ত্রিপল চোর তৃণমূল! বন্যার ত্রাণের ভূরি ভূরি সামগ্রী উদ্ধার ঘাটালে, দেখেই ক্ষেপল এলাকাবাসী

Published:

Ghatal

প্রীতি পোদ্দার, কলকাতা: বিজেপি ক্ষমতায় আসতেই তৃণমূলের একের পর এক দুর্নীতির পর্দা ফাঁস করেই চলেছে। ৯ মে শপথগ্রহণের পরেই দুর্নীতিমুক্ত রাজ্য গড়ে তুলতে এবং শক্ত হাতে বাংলার রাশ ধরতে প্রতিশ্রুতি অনুযায়ী শুরু থেকেই একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে চলেছে। এমতাবস্থায় তৃণমূল নেতার (TMC Leader) গোডাউন থেকে উদ্ধার হল বন্যাত্রাণের ত্রিপল, হাঁড়ি কড়া সহ একাধিক জিনিস। ঘটনাটি ঘটেছে ঘাটালে (Ghatal)। তুমুল বিক্ষোভ শুরু হয় এলাকা জুড়ে।

উদ্ধার একাধিক ত্রিপল

রিপোর্ট অনুযায়ী, পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনশুকা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঘোড়ইঘাট এলাকায় রাম পাল নামের এক তৃণমূল নেতার গোডাউন থেকে উদ্ধার হল সরকারি ত্রানসামগ্রী সহ একাধিক ত্রিপল। গতকাল, অর্থাৎ মঙ্গলবার, দুপুর নাগাদ ওই নেতার গোডাউন থেকে প্রচুর ত্রিপল ও সরকারি ত্রানসামগ্রী ট্রলিতে লোড করে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল, আর সেটি নজরে আসতেই এলাকায় তৈরি হয় তুমুল উত্তেজনা। স্থানীয়দের তৎপরতায় আটকে দেওয়া হয় ওই লড়ি। কীভাবে ওই ত্রিপলগুলি সেখানে এল সেই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

বিজেপি বিধায়কের হস্তক্ষেপে তদন্তের আশ্বাস

সরকারি ত্রানসামগ্রী মেলার এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট সহ বিশাল পুলিশ বাহিনী। এমতাবস্থায় তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে এই নিয়ে শুরু হয় তুমুল মারপিট। যদিও পুলিশ সবটাই নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এর আগেও এই তৃণমূল নেতা রাম পালের বিরুদ্ধে অনেক অভিযোগ উঠে এসেছিল। তিনি নাকি সরকারী অ্যাম্বুলেন্স বিক্রি করে দিয়েছিলেন। শেষমেষ বিজেপি বিধায়কের হস্তক্ষেপে তদন্তের আশ্বাস মেলে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এদিকে ওই তৃণমূল নেতার দাবি তার গুদামটি যেহেতু উঁচু জায়গায় তাই সেখানে পঞ্চায়েত প্রধান এই সকল দ্রব্য মজুদ রাখতে বলেছিলেন। কিন্তু পঞ্চায়েত পরবর্তীকালে জিনিসগুলো না নেওয়ায় সেগুলো তার গুদামেই রয়ে গিয়েছিল।

আরও পড়ুন: মহিলাদের বিনামূল্যে বাস ভ্রমণের জন্য পিংক কার্ড দেবে রাজ্য, ফ্রি পাস না পেলে কী হবে?

তৃণমূল নেতার দাবি মানতে নারাজ বিজেপি সমর্থকরা। পাল্টা অভিযোগ, আমজনতার বন্যাত্রাণের সামগ্রী ইচ্ছাকৃতভাবে গুদামে মজুত রাখা হয়েছিল, পরবর্তীকালে যাতে এগুলি কালোবাজারি দরে বিক্রি করা যায়। তবে সবটাই তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ। অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনার সাগরের রুদ্রনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় মনসা দেবী জীবনতলার ১০৬ নম্বর বুথ এলাকার পঞ্চায়েত সদস্য শেখ আব্দুল মান্নানের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী। তুমুল উত্তেজনার শুরু হয় স্থানীয়দের মধ্যে। শেষে পুলিশ দীর্ঘ চেষ্টার পর নিয়ন্ত্রণে নিয়ে আসে পরিস্থিতি।