প্রীতি পোদ্দার, কলকাতা: ভোট পরবর্তী হিংসা (Post Poll Violence 2026) ক্রমেই বেড়ে চলেছে রাজ্য জুড়ে। জায়গায় জায়গায় উঠে আসছে বিজেপি তৃণমূল কর্মীদের সংঘর্ষের ঘটনা। এমতাবস্থায় বুধবার রাতে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে খুনের (Chandranath Rath Murder Case) ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। পরপর তিন রাউন্ড গুলি করা হয়েছিল তাঁকে। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসক মৃত বলে ঘোষণা করে দেয়। শোকে পাথর হয়ে গিয়েছে গোটা পরিবার। আর এবার ছেলের মৃত্যুতে দুষ্কৃতীদের কঠোরতম শাস্তির দাবি করলেন মা হাসি রানী রথ।
কী বলছেন নিহতের মা?
শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ককে খুনের ঘটনার ১০ ঘণ্টা পার হয়ে গিয়েছে। কিন্তু, এখনও পর্যন্ত মূল দোষী অধরা। যদিও তদন্ত জারি রেখে পুলিশ। এদিকে ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছেন চন্দ্রনাথের মা হাসি রানী রথ। তিনি অভিযোগ করেন যে এই হত্যাকাণ্ড পুরোটাই তৃণমূলের সাজানো গল্প। হাসি রানী দেবীর স্পষ্ট অভিযোগ, “আজ আমরা ক্ষমতায় আসার পর, যখন আমাদের নেতা বলছেন সুশৃঙ্খলভাবে থাকতে, তখন শাসকদের যাঁরা গরম গরম বক্তৃতা দিয়েছিল যে চার তারিখের পর কোনও বাপ রক্ষা করতে পারবে না, সেটাই করে দেখাল। আমি নতুন সরকারের কাছে আবেদন করব আমার ছেলের মৃত্যুর পিছনে যারা রয়েছে, তাদের যেন শাস্তিটুকু হয়।”
প্রতিশোধ নিতেই খুন?
বেশিরভাগ বিজেপি নেতা মনে করছেন যে ভবানীপুরে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন বলে তার প্রতিশোধ নিতেই গতকাল, রাতে আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন করা হয়েছিল। এবার সেই একই অভিযোগ তুললেন নিহতের মা। হাসি রানীদেবী বলেন,”আমার মনে হয় এই ভোটের লড়াইয়ে ভবানীপুর, নন্দীগ্রাম, চন্ডীপুর বিভিন্ন জায়গায় দায়িত্বে ছিল চন্দ্রনাথ, যার জন্য ও টার্গেট ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে শুভেন্দুবাবু হারাতেই প্রতিশোধ নেওয়া হয়েছে।”
পুলিশি তদন্তে ভরসা শুভেন্দুর
চন্দ্রনাথ রথের খুনের ঘটনার তদন্তে উঠে পড়ে লেগেছে রাজ্য পুলিশ। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজের মাধ্যমে একাধিক তথ্য পাওয়া গিয়েছে। সবটাই খতিয়ে দেখা হচ্ছে। যদিও পুলিশের তদন্তে পূর্ণ আস্থা রেখেছেন শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, “পুলিশ ঠিকঠাক তদন্ত করছে, আমার সঙ্গে ডিজিপি সাহেবের কথা হয়েছে। কিছু ক্লুও পাওয়া গিয়েছে। তুলেছে কয়েকজনকে। আমার বিশ্বাস, পুলিশ যথাসময়ে বলবে। সিআইডি, ফরেন্সিক, সিট…সবটা করছে। আমার মনে হয়, একটু ওয়েট করা উচিত। পুলিশ ঠিক লাইনে এগোচ্ছে। আমাদের রাজ্যে পুলিশ পারে না এমন কোনও কাজ নেই। আসলে এতদিন পুলিশকে করতে দেওয়া হয়নি।”
আরও পড়ুন: বসিরহাটে রাতের অন্ধকারে বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি
প্রসঙ্গত, নয়া মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার দুইদিন আগে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে খুনের ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতি এলাকায় এলাকায়। তবে চন্দ্রনাথের সঙ্গে গতকাল রাতে গাড়িতে যে চালক ছিল সে এখনও হাসপাতালে। তিনি সুস্থ হলে আশা করা যাচ্ছে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। অন্যদিকে চন্দ্রনাথের দেহ চণ্ডীপুরের বাড়িতেও নিয়ে যাওয়া হবে। চন্দ্রনাথকে শ্রদ্ধার্ঘ জানাবেন শুভেন্দু অধিকারী।










