কেপ ভার্দেকে হারাল আর্জেন্টিনা, প্রি কোয়ার্টারে কবে কার বিরুদ্ধে কখন খেলা মেসিদের?

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শনিবার, বেশ কষ্টই হল আর্জেন্টিনার (Argentina)। কেপ ভার্দের মতো নতুন দলকে হারাতে যথেষ্ট বেগ পেলেন লিওনেল মেসিরা। এ বছর ফুটবল বিশ্বকাপে প্রথম বারের মতো জায়গা পাওয়া দল হিসেবে কেপ ভার্দে যা খেল দেখাল, তা সত্যি প্রশংসনীয়। বিশেষ করে আর্জেন্টিনার মতো বিশ্বচ্যাম্পিয়ন দলকে যেভাবে এই 5 লক্ষ জনসংখ্যার দেশটি বারবার আটকে রেখে গোল করেছে তা দেখে মন খারাপই হবে মেসি ভক্তদের। যদিও চাপের মাঝেও কোনও মতে শেষ মুহূর্তে গোল করে জয় নিশ্চিত করেন মার্টিনেজরা। এখন প্রশ্ন, বিশ্বকাপের প্রি কোয়ার্টারে কাদের বিরুদ্ধে খেলবে আর্জেন্টিনা?

কেপ ভার্দের বিরুদ্ধে জয় খুঁজতে ঘাম ছুটে গেছে আর্জেন্টিনার

এ বছরই ফিফা ফুটবল বিশ্বকাপে প্রথমবারের মতো যোগ্যতা অর্জন করতে পেরেছিল কেপ ভার্দে। তাছাড়া উজবেকিস্তান, জর্ডানের মতো দেশেরও অভিষেক হয়েছিল এ বছরই। তবে তারা কেপ ভার্দের ধারে কাছে টিকতে পারেনি। ফুটবল বিশ্বের নতুন মুখ কেপ ভার্দে বিগত ম্যাচগুলিতে কঠিন প্রতিপক্ষকে আটকে দিয়ে এসেছে। ভাগ্য সহায় থাকলে আজও আর্জেন্টিনাকে আটকে দিতে পারতো তারা। তবে শেষ পর্যন্ত তা হয়নি।

শনিবার ম্যাচে একেবারে শুরু থেকেই দেখা গেল, আর্জেন্টিনাকে সমানে সমানে টেক্কা দিচ্ছে কেপ ভার্দে। খেলা শুরু হওয়ার 29 মিনিটের মাথায় লিওনেল মেসি প্রথম গোল করতেই কার্যত পাগল হয়ে যান কেপ ভার্দের প্লেয়াররা। গোল করার জন্য একেবারে উঠে পড়ে লাগেন তাঁরা। সেই মতোই আর্জেন্টিনার দুর্ভেদ্য রক্ষণ ভেঙে 59 মিনিটে প্রথম গোল করে কেপ। ম্যাচে সমতা ফিরলে 92 মিনিটে গিয়ে পাল্টা গোল দেয় আর্জেন্টিনা। এবার গোলটা এসেছিল মার্টিনেজের পা থেকে। দেখা গেল সেই গোলও শোধ করে ম্যাচে সমতা ফিরিয়ে আনল কেপ ভার্দে। যদিও 120 মিনিটের মাথায় আর্জেন্টিনার জয় লিখে দিল ক্রিশ্চিয়ান রোমেরোর গোল। মেসির ফ্রি কিক থেকে হেড করায় সেই বল প্রতিপক্ষ দলের প্লেয়ার ডিনির গায়ে লেগে জালে চলে যায়। তাতেই ভাগ্যক্রমে জিতে যায় আর্জেন্টিনা।

অবশ্যই পড়ুন: ২০২৮ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নিয়ে বড় ঘোষণা, বিজ্ঞপ্তি প্রকাশ পর্ষদের

প্রি কোয়ার্টারে কাদের মুখোমুখি হবে আর্জেন্টিনা?

এবারের বিশ্বকাপে একটানা লড়াই করে এসেছে আর্জেন্টিনা। বিগত ম্যাচগুলির একটিতেও হারেনি গতবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। লক্ষ্য একটাই ফের ফিফা ফুটবল বিশ্বকাপ জিতে নিজেদের ঘরে ট্রফির সংখ্যা বাড়ানো। সেই মতোই ভাগ্যক্রমে কেপ ভার্দেকে হারিয়ে, এবার কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে প্রি কোয়ার্টারে মিশরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। আগামী 7 জুলাই, ভারতীয় সময় রাত সাড়ে 9টায় গড়াবে ম্যাচ।