আরশোলা শায়েস্তা করতে ময়দানে ‘অগি’! ককরোচ জনতা পার্টির পাল্টা দল হল ওজেপি

Published:

Oggy Janata Party

সৌভিক মুখার্জী, কলকাতা: সোশ্যাল মিডিয়ায় এখন একটাই ট্রেন্ড ‘ককরোচ জনতা পার্টি’ (Cockroach Janta Party)। তবে প্রধান বিচারপতির মন্তব্যের বিরোধিতায় সদ্য তৈরি হওয়া এই দলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করে ফেলল অগি জনতা পার্টি বা ওজেপি (Oggy Janata Party)। সূত্রের খবর, অগি অ্যান্ড দ্য ককরোচেস কার্টুনের অনুকরণে তৈরি হওয়া এই দলের মূল লক্ষ্য আরসোলাদের সমস্ত নীতি আর রাজনীতির চুলচেরা বিশ্লেষণ করে সেগুলির মুখোশ খোলা। ইতিমধ্যেই ভার্চুয়াল লড়াইটি সাধারণ মানুষের হাসির খোরাক যোগানোর পাশাপাশি নতুন বিতর্কের জন্ম দিয়েছে। আর ইনস্টাগ্রামে মাত্র কয়েক দিনেই ওজেপির প্রায় ৯ হাজারের বেশি ফলোয়ারও যুক্ত হয়েছে।

ককরোচ জনতা পার্টির রাজনৈতিক যোগসূত্র নিয়ে বড়সড় ফাঁস

উল্লেখ্য, ওগি জনতা পার্টি প্রথম থেকেই দাবি করছে যে, সিজেপি কোনও স্বাধীন দল নয়, বরং এর পেছনে একাধিক রাজনৈতিক মদত রয়েছে। ওজেপি তাদের ইনস্টাগ্রাম পোস্টে বিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের একটি পুরনো টুইট সামনে আনে। ২০২৪ সালের ওই পোস্টটিতে অভিজিৎ দীপকে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা মণীশ সিসোদিয়াকে ধন্যবাদ জানিয়ে লিখেছিলেন যে, আপের সঙ্গে কাজ করার সুযোগ তাঁর জীবনের এক অমূল্য অভিজ্ঞতা। এমনকি উচ্চশিক্ষার জন্য বস্টনে গেলেও আপের প্রতি তাঁর সমর্থন সারা জীবন থাকবে।

সেই প্রসঙ্গ টেনেই ওজেপির দাবি, নিজেদেরকে নিরপেক্ষ আর তরুণদের কণ্ঠস্বর হিসেবে দাবি করলেও সিজেপি আদতে একটা রাজনৈতিক দলের আইটি সেল দ্বারা প্রভাবিত। ওজেপি তাদের বায়োতে লিখে রেখেছে, আমেরিকা ভিত্তিক সিজেপির মতো আমরা কোনও রকম রাজনৈতিক দলের মদতপুষ্ট নয়।

ওজেপি দলের মূল লক্ষ্য কী?

আসলে ওগি জনতা পার্টির অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, তাদের তৈরি হওয়ার উদ্দেশ্যটি কার্টুনের ওগি চরিত্রের মতোই সরল আর স্পষ্ট। তাদের মূল স্লোগান হল—যে কোনও ধরনের আরশোলাকেই চিরতরে খতম করতে হবে। তাদের প্রতিবাদ অনুযায়ী, আরশোলার আকার যেমনই হোক না কেন, প্রজাতি যাই হোক না কেন, তাদের বিনাশ করাই ওগির প্রধান ধর্ম। আর এটি মূলত ককরোচ জনতা পার্টির সমর্থকদের বিরুদ্ধে কটাক্ষ।

উল্লেখ্য, সমর্থকরা নিজেদেরকে আরশোলা বলতে গর্ব বোধ করার বিষয়টিকেও তীব্র কটাক্ষ করছে তারা। ভারতের স্বাধীনতা সংগ্রামীদের ছবি দিয়ে আবেগঘন পোস্ট করে সেখানে ওজেপি লিখেছে, “যে মাটিতে স্বাধীনতা আর ঐতিহ্য তৈরি হয়েছে বীরদের তলোয়ারের ধারালো আঘাত দিয়ে, সেই দেশের একদল তরুণ নিজেদেরকে আরশোলা বলতে গর্ববোধ করছে। একেই বলে চরম বেকারত্বের একমাত্র লক্ষণ।”

আরও পড়ুন: তৃণমূল ধরাশায়ী হতেই কেল্লাফতে! শহিদ মিনারে ২১ জুলাই পালনের ঘোষণা কংগ্রেসের

এমনকি সিজেপি বিতর্কিত পাঁচ দফা রাজনৈতিক ইশতেহারের বিপরীতে ওগি জনতা পার্টি সাধারণ মানুষের মানবিক আবেগকে স্পর্শ করে আলাদা ইশতেহার প্রকাশ করেছে। সেখানে তারা জানিয়েছে যে, তারা ক্ষমতায় এলে দেশের প্রতিটা রাস্তায় থাকা কুকুর-বিড়ালদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হবে। এমনকি পশুর উপর অত্যাচারের বিরুদ্ধে কঠোর আইন আনা হবে। আর শহরের প্রতিটি কোনায় কোনায় পশু খাদ্য বিতরণ মিশন চলবে, আর পথ কুকুরদের দত্তক নেওয়ার জন্য সচেতনতা বাড়ানো হবে।