প্রীতি পোদ্দার, কলকাতা: অভিষেক (Abhishek Banerjee) বিতর্কের পর এবার উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ উঠল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) বিরুদ্ধে! কিন্তু FIR দায়ের করতে গিয়েই খালি হাতে ফিরতে হল অভিযোগকারীকে। গতকাল, সোমবার বিধাননগরের সাইবার ক্রাইম বিভাগের বিরুদ্ধে উঠে এল ভয়ংকর অভিযোগ। তুমুল বিতর্ক শুরু রাজনৈতিক মহলে।
উস্কানিমূলক মন্তব্য অমিত শাহের
২৬ এর বিধানসভা নির্বাচনে নিজেদের দলের প্রার্থীদের প্রচারের জন্য মরিয়া হয়ে উঠেছিল অভিষেক মমতা থেকে শুরু করে মোদী অমিত শাহ। জনসংযোগ বাড়াতে একে অপরকে কটাক্ষ করতেও ছাড়েনি কেউ। এই অবস্থায় একাধিক সভায় নেতা মন্ত্রীদের মুখে উস্কানিমূলক মন্তব্য শোনা গিয়েছিল। এবার সেই একই অভিযোগ উঠে এলো স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে। অভিযোগকারী মানস সেন চৌধুরী জানান, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রচারে এসে উস্কানিমূলক মন্তব্য করেছেন তিনি। কিন্তু এই বিষয়ে থানায় FIR দায়ের করতে গেলে কোনো লাভ হয়নি।
কী বলছেন অভিযোগকারী?
মানস সেন চৌধুরীর অভিযোগ, “গতকাল, সোমবার বিধাননগরের সাইবার ক্রাইম বিভাগে আইসির সঙ্গে দেখা করে অভিযোগ জানাতে গিয়েছিলাম। কিন্তু পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে প্রশ্ন তোলে, এত দেরি করে এসেছেন কেন? আমি জানাই, গতকালই দেখেছি, তারপর মনে হয়েছে এটা ভারতের গণতান্ত্রিক কাঠামোতে অত্যন্ত বিপজ্জনক ঘটনা। তাই স্বাধীন দেশের নাগরিক হিসেবে অভিযোগ করতে এসেছি। কিন্তু তিনি পরে আর সেই অভিযোগ গ্রহণ করেননি।” তাঁর প্রশ্ন, যেখানে একই থানায় ভারতের একজন সাংসদের বিরুদ্ধে একই অভিযোগে FIR দায়ের হয়েছিল। সেখানে কেন সেই অভিযোগে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা হবে না?
আরও পড়ুন: নিম্নমানের স্কুল ইউনিফর্মে কোটি টাকার দুর্নীতি! রিপোর্ট তলব মুখ্যমন্ত্রীর
প্রসঙ্গত, গত ২৭ এপ্রিলের একটি জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে FIR দায়ের করা হয়েছিল। এরপর আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টে যান অভিষেক। সেখানে আদালত আগামী ৩১ জুলাই পর্যন্ত অভিষেকের সুরক্ষাকবচ বা রক্ষাকবচ বহাল রাখে। এখন দেখার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে শেষ পর্যন্ত FIR দায়ের হয় কিনা।










