২০২৬ T20 বিশ্বকাপে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ, তদন্ত চালাচ্ছে ICC-র দুর্নীতি দমন শাখা

Published:

2026 ICC Men's T20 World Cup

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2026 টি-টোয়েন্টি বিশ্বকাপ (2026 ICC Men’s T20 World Cup) মিটে গিয়েছে বহুদিন হল। এবছরও 20 ওভারের বিশ্বকাপে জগত সভায় শ্রেষ্ঠ আসন পেয়েছে ভারত। জাতীয় দলের সেই সাফল্যের রেশ আজও কাটিয়ে উঠতে পারেননি দেশবাসী। এরই মাঝে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। জানা যাচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দুর্নীতি দমন শাখা টি-টোয়েন্টি বিশ্বকাপ 2026 এর একটি ম্যাচ নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। রিপোর্ট অনুযায়ী, বিশ্বকাপের ওই ম্যাচটি ফিক্সিংয়ের অভিযোগ তুলেছিলেন অনেকেই।

বিশ্বকাপের এই ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ রয়েছে

এবছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের 31 তম ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল নিউজিল্যান্ড এবং কানাডার মধ্যে। অভিযোগ, এই ম্যাচটিতেই ফিক্সিং করার চেষ্টা হয়েছে। তাছাড়াও ক্রিকেট কানাডার অভ্যন্তরে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ রয়েছে। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। কানাডার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিবিসি একটি তথ্যচিত্র প্রকাশ করে সে কথা জানিয়েছে। তাতে অভিযোগ করা হয়েছে, কানাডিয়ান ক্রিকেট ঘরোয়া এবং আন্তর্জাতিক উভয় পর্যায়ে ICC-র নিয়ম লঙ্ঘন করেছে।

ESPN Cricinfo-র একটি রিপোর্ট অনুযায়ী, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দুর্নীতি দমন ইউনিট কানাডিয়ান ক্রিকেটের সঙ্গে জড়িত দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু করেছে। বিশ্বকাপের নিউজিল্যান্ড বনাম কানাডার ম্যাচের কিউইদের ইনিংসের পঞ্চম ওভারে বল করছিলেন দিলপ্রীত বাজওয়া। এদিন তিনি একটি নো বল এবং লেগ সাইডের দিকে একটি ওয়াইড বল করে 15 রান দিয়েছিলেন। দিলপ্রীত বল করার আগে কানাডিয়ান পেসার জাসকারান সিং এবং ডিলন হেইলিগারও নিজেদের ওভারে প্রচুর রান দেন। এদিকে স্পিনার সাদ বিন জাফরও একটি উইকেট-মেডেন ওভার করেন। অভিযোগ রয়েছে, তাঁরা টাকা খেয়ে বেশি দান খরচ করেছিলেন!

অবশ্যই পড়ুন: এবার রাহানেকে ছাঁটাই করবে KKR! বিকল্প হতে পারেন ইনি

বলাই বাহুল্য, সম্প্রতি কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন ফিফটি এস্টেট দুর্নীতি, অপরাধ এবং ক্রিকেট শিরোনাম নিয়ে 43 মিনিটের একটি তথ্যচিত্র তৈরি করে। সেই তথ্যচিত্র তৈরির পরই তা সম্প্রচারিত হতেই শুরু হয় তদন্ত। প্রাপ্ত তথ্য অনুযায়ী, তথ্যচিত্রটিতে ক্রিকেট কানাডা বোর্ডের অভ্যন্তরীণ বিষয়, খেলোয়াড় নির্বাচনে প্রচন্ড চাপ দেওয়া এবং সন্দেহজনক ম্যাচ সম্পর্কিত কার্যকলাপের অভিযোগ আনা হয়েছিল। এরপর তদন্ত করতে গিয়ে উঠে আসে একটি পুরনো টেলিফোন রেকর্ডিং। যেখানে তৎকালীন কোচ খুররাম চোহান জানিয়েছিলেন ক্রিকেট কানাডার বোর্ডের ঊর্ধ্বতন সদস্যরা তাঁকে দলে নির্দিষ্ট কিছু খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করার জন্য প্রচন্ড চাপ দিচ্ছিল। গোটা বিষয়টি নিয়ে এখনও তদন্ত জারি রয়েছে।