সহেলি মিত্র, কলকাতাঃ ভোট মিটতে না মিটতেই শুরু হয়ে গেল অশান্তি। ভোটের রেজাল্ট প্রকাশ পাওয়ার পর থেকেই দিকে দিকে উত্তপ্ত (Post Poll Violence) হয়ে উঠছে পরিস্থিতি। এদিকে আগুনের ওপর ঘি পড়ার মতো পরিস্থিতি হয়েছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়কের খুনের মামলা। তবে এখানেই শেষ নয়, এবার ভোট পরবর্তী হিংসায় কেঁপে উঠল পানিহাটি (Panihati)। বোমাবাজিতে কেঁপে উঠল অভয়ার মায়ের এলাকা, ঘটনায় জখম হয়েছেন বহু বিজেপি (BJP) সমর্থক। চলুন বিশদে জেনে নেওয়া যাক।
বোমাবাজিতে কেঁপে উঠল পানিহাটি
এই পানিহাটিতে বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি। এখানে বিজেপি প্রার্থী হয়ে লড়েছিলেন আরজি কর হাসপাতালের নির্যাতিতার মা রত্না দেবনাথ। আগামী ৯ মে নতুন বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা। কিন্তু তারই মাঝে এবার বোমাবাজির ঘটনায় কেঁপে উঠেছে পানিহাটির মতো জায়গা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে চারদিকে।
উত্তর ২৪ পরগণা জেলার পানিহাটিতে বুধবার রাতে কিছু দুষ্কৃতীর ছোঁড়া বোমার হামলায় আহত হন বিজেপির ৬ সমর্থক। জানা গিয়েছে সেন্ট জেভিয়ার্স স্কুলের সামনে এই বোমা ছোঁড়া হয়। ইতিমধ্যে আহতদের সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্থানীয় সূত্রে খবর, বুধবার রাতে পানিহাটির দু’নম্বর ওয়ার্ডের দত্ত রোডে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলেন বিজেপি কর্মীরা। তখনই মোটরসাইকেলে চেপে সেখানে হাজির হয় ৪ জন দুষ্কৃতী। রাত ১১টা থেকে ২টো পর্যন্ত এই বোমাবাজি চলে বলেও সূত্রের খবর। সেখানেই আহত হন কয়েকজন। সবথেকে বড় কথা, ঘটনাস্থলটি অভয়ার মা অর্থাৎ জয়ী বিজেপি প্রার্থী রত্না দেবনাথের বাড়ির কাছেই। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি তাঁকেই মূল টার্গেট করা হয়েছিল? সেটা হয়তো সময়ই বলবে। যদিও এহেন ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী স্বাভাভিকভাবেই আতঙ্কের মধ্যে রয়েছেন।
আরও পড়ুনঃ টানা ৩ দিন বাংলার গুরুত্বপূর্ণ লাইনে বাতিল ট্রেন, সংক্ষিপ্ত হবে যাত্রা! বিজ্ঞপ্তি পূর্ব রেলের
শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক খুন
বুধবার রাতে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলিতে ঝাঁঝরা করে দেয় কয়েকজন দুষ্কৃতি। উত্তর ২৪ পরগনার দোলতলা ও মধ্যমগ্রাম চৌমাথার মাঝে দোহারিয়া এলাকায় এই ঘটনা ঘটে। এদিকে আহত অবস্থায় তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে বাংলার চারিদিকে এক চাপা উত্তেজনা কাজ করছে। ঘটনায় অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের দিকে।










