অনন্যা সরকার, কলকাতা: বাঙালির অন্যতম প্রিয় মাছ হল ইলিশ (Ilish)। ইলিশপ্রেমী বাঙালির সংখ্যা গুনে শেষ করা যাবে না। তারপর আবার বর্ষাকাল। সুতরাং সোনায় সোহাগা। বৃষ্টিমুখর দিনে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজার জুড়ি মেলা ভার। এছাড়া সরষে ইলিশ, ইলিশ ভাপা বা কালোজিরে বেগুন দিয়ে ইলিশের ঝোল তো রয়েছে। তবে মুখ বদল করতে চাইলে ইলিশের আরেকটি বাইরের রেসিপি আপনাকে জানাতে পারি। সেটা হল ‘ইলিশের আচার’ (Ilish Achar Recipe)। কি? পড়ে ঘাবড়ে গেলেন! আরে, একবার এই রান্নার স্বাদ পেলে ভুলে যাবেন ইলিশের অন্য সব পদ। ঝটপট তৈরি হয়ে যায়, আর পাতে পড়লেই এক থালা ভাত মুহূর্তে ভ্যানিশ। চলুন তাহলে তাড়াতাড়ি এই রান্নার উপকরণ ও রন্ধন প্রণালী জেনে নেওয়া যাক।
ইলিশের আচার বানানোর উপকরণ
৪০০ গ্রাম ওজনের ইলিশ মাছের আচার বানানোর জন্য উপকরণ লাগবে এই কটি –
- ইলিশ মাছ – ৪০০ গ্রাম
- রসুন – ৬-৮ টি কলি
- আদা – ২ টুকরা
- পেঁয়াজ – ১ কাপ
- সাদা সর্ষে – ২ টেবিল চামচ
- কালো সর্ষে – ১ টেবিল চামচ
- সর্ষের তেল – ১ কাপ
- পাঁচফোড়ন – ১ চা চামচ
- গোটা শুকনো লঙ্কা – ১/২ কাপ (প্রয়োজন মতো)
- হলুদ গুঁড়ো- ১/২ চা চামচ
- তেঁতুলের ক্বাথ – ২ টেবিল চামচ
- নুন – ১. ৫ চা চামচ
- চিনি – ২ চা চামচ
আরও পড়ুন: নতুনত্ব স্বাদ উপভোগ করতে বাড়িতেই বানিয়ে ফেলুন গোলমরিচ কাতলা, রইল রেসিপি
ইলিশের আচার রান্নার প্রণালী
১) প্রথমে ইলিশ মাছটিকে ভালোভাবে ধুয়ে নিয়ে একটি পাত্রে গরম জলে নুন ও হলুদের দিয়ে সিদ্ধ করতে হবে। মাছ সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেলে চামচের সাহায্যে ধীরে ধীরে মাছ থেকে কাঁটাগুলিকে আলাদা করে দিতে হবে।
২) এরপর একটি ব্লেন্ডার জারে ১৫ মিনিট আগে জলে ভিজিয়ে রাখা শুকনো লঙ্কা, এক কাপ পেঁয়াজ কুচি, ২ টুকরো আদা, ৬ থেকে ৭ টি বড় রসুনের কলি, ২ টেবিল চামচ সাদা সর্ষে এবং ১ টেবিল চামচ কালো সর্ষে নিয়ে এক থেকে দেড় মিনিট ব্লেন্ড করলেই একটি সুন্দর পেস্ট তৈরি হয়ে যাবে।
৩) এরপর সিদ্ধ করা মাছটিকে একটি স্ট্রেনার বা ছাঁকনির মধ্যে নিয়ে ভালো করে চামচ দিয়ে নেড়ে ঘেঁটে দিলে দেখবেন কাঁটাগুলি আলগা হয়ে গিয়েছে। এবার ধীরে ধীরে মাছ থেকে কাঁটা সরিয়ে ফেলতে হবে। এই কাজটি একটু ধৈর্য ধরে করতে হবে। তারপর মাছটি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন কিংবা সিদ্ধ ছাড়ানো অবস্থাতেও রান্নায় ব্যবহার করতে পারেন।
আরও পড়ুন: মাখন-গোলমরিচের মেলবন্ধনে বানিয়ে ফেলুন গরম গরম মটন স্টু, রইল রেসিপি
৪) পরবর্তী পর্যায়ে কড়াইতে সরষের তেল গরম করে তার মধ্যে এক চা চামচ পাঁচফোড়ন দিয়ে বেটে রাখা মসলার মিশ্রণটি ঢেলে দিতে হবে। উনুনের আঁচ লো থেকে মিডিয়ামে রেখে কিছুক্ষণ মসলাটি কষাতে হবে। তারপর কাঁটা বেছে রাখা সিদ্ধ ইলিশ মাছটি কড়াইতে দিয়ে দিতে হবে।
৫) ভালোভাবে নাড়াচাড়া করার পর রান্না থেকে সমস্ত জল যখন শুকিয়ে যাবে, তখন দু টেবিল চামচ তেঁতুলের ক্বাথ, আন্দাজ মতো নুন ও চিনি মিশিয়ে নিলেই ইলিশের লোভনীয় আচার একদম প্রস্তুত। এরপর আর কি! গরম ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন এই ভাইরাল রেসিপি।










