প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যে পালাবদলের পর এবার বিজেপি সরকারের নজরে এল স্কুল ইউনিফর্ম (School Uniform)। রাজ্যের বিভিন্ন সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য নিম্নমানের ইউনিফর্ম সরবরাহের অভিযোগের ভিত্তিতে রিপোর্ট তলব করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে বিজেপি সরকার গড়ে তুলতেই পূর্ববর্তী সরকারের আমলের যাবতীয় দুর্নীতির শিকড় উপড়ে দিতে প্রথমদিন থেকেই কড়া অবস্থান নিয়েছেন মুখ্যমন্ত্রী৷ এবার তাই ইউনিফর্ম বিষয়ে রাজ্যের বস্ত্র ও অর্থ দপ্তরকে তীব্র ভর্ৎসনা করেছেন তিনি।
স্কুলের পোশাক দুর্নীতি নিয়ে কড়াকড়ি প্রশাসন
পূর্বতন তৃণমূল সরকারের আমলে সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে সরকারের থেকে ইউনিফর্ম দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। আর ওই পোশাক তৈরির দায়িত্ব বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীকে দেওয়া হয়েছিল। কিন্তু অভিযোগ ওঠে স্কুল ইউনিফর্মের নিম্নমানের কাপড় নিয়ে। শুধু তাই পড়ুয়াদের পোশাকের মাপ নিয়েও সমস্যা দেখা দেয় বহু স্কুলে। অনেক স্কুলে পোশাক সঠিক সময়ে পৌঁছয়নি বলেও অভিযোগ উঠেছিল। কিন্তু সেই সকল অভিযোগগুলো সরকারের কাছে খুব একটা গুরুত্ব পায়নি। কিন্তু এবার সরকার বদল হতেই স্কুলের পোশাক দুর্নীতি নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
প্রশ্নের মুখে পড়ল অর্থ দফতর
গতকাল অর্থাৎ সোমবার, নবান্নে স্কুলের ইউনিফর্ম দুর্নীতি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের আধিকারিকদের নিয়ে বৈঠক করেছিলেন। সরকারি স্কুলের ইউনিফর্মে নিম্নমানের কাপড় ব্যবহার নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। প্রশ্ন তুলেছিলেন যে, যাদের মাধ্যমে এই স্কুল ইউনিফর্মগুলি তৈরি করানো হয়েছিল, তারা আদৌ সরকারের নির্দিষ্ট করে দেওয়া গুণমান অনুযায়ী সেই পোশাক তৈরি করেছে কি না। এছাড়াও এদিন এই বিষয়ে মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে পড়েন অর্থ দফতরের আধিকারিকরাও। কীভাবে এই নিম্নমানের পোশাকের জন্য কোটি কোটি টাকা অনায়াসে ছাড়পত্র পেয়ে গেল, তার কৈফিয়ৎ চান মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: বাংলার বাড়ি প্রকল্পে নতুন করে তথ্য যাচাই, অযোগ্যদের বাতিলের নির্দেশ রাজ্য সরকারের
পূর্ণাঙ্গ রিপোর্ট তলব মুখ্যমন্ত্রীর
শুভেন্দু অধিকারীর স্পষ্ট দাবি, যদি সরকারি নিয়ম এবং নির্দিষ্ট প্রোটোকল মেনে স্কুল ইউনিফর্ম তৈরি করা না হয়েই থাকে, সেক্ষেত্রে কোনও অবস্থাতেই রাজ্যের আর্থিক কোষাগার থেকে ওই পোশাক নির্মাণকারী সংস্থাগুলিকে টাকা দেওয়া উচিত হয়নি৷ তাই সবকিছু গোড়া থেকে যাচাই করতে আধিকারিকদের কাছে অবিলম্বে গোটা বিষয়ের পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছেন মুখ্যমন্ত্রী। এমনকি তিনি এদিন এও জানিয়েছেন যে যদি এর পিছনে কোনও বড়সড় দুর্নীতি লুকিয়ে থাকে, তাহলে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নিয়ে হবে।










