প্রীতি পোদ্দার, কলকাতা: মিষ্টি খেতে কে না ভালোবাসে বলুন তো? কিন্তু স্বাস্থ্য, ওজনের কথা মাথায় রেখে অনেকেই খেতে পারেন না ঠিকঠাক মিষ্টি (Sweet Recipe)। যদিও অনেকেই সেই সব ভুলে নিজেদের পছন্দকেই বেছে নেয়। শীতের মরশুমে গাজরের হালুয়া (Halwa) বেশ জনপ্রিয়। কিন্তু একঘেয়ে হালুয়া খেতে খেতে অনেকেরই স্বাদ নষ্ট হয়ে যায়, তাই আমাদের আজকের প্রতিবেদন নিয়ে এসেছে এক অনবদ্য রেসিপি আর সেটি হল ছোলার ডালের হালুয়া (Cholar Daler Halwa)।
উপকরণ
ছোলার ডালের হালুয়া বাড়ানোর জন্য যে যে উপকরণগুলো দরকার সেগুলি হল- ২৫০ গ্রাম ছোলার ডাল, ৩৫০ মিলি জল, নারকেল কোরা ৭০০ গ্রাম, গরম জল ৭০০ মিলি, ঘি ৬০ গ্রাম, তিনটে এলাচ, একটা তেজপাতা, ২৫০ গ্রাম চিনি, কাজু বাদাম ২৫ গ্রাম, কিসমিস ২৫ গ্রাম, নুন,
রান্নার পদ্ধতি
হালুয়া খেতে কম বেশি সকলের বেশ ভালো লাগে, তবে সেই স্বাদে যদি খানিক টুইস্ট আসে, তাহলে মন্দ হয় না, তাই চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই ছোলার ডালের হালুয়া (Cholar Daler Halwa) বানানো যায়।
- প্রথমে ২৫০ গ্রাম ছোলার ডাল ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে, এরপর পরিষ্কার জলে সেই ধুয়ে রাখা ছোলার ডাল গুলোকে প্রায় আধঘন্টা মতো ভিজিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। এরপরে ভিজিয়ে রাখা ছোলার ডাল গুলোর জল ঝরিয়ে নিয়ে একটি প্যানের মধ্যে ৩৫০ মিলি জল গরম করে ওর মধ্যে ঢেলে দিতে হবে। অন্তত ১৫ মিনিটের জন্য সেটিকে সেদ্ধ করে নিতে হবে।
- ঠান্ডা হয়ে এলে এবার একটি ব্লেন্ডারের মধ্যে সম্পূর্ণটা মিহি করে একটি মিশ্রণ বানিয়ে নিতে হবে। অন্যদিকে নারকেলের দুধ বানানোর জন্য তিনটে নারকেল ভালো করে কুড়িয়ে নিতে হবে। প্রায় ৭০০ গ্রাম নারকেল কোরা নিলেই হয়ে যাবে। একটি ব্লেন্ডারে সেই নারকেল কোরা এবং ৭০০ মিলি গরম জল একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে।
- ভালো করে মিহি করার পর একটি পরিষ্কার কাপড়ের মধ্যে সেই মিশ্রণটা ঢেলে চেপে চেপে গরম অবস্থাতেই নারকেলের দুধ বের করে নিতে হবে। খুব সাবধানে এই কাজটি করতে হবে যাতে হাতে গরমের তাপে ফোসকা না পড়ে যায়। প্রায় এক লিটার দুধ হলেই হয়ে যাবে রান্নায়। এরপর কাজুবাদাম এবং কিসমিস গুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে।
- কড়াইতে এবার ৬০ গ্রাম ঘি নিয়ে নিতে হবে। সেটি গরম হয়ে এলে ছোলার ডালের মিহি মিশ্রণটা ঢেলে দিতে হবে। এই মিশ্রণটা বিস্কুটের গুড়োর মতো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ একনাগাড়ে খুন্তি দিয়ে নাড়া দিয়ে যেতেই হবে। প্রথমে মিশ্রণটা দলাদলা হয়ে আসলেও পরে গুড়ো গুড়ো হবে এবং শেষে সম্পূর্ণ ব্রেড ক্রামসের মত হয়ে যাবে।
আরও পড়ুন: চাল কুমড়ো পাতা দিয়ে এভাবে বানিয়ে ফেলুন শুঁটকির বড়া, স্বাদ হবে অসাধারণ
- এবার সেটিকে ঠান্ডা করতে দিতে হবে। এবার ওই কড়াইতে পুনরায় ৮৫ গ্রাম ঘি গরম করে ওর মধ্যে তিনটে এলাচ, একটা তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েই ঢেলে দিতে হবে নারকেলের দুধটা। সঙ্গে দিয়ে দিতে হবে ২৫০ গ্রাম চিনি, কেটে রাখা কাজু বাদাম, কিসমিস। তার সঙ্গে চিনির স্বাদটা খানিক ব্যালেন্স করার জন্য দিয়ে দিতে হবে সামান্য নুন। সবটা এবার ভালো করে মিশিয়ে মাঝারি আঁচে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া দিয়ে দিতে হবে।
- মিশ্রণটা যখন আস্তে আস্তে ঘন হয়ে আসবে তখন তেজপাতা এবং এলাচটাকে বাইরে বের করে নিতে হবে। যখন ঘি টা আস্তে আস্তে ছেড়ে আসবে তখন একটা পাত্রে সামান্য ঘি মিশিয়ে সেই ছোলা এবং নারকেলের দুধের মিশ্রণটা ঢেলে ছড়িয়ে দিতে হবে। এরপর এই গরম অবস্থায় বরফির আকারে কেটে নিতে হবে, ওপরে দিয়ে দিতে হবে ছোট ছোট কাজুর টুকরো, ব্যাস, তাহলেই তৈরি ছোলার ডালের হালুয়া।










