প্রীতি পোদ্দার, কলকাতা: আর দেরি নয়, অবশেষে নবম শ্রেণির অনলাইনে রেজিস্ট্রেশন (Madhyamik Board Registration) প্রক্রিয়া নিয়ে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। জানা গিয়েছে, আগামী ১৩ জুলাই থেকে শুরু হতে চলেছে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া যা চলবে ২৫ জুলাই পর্যন্ত। সম্পূর্ণ তথ্য বিস্তারিতভাবে জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে।
রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে বিজ্ঞপ্তি পর্ষদের
পর্ষদের তরফ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, বিজ্ঞপ্তি নং EMU/C/34 অনুযায়ী, ২০২৬ শিক্ষাবর্ষের নবম শ্রেণীর যে সকল ছাত্র ছাত্রী ২০২৮ সালে মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে চলেছে, তাদের অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হতে চলেছে আগামী ১৩ জুলাই, সোমবার থেকে। এবং এই প্রক্রিয়া শেষে হবে আগামী ২৫ জুলাই, শনিবার। আর এই রেজিস্ট্রেশনের সম্পূর্ণ প্রক্রিয়া https://wbbsedata.com-এর মাধ্যমে করা হবে। এছাড়াও ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশনের জন্য ন্যূনতম বয়স এবং অন্যান্য সংশ্লিষ্ট নির্দেশাবলি সংক্রান্ত বিজ্ঞপ্তি রেজিস্ট্রেশন পোর্টালে পাওয়া যাবে বলে স্পষ্ট জানানো হয়েছে পর্ষদের তরফে।
কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট নয়
পর্ষদের প্রকাশিত বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে, ছাত্র ছাত্রীদের জন্য অনলাইন ও অফলাইন দুই ধরনের পেমেন্ট ব্যবস্থাই চালু থাকবে। তবে কিউআর কোডের মাধ্যমে পেমেন্টের কোনো সুবিধা থাকবে না। এবং অফলাইন পেমেন্টের ক্ষেত্রে, টাকা জমা দেওয়ার পরেই আগামী সাত দিনের মধ্যে ওই পেমেন্টের রিসিপ্ট কপি বা চালান মধ্যশিক্ষা পর্ষদের সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ে অবশ্যই জমা দিতে হবে। পাশাপাশি প্রতিটি ছাত্র ছাত্রীর রেজিস্ট্রেশন ফর্মগুলির রেকর্ড সংশ্লিষ্ট বিদ্যালয়ের কাছে সংরক্ষণ করে রাখতে হবে ভবিষ্যতের জন্য।
আরও পড়ুন: সময়ে চলবে ট্রেন! যাত্রী সুবিধার্থে আরও দুটি নতুন প্ল্যাটফর্ম পাচ্ছে হাওড়া স্টেশন
এই বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, চলতি বছর গত ১৫ জুনের মধ্যে যেসব বিদ্যালয়গুলি PPR/PPS-2026 সংক্রান্ত নির্ধারিত ফি জমা দেয়নি, তারা বকেয়া অর্থ পরিশোধ না করা পর্যন্ত তাদের রেজিস্ট্রেশন পোর্টালের মাধ্যমে অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার অনুমতি দেওয়া হবে না। বাকিদের নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এর জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং শিক্ষিকাদের অনুরোধ করা হচ্ছে যেন তাঁরা যেন নির্ধারিত সময়ের মধ্যে উপরোক্ত নির্দেশাবলি মেনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে।










