ফল খেতে অনীহা? বাড়িতে এই কায়দায় বানিয়ে ফেলুন আপেল চাট, রইল রেসিপি

Published:

Apple Chat

প্রীতি পোদ্দার, কলকাতা: বর্তমানে আমাদের নিত্যদিনের লাইফস্টাইল এতটাই অস্বাস্থ্যকর হয়ে উঠেছে যে রোগ প্রতিরোধ ক্ষমতা ক্রমেই কমে যাচ্ছে। শত চেষ্টা করেও ভাজাভুজি, তেল-মশলাদার খাবার এড়ানো যাচ্ছে না। তাই সেক্ষেত্রে স্বাস্থ্যরক্ষা করতে হলে একমাত্র ভরসা হল ফল (Fruit)। তবে অনেকেই ফল খেতে পছন্দ করেন না, বিশেষ করে বাচ্চারা ফল দেখলেই মুখ কাচুমাচু করে রাখে। তাই সেক্ষেত্রে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন আপেল চাট (Apple Chat)।

উপকরণ

আপেল চাট বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলি হল – লাল আপেল, সবুজ আপেল, আদা, চাট মশলা, বিট নুন, লেবুর রস, মধু, পুদিনা পাতা, ভাজা জিরে গুঁড়ো, চিলি ফ্লেক্স।

রান্নার পদ্ধতি

চিকিৎসকদের মতে প্রতিদিন যদি কেউ একটা করে আপেল খায় তাহলে একাধিক রোগের হাত থেকে সুরক্ষিত থাকে। এই আপেলে রয়েছে ভরপুর প্রোটিন এবং ভিটামিন। বলা হয় এই আপেল খাওয়ার অভ্যাস নাকি বাঁচিয়ে দেয় ডাক্তারের খরচাও। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপেলের চাট বানানো যায়।

  • প্রথমে এক টুকরো আদা নিয়ে সেটির খোসা ছাড়িয়ে ঘষণী দিয়ে একটু গ্রেট করে নিতে হবে। এবার তার মধ্যে ১ চা চামচ চাট মশলা ও ১ চা চামচ বিট নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে।
  • এরপর ওই মিশ্রণের মধ্যে ২ চা চামচ লেবুর রস মিশিয়ে নিতে হবে। এর সঙ্গে এবার ১ চা চামচ মধু মিশিয়ে নিতে হবে। এবার সম্পূর্ণটা ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে মশলাটা ভালো করে সবকিছুর সঙ্গে মেখে যায়।

আরও পড়ুন: খুব কম সময়ে ডাবের শাঁস দিয়ে বানান সুস্বাদু কৌড়া, রইল রেসিপি

  • এবার ২ টি লাল আপেল ও ১ টি সবুজ আপেল ভালো করে ধুয়ে সেগুলি কেটে ছোট ছোট টুকরো করে নিতে হবে। সেগুলি এবার ওই মিশ্রণের মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। অন্যদিকে কয়েকটি পুদিনা পাতা ভালো করে কুচিয়ে নিয়ে ওই আপেলের মিশ্রণের মধ্যে ছড়িয়ে দিতে হবে।
  • এবার ভাজা জিরে গুঁড়ো ভালো করে একটু বেটে নিয়ে ওই মিশ্রণের মধ্যে দিয়ে দিতে হবে। সঙ্গে দিতে হবে হাফ চামচ চিলি ফ্লেক্স। সম্পূর্ণ মিশ্রণটা এবার ভালো করে হাত অথবা চামচ দিয়ে মাখিয়ে নিতে হবে। ব্যস তাহলেই তৈরি আপেল চাট।
google button