“তিনবার হেরে এবার লজ্জায় ভোটে দাঁড়ায়নি” সেলিমকে চরম কটাক্ষ মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Published:

Suvendu Adhikari

সৌভিক মুখার্জী, কলকাতা: এবারের নির্বাচনের পর বাংলার রাজনীতিতে সবকিছুই ওলটপালট। একদিকে ভরাডুবি হয়েছে ১৫ বছরের শাসকদল তৃণমূল কংগ্রেসের। অন্যদিকে আবার বামফ্রন্ট শূন্যের ঘরানা কাটিয়ে দখল করেছে একটি আসন। সবচেয়ে বড় ব্যাপার, তৃণমূল ভেঙে বিভক্ত হয়েছে দুটি শিবিরে, যাদের মধ্যে একটিকে আবার শাসক দলকেই সমর্থন করতে দেখা যাচ্ছে। বিজেপির বিরুদ্ধে বিরোধিতা বলতে গেলে এখন শুধু সিপিএম এবং মমতার তৃণমূল। তবে বামফ্রন্টের প্রবীণ নেতা তথা রাজ্য কমিটির সম্পাদক মহম্মদ সেলিমকে এবার একহাত নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

সেলিমকে চরম কটাক্ষ শুভেন্দুর

নির্বাচনে বিজেপি রাজ্যের কুর্সি দখল করার পর থেকেই বিজেপি তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে একের পর এক আক্রমণ করে চলেছে বামফ্রন্টের নেতা-কর্মীরা। শতরূপ ঘোষ থেকে শুরু করে দীপ্সিতা ধর কিংবা মহম্মদ সেলিম, কেউই কম যান না। যদিও মুখ্যমন্ত্রী নিজেই বিভিন্ন জনসভা থেকে চরম আক্রমণ করছেন বামেদের। তবে এবার সেলিমকেই তীব্র কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। গতকাল সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, “উনি তো পরপর তিনবার হেরে এবার আর লজ্জায় ভোটে দাঁড়াননি। ওনাকে আমি বলব, কলকাতা কর্পোরেশনের নির্বাচনে কাউন্সিলর পদে লড়তে।”

শুভেন্দুর আরও কটাক্ষ, “যদি জামানত রাখতে পারেন তাহলে বুঝব যে উনি একজন বিরাট বড় নেতা। বড় মাপের নেতা হয়েছেন পশ্চিমবঙ্গে। উনিশে রায়গঞ্জে হেরেছেন, একুশে চন্ডীতলায় হেরেছেন, চব্বিশে মুর্শিদাবাদে হেরেছেন। যেখানে মুসলমান ভোট বেশি আছে, বেছে বেছে যায় দাঁড়াতে। নিজেকে, মুখে বলে যে আমরা ধর্মনিরপেক্ষ পার্টি। আর ভোটের হিসাব দেখে কোথায় মুসলমান ভোট বেশি আছে। উনিশে রায়গঞ্জে গেছিল, প্রায় ৫০% মুসলমান ভোট রয়েছে, হেরেছে। চন্ডীতলাতে গেছিল। প্রায় ৪০% মুসলমান ভোট রয়েছে, হেরেছে। চব্বিশে মুর্শিদাবাদে গেছিল, প্রায় ৭০% মুসলিম ভোট রয়েছে ওই লোভে। সেখানেও হেরেছে।”

আরও পড়ুন: হল না শেষ রক্ষা, চিকিৎসাধীন অবস্থায় SSKM-এ মৃত্যু পূর্বস্থলীর মণ্ডল সভাপতি সুজিত হালদারের

সেলিমকে বিঁধে শুভেন্দু আরও বলেন, “চতুর্থবার যাতে না হারতে হয়, সেই জন্য ছাব্বিশে আর ভোটে দাঁড়াননি। আমি উনাকে বলব, উনাকে নিয়ে যে বড় বড় ভাষণ মারেন নেতারা, এরা যেন আগামী দিনে কর্পোরেশন নির্বাচনে নিজেদের ওয়ার্ডে দাঁড়ায়। যদি জামানত রক্ষা করতে পারে, তাহলে বাড়িতে গিয়ে ফুল দিয়ে আসব।” যদিও শুভেন্দুর এই মন্তব্যের পর বামেদের তরফ থেকে এখনও মেলেনি কোনও প্রতিক্রিয়া। তবে সম্প্রতি বিভিন্ন জনসভায় দাঁড়িয়ে বামফ্রন্টকে দিনের পর দিন আক্রমণ করে চলেছেন মুখ্যমন্ত্রী অধিকারী। সেই সূত্রে এবার কাঠগড়ায় তুললেন সেলিমকে।

google button