প্রীতি পোদ্দার, কলকাতা: বাড়িতে মাংস আসলেই মনটা কেমন যেন খুশি খুশি হয়ে যায়। রুটি, পরোটা, ভাত, পোলাও, লুচি যে কোনও কিছুর সঙ্গেই চোখ বুজে খেয়ে ফেলা যায় চিকেনের (Chicken) নানা পদ। তবে সবসময় হয় ঝোল না হয় চাপ খেতে হয়। স্বাদে তাই অন্যরকম চমক আনতে বানিয়ে ফেলুন চিকেন পাতুরি (Chicken Paturi)। ভাবছেন নিশ্চয়ই চিকেনের আবার পাতুরি হয় নাকি? ঠিক হয়, সর্ষে, পোস্ত দিয়ে তৈরি এই পদ (Recipe) গরম ভাত বা পোলাও, সব কিছুর সঙ্গেই বেশ মানায়। রইল সেই রেসিপি।
উপকরণ
মুরগি পাতুরি বানানোর জন্য যে যে উপকরণ গুলো দরকার সেগুলি হল- চিকেন, কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, নারকেল কোড়া, আদা, রসুন, কাঁচা লঙ্কা, নুন, চিনি, টক দই, সর্ষের তেল, কলাপাতা, গন্ধরাজ লেবু,
রান্নার পদ্ধতি
বাঙালি হেঁসেলে পাতুরির একটি আলাদাই ভূমিকা রয়েছে। তাইতো অনুষ্ঠান বাড়ি হোক কিংবা ভুরিভোজের আড্ডা গরম ভাতের সঙ্গে প্রায় সময় দেখা যায় পাতুড়ির কোন না কোন পদ। তবে বেশিরভাগ সময়ই হয় ইলিশ পাতুরি না হয় ভেটকি মাছের পাতুরি খেতেই দেখা যায়। তাই আজ শিখে নিন কীভাবে বাড়িতেই সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় চিকেন পাতুরি (Chicken Paturi)।
- প্রথমে বাজার থেকে আনা বোনলেস চিকেনগুলি ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে চিকেনের গায়ে কোনো রক্তের দাগ বা নোংরা না লেগে থাকে। এবার একটি মিক্সিং বোলে সেই চিকেনগুলো ভালো করে পেস্ট করে নেব।
- চিকেনগুলো ভালো করে পেস্ট করা হয়ে গেলে আলাদা পাত্রে রেখে দিতে হবে। এবার একটা ভালো নারকেল ফাটিয়ে ওর মধ্যে থেকে জল বের করে নারকেলের সাদা অংশ কুড়িয়ে নিতে হবে। পুনরায় ওই মিক্সিং বোলে এবার কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, নারকেল কোড়া, আদা, রসুন এবং কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে।
- এবার নারকেল এবং আদার মিশ্রণের মধ্যে মশলা হিসেবে দিয়ে দিতে হবে নুন চিনি সঙ্গে দিয়ে দিতে হবে ফেটিয়ে রাখা টক দই এবং সর্ষের তেল। ভালো করে সবটা মাখিয়ে নিতে হবে, যাতে কোনো দানা না থাকে। যদি এক্ষেত্রে না ফেটিয়ে টক দই ব্যবহার করেন তাহলে মিশ্রণের মধ্যে দইয়ের দানা ভেসে থাকবে।
- এরপর চিকেনের মিশ্রণের মধ্যে ওই মিশ্রণটা ভালো করে মাখিয়ে নিতে হবে এবং উপর থেকে সামান্য গন্ধরাজ লেবুর রস ছড়িয়ে দিতে হবে। অন্যদিকে কলাপাতা গুলো ভালো করে ধুয়ে নিতে হবে যাতে সেখানে কোন নোংরা দাগ না লেগে থাকে। এবার পাতাগুলো সেঁকে নেওয়ার জন্য একটি শুকনো প্যানে ওই পাতাগুলো এপিঠ ওপিঠ ভালো করে তাপ দিয়ে নিতে হবে।
আরও পড়ুন: বর্ষার সন্ধ্যায় চায়ের আড্ডা জমে যাক মাছের বেগুনি দিয়ে, রইল রেসিপি
- সেঁকে রাখা কলাপাতা গুলোর মধ্যে এবার একটু একটু করে চিকেনের মিশ্রণটা ভালো করে চৌক সেপ দিয়ে ওর মধ্যে দিয়ে দিতে হবে এবং ওপরে গোটা কাঁচা লঙ্কা সামান্য সরষের তেল এবং গন্ধরাজ লেবুর স্লাইস দিয়ে দিতে হবে। সবশেষে পাতাটা কাঠি দিয়ে মুড়িয়ে আটকে দিতে হবে।
- এক এক করে কলাপাতায় মোড়ানো পাতুরি গুলো সাদা তেল গরম করে হালকা ভেজে নিতে হবে। ব্যাস তাহলেই তৈরি মুরগি পাতুরি গরম গরম ভাতের সঙ্গে এই মুরগি পাতুরি খেতে লাগবে দারুণ।










