চুলের যত্ন নিতে ঘরেই তৈরি করে ফেলুন আমলা তেল, রইল সহজ পদ্ধতি

Published:

homemade hairoil

আনিষা চৌধুরী, কলকাতা: চুল পড়া, খুশকি কিংবা অকালপক্বতা ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকের কাছেই একটা সমস্যার বিষয়। মাথায় চুল ধরে রাখতে অনেকেই নিয়মিত তেল ব্যবহার করেন। বর্তমানে বাজারে নানা ধরনের হেয়ার অয়েল পাওয়া যায়। কিন্তু তাতে ভেজাল আছে কিনা বুঝবেন কী করে? অর্থ বাঁচাতে এবং খাঁটি তেল পেতে ঘরেই তৈরি করে নেওয়া যায় আমলা বা আমলকির তেল (Amla Oil)। সামান্য কয়েকটি ঘরোয়া উপাদানে তৈরি এই তেল আপনার চুলকে যে কোনও বাজারজাত তেলের তুলনায় ১০০% বেশি পুষ্টি দিতে পারে।

কী কী লাগবে? কীভাবে তৈরি করবেন?

এই তেল তৈরি করতে লাগবে ৫-৬টি তাজা আমলা, এক কাপ খাঁটি নারকেল তেল, এক টেবিল চামচ মেথি দানা এবং ১০-১২টি কারিপাতা। কারিপাতাটা আবশ্যিক নয়, আপনি চাইলে নাও দিতে পারেন। আমলা ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিয়ে বীজ বের করে কুরিয়ে নিতে হবে। চাইলে মিক্সিতে জল না দিয়ে সামান্য মোটা করে আমলা বেটে নেওয়া যায়।

এরপর ভারী কোনও পাত্র বা লোহার কড়াইয়ে নারকেল তেল দিয়ে খুব কম আঁচে গরম করতে হবে। তেল গরম হলে তার মধ্যে আমলা, মেথি দানা এবং কারিপাতা দিয়ে দিতে হবে। পুরো মিশ্রণটি কম আঁচে প্রায় ১৫-২০ মিনিট রান্না করতে হবে। আমলার রং কিছুটা বাদামি বা গাঢ় হয়ে এলে আঁচ বন্ধ করে দিতে হবে। এরপর তেলটি ৬-৮ ঘণ্টা, প্রয়োজনে রাতভর রেখে দিতে পারেন। এতে উপকরণগুলির নির্যাস তেলের সঙ্গে মিশে যাবে। ঠান্ডা হয়ে গেলে পরিষ্কার পাতলা কাপড় বা ছাঁকনি দিয়ে ছেঁকে শুকনো কাচের বোতলে রাখতে হবে।

আরও পড়ুন: মা রাঁধুনি, বাবা ইটভাটায় শ্রমিক, মাত্র ২২ বছর বয়সে UPSC ক্র্যাক করে IPS হলেন ছেলে

ব্যবহারের আগে কী কী মনে রাখবেন?

ঘরে তৈরি তেলে সংরক্ষণকারী উপাদান না থাকায় পরিষ্কার, শুকনো পাত্র ব্যবহার করা গুরুত্বপূর্ণ। একইসঙ্গে অতিরিক্ত তেল ব্যবহার না করে প্রয়োজন অনুযায়ী অল্প পরিমাণে সিঁথি ও চুলে লাগিয়ে দেখতে পারেন। তবে চুল পড়া বা স্ক্যাল্পের সমস্যা দীর্ঘদিন ধরে চলতে থাকলে শুধু তেলের উপর নির্ভর না করে সমস্যার কারণ খুঁজে দেখা প্রয়োজন। নারকেল তেল চুলের ক্ষতি ও প্রোটিনের ক্ষয় কমাতে সহায়ক হতে পারে, তবে সমস্যা অনেক জটিল হলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়াই মঙ্গল।

google button