সৌভিক মুখার্জী, কলকাতা: এসআইআর বা ভোটার তালিকার নিবিড় সংশোধন নিয়ে মিথ্যাচার করছে বিরোধীরা। সেই প্রতিবাদেই এবার বাংলাজুড়ে আন্দোলনে নামতে চলেছে ভারতীয় জনতা পার্টি (BJP Protest)। বর্তমানে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল গোটা দেশের রাজনীতি। বিরোধীরা একজোট হয়ে চালাচ্ছে মরিয়া চেষ্টা। এমনকি আগামী ৬ অক্টোবর নির্বাচন কমিশন অভিযানের ডাক দিয়েছে ইন্ডি জোট। তবে বাংলায় এসআইআর নিয়ে ছড়ানো অপপ্রচারের প্রতিবাদে এবার পথে নামছে বিজেপির নেতারা।
আন্দোলনের ডাক বিজেপির
বিজেপি ভোটে কারচুপি করে বাংলাসহ অন্যান্য রাজ্যে ক্ষমতা দখল করেছে, এমনটাই দাবি বিরোধীদের। এমনকি তার পিছনে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছে তারা। তাঁর পদত্যাগের দাবিতে উত্তাল গোটা দেশ। সেই সূত্রে এবার মোর্চা সভাপতিরা যেন নিজেদের মতো করে আন্দোলনে নামেন, এমনটাই নির্দেশ এসেছে দিল্লি থেকে। যদিও কবে থেকে এই কর্মসূচি চলবে তা এখনও জানানো হয়নি।
এদিকে সম্প্রতি রাজ্য বিজেপির নতুন কমিটি ঘোষণা হওয়ার পাশাপাশি মোর্চা সভাপতিদের নাম ঘোষণা করা হয়। বিজেপির জেলা সভাপতিদের নেতৃত্বেই চলবে এসআইআর নিয়ে মিথ্যাচার ছড়ানোর প্রতিবাদে এই আন্দোলন। গোটা রাজ্যজুড়ে অভিযান চালানো হবে বলেই জানিয়েছে গেরুয়া শিবির। তবে কর্মসূচির বিষয়ে প্রথমে রাজ্য নেতৃত্বকে জানাতে হবে। এমনকি সমস্ত মোর্চা সভাপতিদের কাছে এই সংক্রান্ত একটি নির্দেশিকা পাঠিয়ে বলা হয়েছে যে তারা যেন স্বতন্ত্রভাবে এসআইআর-র স্বপক্ষে কর্মসূচিতে যোগদান করেন।
আরও পড়ুন: ডলারের বিপরীতে আরও পতন ভারতীয় রুপির! দেখুন আজকের রেট
রাজ্যের সাতটি জেলার সভাপতি বদল করেছে বিজেপি। পাশাপাশি যুব এবং মহিলা মোর্চাসহ অন্যান্য মোর্চা সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে দলের তরফ থেকে। এমনকি দ্রুত সব মোর্চার পূর্ণাঙ্গ একটি কমিটি ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে। আর ওই কমিটিগুলিতে নতুন প্রজন্মের নেতাদের গুরুত্ব দেওয়া হবে। তবে দিল্লি থেকে আসা নির্দেশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, এসআইআর-র প্রতিবাদে জেন-জি আন্দোলনের রাশ টানতেই এবার বাংলাজুড়ে চলবে এই কর্মসূচি।










