দিতে হবে” পালাবদল হতেই বিস্ফোরক মেসি কান্ডে গ্রেফতার হওয়া শতদ্রু
উল্লেখ্য, বঙ্গে অমিত শাহ এবং উড়িষ্যার মুখ্যমন্ত্রীকে কেন্দ্রীয় পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়ার পাশাপাশি বিজেপির আরেক রাজ্য অসমের কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করা হচ্ছে জেপি নাড্ডাকে। তাঁর দায়িত্ব থাকবে অসমের বিধানসভায় বিধায়ক দলের নেতাদের নির্বাচন করা। অন্যদিকে ভারতের প্রতিবেশী রাজ্যে বিজেপির সহ পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নবাব সিং সাইনি।










