প্রীতি পোদ্দার, কলকাতা: মাছে ভাতে বাঙালির অন্যতম প্রিয় মাছ হল রুই (Rui)। আর এই মাছ (Fish) দিয়ে হরেক রকমের পদই কম বেশি রান করা হয়। তবে কখনও কি রুই মাছ দিতে রুই পোস্ত (Rui Posto) খেয়েছেন? অনেকের কাছে পোস্ত (Posto) মানেই স্বাদে স্বর্গ। আলু পোস্ত, ঝিঙে পোস্ত সহ মাছও রান্না হয় পোস্ত দিয়ে, তবে এবার এই পোস্ত দিয়ে রান্না করা হবে রুই মাছ। কীভাবে? তাহলে আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নিন বিস্তারিত।
উপকরণ
রুই পোস্ত বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলি হল — রুই, নুন, হলুদ গুঁড়ো, পাতিলেবুর রস, আদা কুচি, কাজু, পোস্ত, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, দারচিনি, গোটা গরমমশলা, পেস্তা, পেঁয়াজ বাটা, দুধ, চিনি, ঘি, গরম মশলা গুঁড়ো, সর্ষের তেল।
রান্নার পদ্ধতি
- কর্মব্যস্ততার জন্য সকলেই চটজলদি কিছু রান্নার রেসিপি খুঁজতে থাকে, যেটা স্বাদে যেমন হিট হবে ঠিক তেমনই আবার দেখতেও বেশ লোভনীয় হবে। তাই সেই কথা মাথায় রেখে আপনাদের সকলের জন্য নিয়ে আসা হল এই রুই পোস্ত। রুই মাছের মোলায়েম স্বাদ আর পোস্তবাটার মশলা মিলিয়ে এই রেসিপি হয়ে উঠবে মনমুগ্ধকর। চলুন কীভাবে বানানো যায়, দেখে নিন একনজরে।
- রুই পোস্ত বানানোর জন্য বাজার থেকে আনা রুই মাছগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এরপর প্রতিটা মাছের টুকরোগুলোকে পাতিলেবুর রস, নুন এবং সামান্য হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিতে হবে।
- এবার একটি ব্লেন্ডারে আদা কুচি, কাজু, পোস্ত, কাঁচা লঙ্কা এবং সামান্য জল দিয়ে ঘন একটি পেস্ট বা মিশ্রণ বানিয়ে নিতে হবে। অন্যদিকে একটি কড়াইতে সামান্য সর্ষের তেল গরম করে নিন, হলুদ এবং পাতিলেবুর রস দিয়ে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে ভেজে নিতে হবে।
- মাছগুলো একটি একটি করে ভাজা হয়ে এলে ওই একই তেলের মধ্যে শুকনো লঙ্কা, দারচিনি, গোটা গরমমশলা, পেস্তা ফোড়ন দিয়ে নিতে হবে। সামান্য নাড়াচাড়া করার পর ওর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিতে হবে। সঙ্গে সামান্য নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে।
আরও পড়ুন: বর্ষার দুপুরে গরম ভাতের সঙ্গে বানিয়ে ফেলুন ইলিশের আচার, স্বাদ হবে অতুলনীয়
- পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পর ওর মধ্যে আদা কুচি, কাজু, পোস্ত, কাঁচা লঙ্কা মিশ্রণটা ঢেলে দিতে হবে। সবটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর মশলাটা কষিয়ে নিতে হবে।
- মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে সামান্য চিনি দিয়ে ঢেলে দিতে হবে দুধ, সবটা ভালো করে মাখিয়ে নিতে হবে। গ্রেভি অনুযায়ী দিয়ে দিতে হবে গরম জল। পুরো মিশ্রণটা যাতে ভালো করে গুলে যায়, তার জন্য ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ৭-৮ মিনিট পর যখন গ্রেভিটা ফুটতে থাকবে তখন ভাজা মাছগুলো ওর মধ্যে দিয়ে দিতে হবে।
- মাছসহ ঝোল ফুটে এলে শেষের দিকে উপর থেকে দিয়ে দিতে হবে ঘি এবং গরম মশলা গুঁড়ো, ব্যাস, তাহলেই তৈরি রুই পোস্ত। দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি খেতে দারুণ লাগবে। চাইলে এর সঙ্গে ঝাল বুঝে কাঁচা লঙ্কাও নিয়ে নিতে পারেন।










