গণেশ চতুর্থী ২০২৬ কত তারিখে? দেখুন তিথির দিনক্ষণ, সময়সূচি ও পূজার নিয়ম

Published:

Ganesh Chaturthi 2026

সৌভিক মুখার্জী, কলকাতা: ২০২৬ সালে গণেশ চতুর্থী কত তারিখে (Ganesh Chaturthi 2026)? আসলে হিন্দু ধর্মে গণেশকে ‘হস্তিমুণ্ড দেবতা’ হিসেবেই পূজা করা হয়। তিনি বিঘ্নহর্তা থেকে শুরু করে জ্ঞান, বিদ্যা এবং সৌভাগ্যের দেবতা হিসেবে পূজিত হন। গণেশ চতুর্থী শুধুমাত্র কোনও আচার অনুষ্ঠান নয় বরং, এটি লক্ষ লক্ষ মানুষের এবং সম্প্রদায়ের এক বিশেষ উৎসব। তবে এবছর গণেশ চতুর্থী কত তারিখে পড়ছে, সময়সূচি কী রয়েছে, কীভাবে এই তিথি পালন করবেন তা বিস্তারিত জানতে অবশ্যই প্রতিবেদনটি পড়ুন।

গণেশ চতুর্থী কেন পালন করা হয়?

হিন্দু শাস্ত্র মতে, বিঘ্নহর্তা বা বুদ্ধির দেবতা ভগবান গনেশের জন্মবার্ষিকী এবং তাঁর প্রতি সম্মান জানাতেই এই গণেশ চতুর্থী পালন করা হয়। ভাদ্র মাসের শুক্লপক্ষে চতুর্থী তিথিতে এই উৎসব প্রতিবছর উদযাপিত হয়। এমনকি ভক্তদের বিশ্বাস, এই দিন গণেশ মর্তে এসে ভক্তদের সমস্ত বাঁধা দূর করেন আর সুখ সমৃদ্ধি প্রদান করেন। পাশাপাশি পড়াশোনা বা যে কোনও শুভ কাজ শুরুর জন্য গণেশ পূজা করা হয় হিন্দু ধর্মে।

গণেশ চতুর্থী ২০২৬ দিনক্ষণ | Ganesh Chaturthi 2026 Date And Time |

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী জানতে পারা যাচ্ছে, এবছর অর্থাৎ ২০২৬ সালে গণেশ চতুর্থী পড়ছে আগামী ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এই দিনটি ২৮ ভাদ্র ১৪৩৩। আগেই বলেছি, ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে এই উৎসব পালিত হয়। সেই কারণেই এর নাম গণেশ চতুর্থী।

তবে সময়সূচি নিয়ে যদি আলোচনা করি, তাহলে চতুর্থ তিথি লাগছে ১৪ সেপ্টেম্বর সকাল ৭:০৬ মিনিটে এবং চতুর্থী তিথি শেষ হচ্ছে ১৫ সেপ্টেম্বর সকাল ৭:৪৪ মিনিটে। সেই সূত্র ধরে গণেশ চতুর্থী পালিত হবে ১৪ সেপ্টেম্বর, সোমবার।

গণেশ চতুর্থী ২০২৬ একনজরে

বিষয় তথ্য
উৎসবের নাম গনেশ চতুর্থী ২০২৬
ইংরাজি তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলা তারিখ ২৮ ভাদ্র ১৪৩৩
তিথি শুরু ১৪ সেপ্টেম্বর, সকাল ৭:০৬
তিথি শেষ ১৫ সেপ্টেম্বর, সকাল ৭:৪৪

গণেশ চতুর্থীর ইতিহাস

আসলে গণেশ চতুর্থী হল হিন্দু দেবতা গণেশের জন্ম উৎসব। ভাদ্র মাসের চতুর্থীর দিনে থেকে ১০ দিন ব্যাপী এই উৎসব পালিত হয়। মারাঠা রাজা শিবাজীর আমল থেকেই পুনেতে এই উৎসব প্রচলিত। এমনকি ১৮৯৩ সালে স্বাধীনতা সংগ্রামী লোকমান্য বাল গঙ্গাধর তিলক একে সর্বজনীন রূপ দিয়েছিলেন। তবে পৌরাণিক কাহিনী অনুযায়ী, দেবী পার্বতী স্নানের সময় পাহারা দেওয়ার জন্য নিজের গায়ের ময়লা দিয়ে গণেশকে তৈরি করেছিলেন। সেখানে শিব প্রবেশ করতে চাইলে গনেশকে বাধা দিয়েছিলেন। এরপর ক্রুদ্ধ শিব গণেশের মাথা কেটে ফেলেন। তারপর পার্বতীর শোকে কাতর সেই ব্যক্তি হাতির বাচ্চার মাথা গণেশের দেহে জুড়ে তাঁকে জীবদান করেছিলেন।

গণেশ চতুর্থীতে পূজা পদ্ধতি

গণেশ চতুর্থীর এই বিশেষ দিনটিতে সিদ্ধিদাতা গণেশকে কিছু নিয়ম মেনে পূজা করলে তিনি তুষ্ট হন এবং ভক্তদেরকে আশীর্বাদ বর্ষণ করেন। পূজার নিয়মগুলি হল—

  • গণপতি বাপ্পাকে বাড়ি নিয়ে আসার আগে গোটা বাড়ি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন।
  • পূজার স্থান ভালো করে পরিষ্কার করে ফুল বা আল্পনা দিয়ে সাজান।
  • সঠিক সময় মেনে বেদিতে গণেশ মূর্তি স্থাপন করুন।
  • পূজা শুরুর আগে হাতে জল, ফুল, চাল দিয়ে সমস্ত নিয়ম মেনেই ভক্তি সহকারে সংকল্প গ্রহণ করুন।
  • এরপর গণেশের মন্ত্র জপ করুন।
  • তারপর পঞ্চামৃত দিয়ে গণেশ মূর্তিকে স্নান করান।
  • স্নান করানোর পর ভগবান গণেশকে বস্ত্র এবং গয়না পরিয়ে সাজান।
  • তবে অবশ্যই পাঁচ রকম ফল এবং লাড্ডু নিবেদন করার চেষ্টা করুন।
  • পূজার উপকরণ হিসেবে লাল ফুল, দুর্বাঘাস, সিঁদুর নিবেদন করুন।
  • এরপর গণেশের আরতি করে সবার মধ্যে প্রসাদ বিতরণ করুন।

গণেশ চতুর্থীর দিন করুন এই কাজ

তবে শুধুমাত্র পূজা করলেই হবে না, বরং গণেশ চতুর্থীর দিন কিছু কাজ যদি করতে পারেন, তাহলে ভগবান গণেশের কৃপা সরাসরি বর্ষিত হয় এবং অর্থকষ্ট দূর হওয়ার পাশাপাশি পরিবারে সুখ শান্তি ফেরে। প্রথমত, এদিন দান করলে পুণ্যলাভ হয়। দরিদ্র মানুষদেরকে খাবার বস্ত্র দান করতে পারেন। এমনকি পশুপাখিকে খাবার খাওয়াতে পারেন। সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালিয়ে গণেশের আরতি করলে ইতিবাচক ফলাফল পাওয়া যায়। এছাড়া গনেশের ব্রত পালন করতে পারেন।

আরও পড়ুন: আজকের রাশিফল: শিব যোগে কর্মক্ষেত্রে তুমুল উন্নতি, সোনার কাঠি ছোঁবে ৪ রাশি (১৪ আগস্ট)

গণেশ পূজার মন্ত্র

গণেশ চতুর্থীর দিন গণপতি বাপ্পার পূজা করার সময় যে মন্ত্র পাঠ না করলেই নয় সেটি হল—

১) বীজ মন্ত্র: ওঁ গং গণপতয়ে নমঃ

২) প্রণাম মন্ত্র: একদন্তং মহাকায়ং লম্বোদর গজাননম। বিঘ্নবিনাশকং দেবং হেরম্বং প্রণমাম্যহম।

৩) মহাপ্রভাবশালী মন্ত্র: বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ। নির্ঘ্নিং কুরু মে দেব সর্বকার্যষু সর্বদা।