পুজোয় দুপুরের ভোজ হোক জমজমাট! বাড়িতেই বানান চিকেন দরবারি, রইল রেসিপি

Published:

Chicken Darbari

প্রীতি পোদ্দার, কলকাতা: মাঝেমধ্যে নিরামিষ রান্না খেতে হলেও পুজোর (Durga Puja 2026) কদিন আমিষ ছাড়া কোনো কথা হয় না। এক বেলা নয় প্যান্ডেল হপিং করতে গিয়ে বন্ধুবান্ধব বা পরিবারের সঙ্গে বাইরে খেলেন কিন্তু আর এক বেলায় খাওয়াদাওয়া তো বাড়িতেই করতে হবে। তাই সেক্ষেত্রে প্রতিদিন পাতে রাখতে হয় কিছু স্পেশাল মেনু (Recipe)। আমাদের আজকের প্রতিবেদন চিকেনের এক দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়েছে, আর সেটি হল চিকেন দরবারি (Chicken Darbari)। চলুন এক নজরের সম্পূর্ণ রেসিপিটি জেনে নেওয়া যাক বিস্তারিত।

উপকরণ

চিকেন দরবারি বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলি হল- ১.৫ কেজি চিকেন, ৫০০ গ্রাম পেঁয়াজ, টমেটো বাটা, হলুদ গুঁড়ো, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, টক দই, সাদা তেল, ৩ শুকনো লঙ্কা, ২ চা চামচ গোটা ধনে, ১ চা চামচ মৌরি, ১ চা চামচ গোটা গোলমরিচ, ৪ লবঙ্গ, ৪ এলাচ, জয়ত্রী, দারচিনি, আমন্ড বাদাম, সাদা তেল।

রান্নার পদ্ধতি

  • প্রথমে চিকেন ম্যারিনেট করে নেওয়ার জন্য একটি বাটির মধ্যে নিয়ে নিতে হবে দেড় কেজি চিকেন, হাফ চামচ হলুদ গুঁড়ো, নুন, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এক চামচ আদা বাটা, কাঁচালঙ্কা বাটা, ৩ চামচ রসুন বাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে।
  • এবার সেই মিশ্রণের মধ্যে ২ চামচ টক দই এবং দেড় চামচ সাদা তেল দিয়ে পুনরায় ভালো করে মাখিয়ে নিতে হবে। সম্পূর্ণটা মাখিয়ে নেওয়ার পর এবার এই মিশ্রণটিকে অন্তত ১৫ থেকে ২০ মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে।
  • অন্যদিকে একটি শুকনো কড়াইতে ৩ শুকনো লঙ্কা, ২ চা চামচ গোটা ধনে, ১ চা চামচ মৌরি, ১ চা চামচ গোটা গোলমরিচ, ৪ লবঙ্গ, ৪ এলাচ, জয়ত্রী, দারচিনি ভালো করে ভেজে নিতে হবে। ৩-৪ মিনিট ভাজার পর এই মসলাগুলো একটি ব্লেন্ডারে মিহি গুঁড়ো করে নিতে হবে।

আরও পড়ুন: ফল খেতে অনীহা? বাড়িতে এই কায়দায় বানিয়ে ফেলুন আপেল চাট, রইল রেসিপি

  • কড়াইতে এবার সাদা তেল গরম করে ওর মধ্যে পেঁয়াজকুচিগুলো বাদামী করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে এলে সেগুলি তুলে নিয়ে একটি ব্লেন্ডারে ঢেলে নিতে হবে তার সঙ্গে ওপর থেকে আমন্ড টুকরো এবং জল দিয়ে মিহি করে বেটে নিতে হবে। অন্যদিকে কড়াইতে সাদা তেল গরম করে ওর মধ্যে হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এবং ঢেলে দিতে হবে টমেটো বাটাটা।
  • ৬-৭ মিনিট ভালো করে টমেটো বাটাটা কষিয়ে নেওয়ার পর এবার ম্যারিনেট করে রাখা চিকেন গুলোকে ঢেলে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর সেটি অন্তত ৭ থেকে ৮ মিনিট মাঝহারী ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করতে হবে।
  • এরপর চিকেনটা একটু কষে এলে ওর মধ্যে পেঁয়াজ এবং আমন্ডের মিশ্রণটা ঢেলে দিতে হবে। এরপর আবার ৬-৭ মিনিট মাঝারি ফ্রেমে কষিয়ে নিতে হবে। সবশেষে উপর থেকে ভাজা মসলার গুঁড়ো ছড়িয়ে দিলেই তৈরি চিকেন দরবারি। গরম গরম ভাত বা পরোটা রুটির সঙ্গেও খেতে দারুণ লাগবে এই চিকেন দরবারি।
google button