“বিজেপির যোগ নেই, তৃণমূলের কেউ হুমকি…” আশিসের রহস্য মৃত্যু নিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর

Published:

Suvendu Adhikari

সৌভিক মুখার্জী, কলকাতা: নিজের দলীয় কার্যালয়ে আত্মঘাতী হয়েছেন রামপুরহাটের পাঁচবারের প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় (Asish Banerjee)। শুধু বিধায়ক নন, বরং তিনি পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকারের পাশাপাশি তৃণমূলের আমলে একাধিকবার মন্ত্রীত্বের দায়িত্বও সামলেছেন। এবারের নির্বাচনে বিজেপির প্রার্থীর কাছে হেরে যান তিনি। তবে রাজ্যে সরকারের পরিবর্তন হতেই বিভিন্নভাবে তাঁর উপর হুমকি দেওয়া হতো বলেই অভিযোগ। এবার তাঁর মৃত্যু নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?

প্রাক্তন বিধায়কের মৃত্যুর প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, পুলিশ প্রশাসনের তরফ থেকে কোনও নোটিশ দেওয়া হয়নি রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়কে। পাশাপাশি বিজেপির কেউ তাঁকে হুমকি দেননি। এর পিছনে তৃণমূলের দুর্নীতিগ্রস্তদের কেউ রয়েছে কিনা তা তদন্তসাপেক্ষ। এদিন নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, “খুবই দুঃখজনক ঘটনা। খবরটা শোনার পরেই মর্মাহত হয়েছি। আমরা যারা তাঁর সঙ্গে কাজ করেছি, ২০০৬ সালে যে গুটি কয়েকজন এমএলএ ছিলেন তাঁদের মধ্যে তিনি একজন। আমিও ছিলাম। তবে যা হয়েছে তা বেদনার। পুলিশ এবং জেলা শাসককে যা বলার বলেছি।”

এমনকি মুখ্যমন্ত্রীর আরও সংযোজন, “এদেরকে কেউ দুর্নীতিগ্রস্ত বলবেন না। শিক্ষাবিদ, সজ্জন রাজনীতিবিদ উনি। তাঁর অনুগামীদের বিরুদ্ধে অবশ্য অভিযোগ রয়েছে। সেই অভিযোগের সার্টিফিকেট দিতে পারব না। তবে উনি সৎ মানুষ। তৃণমূলের দুর্নীতিগ্রস্ত কারোর ফোন বা মেসেজ পেয়ে থাকতে পারেন আশিস। সেখানে তাঁকে ব্ল্যাকমেইল করা হতে পারে। নির্বাচনের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি করেছিলেন তিনি। তাঁকে ফাঁসানোর জন্য কোনও হুমকি দেওয়া হতে পারে। আমি পরিবারের পাশে থাকার কথা বলেছি। রাজ্যের ডিজিপি এবং বীরভূম জেলার এসপিকে মোবাইলগুলি দিতে বলেছি। মমতার আমলে দুর্নীতিগ্রস্তদের সঙ্গে ওনার দূরত্ব তৈরি হয়েছিল।”

আরও পড়ুন: দু’দিনেই বাজিমাত! বক্স অফিসে ঝড় তুলল জিতের ‘KBBKBD’, কত হল আয়?

প্রসঙ্গত, আজ সকালে বাড়ির কাছের দলীয় কার্যালয় থেকেই রামপুরহাটের পাঁচবারের প্রাক্তন বিধায়কের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এমনকি সেখান থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। তবে সেখানে তিনি লিখেছেন, রাজনৈতিক জীবনে তিনি কোনও দুর্নীতি করেননি। আগে জানলে রাজনীতিতে আসতেন না। পাশাপাশি তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নয় বলেও লিখেছেন তিনি। তবে সেই সুইসাইড নোটটি আদৌ তাঁর লেখা কিনা তা তদন্ত করা হচ্ছে। এমনকি গতকাল অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন পতাকা উত্তোলন করতেও হাজির ছিলেন তিনি।

google button