আনিষা চৌধুরী, কলকাতা: উত্তর দিনাজপুরের ইসলামপুরে দলীয় সাংগঠনিক সভায় দাঁড়িয়ে কড়া বার্তা দিলেন মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। রবিবার কমলাগাঁও-সুজালি গ্রাম পঞ্চায়েত এলাকায় আয়োজিত ওই সভায় ফোনের মাধ্যমে কর্মী-সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখেন তৃণমূল (TMC) নেত্রী।। তাঁর বার্তা সবার সামনে তুলে ধরলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ ব্যানার্জি। যাঁরা দল (TMC) ছেড়ে অন্য শিবিরে চলে গিয়েছেন, মূলত তাঁদের উদ্দেশ্যেই বক্তব্য রাখলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
কী বললেন মমতা ব্যানার্জি?
মমতা বলেন, “বিজেপির বিরুদ্ধে লড়তে হলে আমাদের শক্তিশালী করুন। যাঁদের আপনারা কষ্ট করে জিতিয়েছেন, তাঁদের টাকা দিয়ে কিনে নিয়েছে। এরা বেইমান, এরা গদ্দার, এরা বিশ্বাসঘাতক, এদের কোনও ক্ষমা করবেন না। যাঁরা ফিরতে চান, তাঁদেরকে বলব ১৫ দিনের মধ্যে ফিরে আসতে হবে। যদি না পারেন, আমরা লড়ে নেব।” অর্থাৎ শাসনক্ষমতার হাতবদল হওয়ার পর দল ছেড়ে যাওয়া সাংসদ-বিধায়কদের প্রসঙ্গে তিনি বলেন, যাঁরা চলে গিয়েছেন, তাঁরা ১৫ দিনের মধ্যে ফিরে না এলে তাঁদের জন্য আর কোনও জায়গা থাকবে না।
একইসঙ্গে দলের সংগঠনকে শক্তিশালী করার উপর জোর দেন মমতা। তাঁর বক্তব্যে উঠে আসে, দলের নেতাদের তুলনায় কর্মী-সমর্থকরাই সংগঠনের মূল শক্তি। ১৯৯৮ সালে নতুন দল গড়ার প্রসঙ্গ টেনে তিনি ফের সংগঠনকে শক্তিশালী করার উৎসাহ দেন। পাশাপাশি বিজেপির বিরুদ্ধে লড়াই করতে দলকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
এদিকে, সভাকে ঘিরে রাজনৈতিক মহলে উত্তেজনাও দেখা যায়। সভায় যোগ দিতে যাওয়ার সময় কল্যাণ ব্যানার্জির গাড়ি ঘিরে একদল স্থানীয় বাসিন্দা বিক্ষোভ দেখান বলে অভিযোগ। তাঁকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ এবং ‘চোর চোর’ স্লোগানও ওঠে। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে এই ঘটনার সঙ্গে দলের কোনও যোগ নেই বলে দাবি করেছে বিজেপির স্থানীয় নেতৃত্ব। তাদের পাল্টা দাবি, এটি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের প্রতিফলন।
আরও পড়ুন: কলকাতার ফুটপাতে নিষিদ্ধ গ্যাসে রান্না, বড় রায় হাইকোর্টের
সভামঞ্চ থেকে কল্যাণ ব্যানার্জিও দলের ভিতরের বিরোধী শিবিরকে নিশানা করেন। ইসলামপুরের বিধায়ক কানাইয়ালাল আগরওয়ালের প্রসঙ্গ তুলে তিনি কর্মীদের উদ্দেশে বলেন, “দেখবেন ইসলামপুরের বিধায়ক যেন মুখ্যমন্ত্রীর সঙ্গেই থাকে।” পাশাপাশি একসময় মমতার জন্য ভোটে জিতে পরে ভিন্ন অবস্থান নেওয়া বিধায়কদের চিহ্নিত করে সাংগঠনিকভাবে কাজ করার কথাও বলেন তিনি।










