প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যে ক্ষমতার রদবদল হতেই একের পর এক অভিযোগ যেমন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে উঠে আসছে, ঠিক তেমনই পাল্টা সোশ্যাল মিডিয়ায় লাইভের মাধ্যমে বিজেপির কর্মকাণ্ড নিয়ে কড়া জবাব দিয়ে চলেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এমতাবস্থায় আজ অর্থাৎ মঙ্গলবার সমাজমাধ্যমে রাজনৈতিক বার্তা দিয়ে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে একগুচ্ছ অভিযোগ করেছেন তিনি। পাশাপাশি, নেতাজি (Netaji Subhash Chandra Bose) সম্পর্কে বিজেপি নেতাদের অসম্মানসূচক মন্তব্যের অভিযোগে রাজ্য জুড়ে প্রতিবাদের ডাক দিয়েছেন তিনি।
দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা মমতার
রাজ্যে সাধারণ নাগরিকদের উপর বিজেপি সরকারের অত্যাচারের অভিযোগ তুলে লাইভে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মী এবং সমর্থকদের উদ্দেশ্যে জানান যে, “আমি দুঃখিত আমি শোকাহত, বিজেপির কয়েকজন যারা রাজনীতির ‘র’ জানেনা, সংস্কৃতির ‘স’ জানে না, যারা সম্প্রীতির ‘স’ চেনে না, করা দেশটাকে চেনে না, বাংলাকে চেনে না তারা আজ দেশনায়ক সুভাষ চন্দ্র বসুকে অপমান করছে। কিন্তু মনে করবেন ও ব্যক্তিই প্রথম দেশের জন্য এত সংগঠন নির্মাণ করে দিয়ে গিয়েছেন। কিন্তু আজ সেই দেশনায়ক, রবীন্দ্রনাথ ঠাকুর সকলেই বাদ পড়ে গেলেন। অনেকে আবার দেশদ্রোহীও বলছেন নেতাজি সুভাষ চন্দ্র বসুকে।”
প্রতিবাদের ডাক যুব সমাজকে
নির্বাচনে বিজেপির প্রতিশ্রুতি নিয়েও এদিন লাইভে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, “ক্ষমতায় আসার আগে বিজেপি অনেক কথাই বলেছিল, ফাইল খুলবেন তাহলে কেন এখনও নেতাজির অন্তর্ধান রহস্যের ফাইল খোলা হচ্ছে না, আমরা দেশের নাগরিক হিসেবে যেমন মহাত্মা গান্ধীকে জাতির জনক হিসেবে সম্মান করি ঠিক তেমনি নেতাজি সুভাষচন্দ্র কে দেশের নেতা হিসাবে সম্মান জানাই। তাই আমাদের অধিকার এই সত্য সকলের জানার। আমি যুবসমাজকে আহ্বান জানাই এই সত্য সরকারের কাছে জানার জন্য তারা যেন দাবি তোলে। আমরা নেতাজিকে অপমান করতে দেব না। ”
আরও পড়ুন: ভবানীপুরে তেরঙ্গা মিছিল করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, কবে? প্রস্তুতি তুঙ্গে
প্রসঙ্গত, রেজিস্ট্রেশনের প্রশ্নে দীর্ঘদিন ধরে কর্নাটকের কংগ্রেস সরকারের সঙ্গেও সংঘাত চলছে আরএসএসের। এবার সেই রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ বা RSS এর রেজিস্ট্রেশন নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, অন্যান্য সংস্থার মতো তাদের বিদেশি অর্থের বিষয়ে স্বচ্ছতার দাবি করেছেন তৃণমূল নেত্রী। তাঁর দাবি বিজেপির শাখা সংগঠনের কোনো আইন নেই, বাকিদের ক্ষেত্রেই যা জোর জুলুম।










