সৌভিক মুখার্জী, ফলতা: গণনার দিনেও ফুঁস ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গীর খান। নির্বাচনের আগেই সরে দাঁড়িয়েছিলেন তিনি। আর সেখানেই পরিষ্কার হয়ে যায় ভোটের ফলাফল (Falta Repoll Result)। হচ্ছে ঠিক তাই-ই। চার রাউন্ড গণনার শেষে একছত্রভাবে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পন্ডা। অন্যদিকে মাত্র ১৪০৫টি ভোট নিয়ে চার নম্বরে গিয়ে ঠেকেছেন তৃণমূলের পলাতক প্রার্থী জাহাঙ্গীর খান (Jahangir Khan)।
ফলতায় ভরাডুবি তৃণমূলের
উল্লেখ্য, গত ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটগ্রহণের সময় ফলতা বিধানসভা কেন্দ্রে নানানরকম কারচুপি লক্ষ্য করা যায়। কোথাও ইভিএমে আতর ঢেলে দেওয়া হচ্ছিল, কোথাও বিজেপির চিহ্নের ওপর টেপ লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। আর সেই অভিযোগ পাওয়ার পরেই নির্বাচন কমিশন গোটা বিধানসভা কেন্দ্রের ২৬৫টি বুথেই পুননির্বাচনের ঘোষণা করেন। এবং সেই মতো নির্বাচন হয় গত ২১ মে, এবং আজ অর্থাৎ ২৪ মে ভোট গণনা। এদিকে গত ৪ মে তৃণমূলকে হারিয়ে ক্ষমতা দখল করেছে বিজেপি সরকার। আর সেই ভয়েই হয়তো সরে দাঁড়িয়েছেন ফলতার দাপুটে প্রার্থী জাহাঙ্গীর খান।
আজ অর্থাৎ রবিবার দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে এই বিধানসভা কেন্দ্রের ভোট গণনা চলছে। সকাল আটটা থেকে শুরু হয়েছে গণনা। প্রথমে ব্যালট বক্স খোলা হয়, যেখানে বিজেপি এগিয়ে যায়। আর তারপরেই শুরু হয় ইভিএম গণনা। প্রথম রাউন্ড শেষে দেখা যায় বিজেপির প্রার্থী দেবাংশু পন্ডা ৯০৮৬ ভোটে এগিয়ে ছিলেন। আর দ্বিতীয় স্থানে ছিলেন সিপিএমের শম্ভুনাথ কুর্মি। এমনকি চতুর্থ স্থানে জায়গা হয় তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের, যেখানে তিনি মাত্র ২১০টি ভোট পেয়েছিলেন।
তবে দ্বিতীয় রাউন্ড গণনার শেষে সেই ব্যবধান আরও বাড়ান বিজেপি প্রার্থী দেবাংশু পন্ডা। এই রাউন্ডে ১২,৫৬৩ ভোটে এগিয়ে থাকেন তিনি। আর তাঁর মোট ভোট দাঁড়ায় ১৫ হাজার ৮৮৩। দ্বিতীয় স্থানে থাকেন সিপিআইএম প্রার্থী শম্ভুনাথ কুর্মি, এবং কংগ্রেসের প্রার্থী আব্দুর রাজ্জাক মোল্লা ৭০৯ ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিলেন। আর চতুর্থ স্থানে সেই তৃণমূলে জাহাঙ্গীর খানই, যার প্রাপ্ত ভোট ছিল মাত্র ৪৮১।
আরও পড়ুন: ফের ট্রাম্পের উপর হামলার ছক, হোয়াইট হাউসের সামনে এলোপাথাড়ি গুলি
তবে ইতিমধ্যেই পঞ্চম রাউন্ড শেষ হয়েছে। আর সেখানে একেবারে লাফ মেরেছেন বিজেপির প্রার্থী দেবাংশু পন্ডা। ৩০ হাজার ৫৬২ ভোট নিয়ে শীর্ষস্থানে রয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে থাকা সিপিআইএম প্রার্থী শম্ভুনাথ কুর্মির সঙ্গে তাঁর ভোটের ব্যবধান ১৪ হাজার ৫১৪। তৃতীয় স্থানে রয়েছেন কংগ্রেসের আব্দুর রাজ্জাক মোল্লা। যার ঝুলিতে ভোট গিয়েছে ৩৫১০টি। আর চতুর্থ স্থানে সেই ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গীর খান, যিনি পেয়েছেন মাত্র ১৬৮৫টি ভোট। তাঁর সঙ্গে বিজেপি প্রার্থীর ভোটের ব্যবধান একেবারে ২৮,৪৭৭।










