২০২৬-এ অপরা একাদশী কত তারিখে পড়ছে? দেখুন সময়সূচি, তিথিনক্ষত্র ও পালনের নিয়ম

Published:

Apara Ekadashi 2026

সৌভিক মুখার্জী, তারাপীঠ: হিন্দু ধর্মে একাদশী তিথির গুরুত্ব নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবে ২০২৬ সাল অর্থাৎ চলতি বছরে অপরা একাদশী কত তারিখে পড়ছে (Apara Ekadashi 2026)? আসলে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের এই অপরা একাদশী ভক্তদের কাছে অত্যন্ত পূর্ণদায়ক একটি তিথি। ২০২৬-এ এই ব্রতের তারিখ নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হচ্ছে বিভিন্ন রকম ধোঁয়াশা। শাস্ত্র মতে উদয়াতিথি ও শুভ মুহূর্ত বিচার করে সঠিক সময় এই প্রতিবেদনে তুলে ধরা হল।

২০২৬-এ অপরা একাদশী কত তারিখে?

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা বলছে, ২০২৬ সালের অপরা একাদশী তিথি শুরু হচ্ছে আগামী ১২ মে মঙ্গলবার দুপুর ২:৫২ মিনিটে। তবে শাস্ত্রীয় বিধান অনুযায়ী, সূর্যোদয়ের সময় থেকে উদয়া তিথির ব্রত পালন করতে হয়। সেটাকেই শ্রেষ্ঠ বলে মনে করা হয়। সেই নিয়ম অনুযায়ী ব্রত পালনের সঠিক তারিখ—১৩ মে ২০২৬ অর্থাৎ বুধবার। আর পুজোর শ্রেষ্ঠ সময় হচ্ছে ১৩ মে দুপুর ১:২৯ মিনিট পর্যন্ত। পাশাপাশি ব্রহ্ম মুহূর্ত পড়ছে ভোর ৪:৩৭ মিনিট থেকে ৫:২১ মিনিট পর্যন্ত।

তবে একাদশী ব্রত পালনের মতোই গুরুত্বপূর্ণ হলো সঠিক সময়ে পারণ। সঠিক সময়ে ব্রত ভঙ্গ না করলে একাদশীর কোনও ফল লাভ হয় না। সেই অনুযায়ী—

  • পারণের তারিখ ১৪ মে, ২০২৬ বৃহস্পতিবার।
  • শুভ সময় পড়ছে সকাল ৬:০৪ মিনিট থেকে ৮:৪১ মিনিটের মধ্যে।
  • সর্বশেষ সময় থাকছে বেলা ১১:২০ মিনিট অবধি। তাই তার আগেই পালন সেরে নিতে হবে।

কেন এই অপরা একাদশী এত গুরুত্বপূর্ণ?

আসলে অপরা শব্দের অর্থ অপার বা অসীম। শাস্ত্র মতে বিশ্বাস করা হয় যে, এই ব্রত পালন করলে ভক্তরা অসীম সুখ এবং পূণ্য লাভ করে। আর উত্তর ভারতের বেশ কিছু জায়গায় এটি অচলা একাদশী নামেও পরিচিত। এই একাদশী পালন করলে যে ফল পাওয়া যায় সেগুলি হল—

  • অজান্তে করা কোনও বড় ভুল বা মিথ্যা বলার ফলে সৃষ্ট দোষ এই ব্রত পালন করলে কেটে যায় বলেই বিশ্বাস করা হয়।
  • পুরাণ অনুযায়ী, এই একাদশী পালন করলে কার্তিক মাসের গঙ্গা স্নানা বা কেদারনাথ দর্শনের সমান ফল পাওয়া যায়।
  • এই বিশেষ দিনটিতে দান-ধ্যান করলে মোক্ষলাভ হয় এবং সংসারে সুখ শান্তি ফিরে আসে।

আরও পড়ুন: ২০২৬-এ জামাইষষ্ঠী কত তারিখে পড়ছে? দেখুন দিনক্ষণ, সময়সূচি ও আচারবিধি

অপরা একাদশীতে কী করবেন আর কী করবেন না?

যেহেতু হিন্দু ধর্মে অপরা একাদশী খুবই গুরুত্বপূর্ণ। তাই এই একাদশীর দিন কিছু জিনিস মেনে চলা অবশ্যই উচিৎ। এই দিন যে কাজগুলো করবেন সেগুলি হল—

  • সারাদিন সাত্ত্বিক আহার গ্রহণ করার চেষ্টা করুন।
  • এই বিশেষ দিনটিতে অসহায় মানুষকে জল কিংবা ফল দান করার চেষ্টা করুন।
  • মনে মনে সব সময় “ওম নমো ভগবতে বাসুদেবায়” মন্ত্রটি জপ করুন।

তবে মোটেও কিছু কাজ এই একাদশীর দিন করবেন না। প্রথমত, একাদশীর দিন চাল বা ভাত খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। তাই ভুলেও এগুলো ছুঁয়ে দেখবেন না। দ্বিতীয়ত, রাগ বা কারোর মনে কষ্ট হয় এরকম কথা বলা থেকে বিরত থাকুন। শ্রদ্ধার সঙ্গে যদি আপনি অপরা একাদশী পালন করেন, তাহলে আপনার জীবন সুখ শান্তিতে ভরে উঠবে বলেই বলছেন ধর্মগুরুরা।