বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup) নকআউট ম্যাচে ইংল্যান্ডের কাছে 2-1 ব্যবধানে হেরে বিদায় নিয়েছে ডি আর কঙ্গো। আর তার পর পরই দেশটির ফুটবল দলের কোচ ওরফে এক সময়কার তারকা ফুটবলার সেবাস্তিয়ান দেসাবের উপর নেমে এসেছে শোকের ছায়া। জানা গিয়েছে, এই ফরাসি কোচ এক সাংবাদিক সম্মেলন চলাকালীন নিজের বাবার মৃত্যুর খবর পান। টেলিভিশন সম্প্রচার চলাকালীন তড়িঘড়ি বন্ধ করা হয় সেই সাংবাদিক সম্মেলন। সেখান থেকে বেরিয়ে যান কোচ সেবাস্তিয়ান। যেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
বিশ্বকাপের মাঝেই বাবার মৃত্যু ফুটবল তারকার
সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে হারের পর ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছিলেন ডি আর কঙ্গোর কোচ সেবাস্তিয়ান দেসাবে। একেবারে শান্ত মাথায় দলের পরাজয়ের কারণ নিয়ে কথা বলছিলেন তিনি। সাংবাদিকরা প্রশ্ন করছিলেন তাঁকে। এমন সময় হঠাৎ দলের মিডিয়া অফিসার তাঁকে বাধা দেন। মাইক্রোফোন নিয়ে তিনি নিজেই জানান, “আপনাদের সবাইকে ধন্যবাদ, কিন্তু আমরা এখানে জানাতে এসেছি আমাদের প্রধান কোচ সদ্য নিজের বাবাকে হারিয়েছেন। তাঁর প্রতি আমাদের সমবেদনা রইল।”
দলের মিডিয়া অফিসারের কাছ থেকে এমন কথা শোনার পর একবারে হতবাক হয়ে যান 49 বছর বয়সী ফরাসি কোচ। চোখ থেকে জল গড়াতে থাকে তাঁর। কাঁপা কাঁপা ঠোঁটে সকলকে ধন্যবাদ জানিয়ে চেয়ার ছেড়ে উঠে যান তিনি। সেখানেই থামিয়ে দেওয়া হয় ওই সাংবাদিক সম্মেলন। সূত্রের খবর, ওই সাংবাদিক সম্মেলন ছেড়ে হোটেলে গিয়ে সেখান থেকে সোজা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন কঙ্গোর কোচ।
অবশ্যই পড়ুন: “ক্রিকেট ছেড়ে স্কুলে যাওয়া শুরু করো!” বৈভব সূর্যবংশীকে পরামর্শ প্রাক্তন তারকা ক্রিকেটারের
উল্লেখ্য, 1974 সালের পর এ বছর প্রথমবারের মতো ফিফা ফুটবল বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছিল ডি আর কঙ্গো। সেখান থেকে গোটা ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে দাপটের সাথে খেলে প্রথম জয় পায় তারা। তবে নকআউট পর্বে এসে শক্তিশালী ইংল্যান্ডের সামনে পড়তেই পরাজয় স্বীকার করতে হল আফ্রিকার এই ছোট্ট দেশটিকে।










