সহেলি মিত্র, কলকাতা: ফের কে বসবে বাংলার মসনদে? তৃণমূলের কি কামব্যাক হবে নাকি অন্য কোনো দলের ওপর আস্থা দেখাবে বাংলার জনতা? সেই ছবি পরিষ্কার হয়ে যাবে আজ সোমবার। আজ ফলতা বাদে ২৯৩টি আসনে হবে আজ ফল (West Bengal Election 2026) ঘোষণা। এদিকে ভোট গণনা শুরু হওয়ার আগে সকলকে সতর্ক করলেন বিদায়ী মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
গণনার আগে সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
তিনি ফেসবুকে লেখেন, ‘সতর্ক থাকুন। পাহারা দিন। রাত জাগুন। অভিযোগ করুন। বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি, পরিকল্পিতভাবে লোডশেডিং করে দেওয়া হচ্ছে। হুগলির শ্রীরামপুর, নদীয়ার কৃষ্ণনগর থেকে বর্ধমানের আউশগ্রাম, কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এরকম ঘটনা সামনে এসেছে যেখানে দফায় দফায় লোডশেডিং করা হচ্ছে, সিসিটিভি বন্ধ করে দেওয়া হচ্ছে এবং স্ট্রং রুমে গাড়ি যাতায়াত করছে।’
তিনি আরও লেখেন, ‘ আমি দলের কর্মীদের আহ্বান জানাচ্ছি, আমি যেভাবে রাত জেগে সমস্ত বিষয়ের ওপর নজর রাখছি আপনারাও রাত জেগে স্ট্রংরুমে জনগণের ভোট পাহারা দিন। কোথাও কোনো সন্দেহজনক পরিস্থিতি কেউ সৃষ্টি করলে, তাদের ঘিরে ধরুন , সঙ্গে সঙ্গে অভিযোগ করুন এবং সিসিটিভি ফুটেজ দাবি করুন। এই সমস্তটাই বিজেপির অঙ্গুলিহেলনে করা হচ্ছে।’
কী বলছেন রাজ্যের প্রধান নির্বাচনী কর্তা?
এদিকে সকাল থেকেই জায়গায় কাউন্টিং এজেন্টদের বাধা দেওয়ার অভিযোগ উঠছে। যাদবপুর থেকে শুরু করে বেশ কিছু কেন্দ্রে একই ছবি। উঠছে হয়রানির অভিযোগ। যদিও অন্য কথা বলছেন রাজ্যের প্রধান নির্বাচনী কর্মকর্তা মনোজ কুমার আগরওয়াল। তিনি বলেছেন, “প্রতিটি স্থানে ব্যবস্থা একটাই, কোনও সংবেদনশীল বা অ-সংবেদনশীল গণনা কেন্দ্র নেই…এখানে তিন-স্তরের নিরাপত্তা আছে। CAPF এর পাশাপাশি, রয়েছে সশস্ত্র পুলিশ এবং রাজ্য পুলিশ। সব ধরনের ব্যবস্থাই আছে। কোনও সমস্যা নেই।”
আরও পড়ুনঃ খেল দেখাবে নিম্নচাপ, ঘূর্ণাবর্ত! দক্ষিণবঙ্গের ৩ জেলায় দুর্যোগের আভাস, আজকের আবহাওয়া
মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের প্রসঙ্গে, তিনি বলেছেন, “বিদ্যুৎ বিচ্ছিন্নতা নির্বাচন কমিশনের হাতে নেই। এটি বিদ্যুৎ বিভাগের ব্যাপার। আমি বিদ্যুৎ বিভাগকে অনবরত বিদ্যুৎ সরবরাহের জন্য সমস্ত অনুরোধ করেছি। জেনারেটরও রয়েছে, কোনও সমস্যা হবে না।”










