চাল কুমড়ো পাতা দিয়ে এভাবে বানিয়ে ফেলুন শুঁটকির বড়া, স্বাদ হবে অসাধারণ

Published:

Shutkir Bora

প্রীতি পোদ্দার, কলকাতা: মাছ প্রিয় বাঙালির কাছে যে কোন মাছ-ই (Fish) তাদের কাছে অমৃতের সমান, কিন্তু ঘটিরা আবার শুঁটকির (Shutki) নাম করলেই কেমন যেন নাক সিঁটকান, যদিও রান্না সেইরকম করলে এর স্বাদ হয় অত্যন্ত লোভনীয়। অনেক বাঙাল বাড়িতে এই মাছের জনপ্রিয়তা বেশ, তাই আমাদের আজকের প্রতিবেদন নিয়ে এসেছে শুঁটকির এক অনবদ্য রেসিপি, আর সেটি হল চাল কুমড়ো পাতায় শুঁটকির বড়া (Shutkir Bora)। চলুন কীভাবে বানানো হয় জেনে নেওয়া যাক বিস্তারিত।

উপকরণ

চাল কুমড়ো পাতায় শুঁটকির বড়া বানানোর জন্য যে যে উপকরণ গুলো লাগবে সেগুলি হল- চাল কুমড়ো পাতা, ১০০ গ্রাম লইট্যা শুঁটকি, ২৫০ গ্রাম পেঁয়াজ কুচি, ৩০ গ্রাম রসুন কুচি, ১৫ গ্রাম কাঁচা লঙ্কা কুচি, ১৫ গ্রাম শুকনো লঙ্কা, নুন, হলুদ, ৫০০ মিলি গরম জল, ৯০ গ্রাম সর্ষের তেল,

রান্নার পদ্ধতি

চাল কুমড়ো দিয়ে বাঙালি হেঁসেলে নানান রকমের পদ রান্না করা হয়ে থাকে। কিন্তু কখনো চাল কুমড়ো পাতা দিয়েও যে সুস্বাদু রান্না করা যায় তা অনেকেই জানেন না। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক কীভাবে চাল কুমড়ো পাতায় শুটকির বড়া বানানোর হয় –

  • প্যাকেটজাত ১০০ গ্রাম লইট্টা শুঁটকি সমপরিমাণের তুলনায় একটু বেশি গরম জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। কারণ এই মাছের মধ্যে প্রচুর ময়লা এবং বালি থাকে তাই সেগুলি পরিষ্কার করার জন্য গরম জলে আধ ঘণ্টা মতন চুবিয়ে রাখা হয়। অন্যদিকে একটি ব্লেন্ডারে ৩০ গ্রাম রসুন কুচি, ১৫ গ্রাম কাঁচা লঙ্কা কুচি এবং ১৫ গ্রাম জলে ভেজানো শুকনো লঙ্কা ও সামান্য জল দিয়ে একটা মিহি মিশ্রণ বানিয়ে নিতে হবে।
  • ভিজিয়ে রাখা শুঁটকি মাছগুলোকে এবার ঠান্ডা জলের মধ্যে দিয়ে ভালো করে হাত দিয়ে ধুয়ে নিতে হবে। এবার ওই মাছগুলোর মধ্যে নুন হলুদ ভালো করে মাখিয়ে ৫০০ মিলি মত গরম জল দিয়ে পুনরায় ফুটিয়ে নিতে হবে। মাছটা নরম হয়ে এলে এবার হামান দিস্তায় একটু থেঁতো করে নিতে হবে। খেয়াল রাখবেন মাছগুলো যেন বেশি বাটা না হয়ে যায়।
  • এবার কড়াইতে সর্ষের তেল গরম করে ওর মধ্যে কুচোনো পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিতে হবে। ব্রাউন শেড আসলেই এবার ব্লেন্ড করে রাখা রসুন এবং কাঁচা লঙ্কার মিশ্রণটা ঢেলে দিতে হবে। যতক্ষণ না মশা থেকে তেল ছাড়ছে ততক্ষণ ধরে গোটা মিশ্রণটা ভালো করে কষিয়ে নিতে হবে।

আরও পড়ুন: পাকা তাল দিয়ে জন্মাষ্টমীতে বানিয়ে ফেলুন রসালো ‘লতিকা’, কীভাবে? রইল পদ্ধতি

  • মশলা থেকে তেল বেরোনো মাত্রই থেঁতো করে রাখা শুঁটকি মাছগুলো দিয়ে দিতে হবে। ভালো করে মাখিয়ে নিতে হবে। যদি এখানে নুনের প্রয়োজন হয় তাহলে সামান্য নুনও ছড়িয়ে দিতে পারেন। ব্যস তাহলেই তৈরি শুঁটকি মাছের পুর। অন্যদিকে বাজার থেকে আনা চাল কুমড়া পাতাগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে বোটার দিকটা কেটে নিতে হবে।
  • এবার পাতাগুলোর মধ্যে শুঁটকি মাছের পুরটা ঢুকিয়ে পানের মতো করে খিলি বানিয়ে ওটাকে দড়ি দিয়ে বেঁধে দিতে হবে। একে একে প্রতিটি চাল কুমড়ার পাতায় পুর ঢুকিয়ে নিতে হবে। কড়াইতে এবার সামান্য সরষের তেল গরম করে সেই পড়া গুলো ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন যাতে বড় গুলো অতিরিক্ত ভাজা না হয়ে যায়। ব্যস, তাহলেই তৈরি চাল কুমড়ো পাতায় শুটকির বড়া (Shutkir Bora)। গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি খেতে দুর্দান্ত লাগবে।